প্রাইমারি ও ককাস পার্থক্য কী?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে দলীয় টিকিট পেতে হলে দীর্ঘ প্রাথমিক বাছাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় মনোনয়নপ্রত্যাশীদের। এটিই ‘প্রাইমারি’ ও ‘ককাস’ নামে পরিচিত। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক ও রিপাবলিকান-সমর্থকেরা নির্ধারণ করেন কাঁরা তাঁদের দলের প্রেসিডেন্ট প্রার্থী হবেন।
প্রাইমারি হচ্ছে প্রথাগত নির্বাচন, যেখানে দিনব্যাপী গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। প্রাইমারিতে বিজয়ী প্রার্থী নিজ দলের ওই রাজ্যের প্রতিনিধিদের জাতীয় সম্মেলনে তাঁর পক্ষে ভোট দিতে নিয়ে যান।
অন্যদিকে ককাস হচ্ছে দলের নিবন্ধিত ভোটার ও কর্মীদের সভা, যা পূর্বনির্ধারিত দিন ও ক্ষণে অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থী ও তাঁদের নির্বাচনী ইস্যু নিয়ে আলাপ-আলোচনা হয়। পরে তাঁরা ভোটের আয়োজন করে একজন প্রার্থী নির্বাচন করেন। কাউন্টি পর্যায়ের সম্মেলনে ওই প্রার্থীকে সমর্থন দিতে প্রতিনিধিও নির্বাচন করা হয়। কাউন্টি সম্মেলনে অঙ্গরাজ্যের সম্মেলনের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়। আর অঙ্গরাজ্যের সম্মেলনে নির্বাচিত হন জাতীয় সম্মেলনের প্রতিনিধি।
কীভাবে বাছাইপ্রক্রিয়াটি কাজ করে? রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় জাতীয় সম্মেলনের মাধ্যমে। গ্রীষ্মকালের শেষ ভাগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে রাজ্যগুলোতে ভোটের মাধ্যমে দলীয় প্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সম্মেলনে পাঠানো হয়। দলীয় প্রতিনিধিরা সেখানে ভোট দিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করেন। অঙ্গরাজ্যের ভোটাররা শুধু প্রাইমারি বা দলীয় ককাসে তাঁদের মতামত সরাসরি দিতে পারেন।
সূত্র: এএফপি ও রয়টার্স