প্রাগৈতিহাসিক পরাবাস্তবতায়...

গ্র্যান্ড ক্যানিয়ন অব অ্যারিজোনা—প্রকৃতির এক অপার বিস্ময়ের নাম। আর আমার কাছে পাহাড়ি এক খরস্রোতা নদ ও নিঃসঙ্গ পাথুরে মরু-পর্বতের বিরহগাথার নাম। সহস্র-নিযুত বছর আগে রুক্ষ ঊষর মরু-পর্বতের বুক চিরে বয়ে গিয়েছিল এক নদ। কালক্রমে সে নদ গতিমুখ পরিবর্তন করে বয়ে চলে অন্যদিকে। একে একে স্পর্শ করে আমেরিকার সাতটি অঙ্গরাজ্যকে। কিন্তু স্মৃতি হিসেবে ঠিক রেখে যায় মরু-পর্বতের বুকে এই গভীর ক্ষতচিহ্ন। পড়ন্ত বিকেলে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের সাউথ রিমে যখন পৌঁছালাম, মনটা কেমন উদাস হয়ে গেল। পশ্চিমে হেলে পড়া সূর্য, আর কানের পাশ দিয়ে শাঁ শাঁ করে কেটে যাওয়া বাতাস যেন ইনিয়ে-বিনিয়ে এই করুণ গাঁথাই শোনাতে চাইল আমাকে।
তীক্ষ্ণ পাহাড়ি চূড়া ও খাড়া রং-বেরঙের উঁচু-নিচু ঢাল, ঢালের বিশেষ আকৃতি, আর তাতে নানা রঙের আলোর অদ্ভুত খেলা—এ যেন এক অবিশ্বাস্য মোহনীয় প্রাগৈতিহাসিক যুগের অতিপ্রাকৃতিক পৃথিবী। নিমেষেই চলে গেলাম অন্তত কয়েক হাজার বছর আগে। হারিয়ে গেলাম ভাবনার অতলে। আচ্ছা, যদি সত্যিই কখনো সময়ের ভেলায় ভেসে ওই সময়ে যেতে পারতাম, তখনো কি খুব আপন করে কাউকে পেতাম আমার পাশে! নাকি ওই ঊষর মরুকে নিঃসঙ্গ করে দিয়ে চলে যাওয়া নদের মতোই একাকিত্ব গ্রাস করে নিত আমাকে! এদিক-ওদিক চোখ ফেরাতেই দেখি, সৌম্য দর্শন এক রেড ইন্ডিয়ান অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে আছে আমারই দিকে। কল্পনা কি তবে বাস্তব হতে চলল!
তবে হাজার বছর আগে কল্পনায় নয়, সত্যিই কোনো এক রেড ইন্ডিয়ান সঙ্গী কপালে জুটলেও জুটতে পারত। ইতিহাস বলছে, হাজার হাজার বছর ধরে এই গিরিখাদ অঞ্চল ও তৎসংলগ্ন বিভিন্ন গুহায় বসবাস করে আসছে নেটিভ আমেরিকান বা রেড ইন্ডিয়ান আদিবাসীরা। প্রায় ১২ হাজার বছর আগে এখানে প্রথম মানুষের পদধূলি পড়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। অনেক আমেরিকান আদিবাসীর জীবন ও ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ক্যানিয়ন অঞ্চল। কিছু কিছু আদিবাসী জাতির জন্য তো তাদের পবিত্র তীর্থস্থান এটি।
রেড ইন্ডিয়ান আদি মানবের হাত ধরে হাজার বছর থেকে এবার পিছিয়ে গেলাম আরও কয়েক লাখ বছর। গভীর গিরিখাদের কিনারা ঘেঁষে আলতো পায়ে তার সঙ্গে সানসেট পয়েন্ট পর্যন্ত হেঁটে গেলাম প্রাগৈতিহাসিক পরাবাস্তবতায়। হঠাৎ বেশ জোরে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কেঁপে উঠলাম। ততক্ষণে পশ্চিম আকাশে সূর্য তার নিভু নিভু আলো দিয়ে রক্তিম আলপনা এঁকে দিয়েছে, আর জানান দিয়েছে আরেকটি দিনান্তের। অস্তগামী সূর্যের লাল আভা তখনো ঠিক সেভাবেই পশ্চিমের আকাশকে রাঙাত, যেভাবে আজও রাঙায়। এসব ভাবতে ভাবতে টুপ করে কখন যে সূর্যটা ডুবে গেল! সঙ্গে থাকা ননদ ও স্বামীর ডাকে সংবিৎ ফিরে পেলাম। এক লহমায় ফিরে এলাম বর্তমানে। নিশ্চুপ দৃষ্টিতে এদিক-ওদিক অনেক খুঁজেও তাকে পেলাম না আর। বিস্ময়ে অনুধাবন করলাম, সামনের এই গিরিখাদ শুধুমাত্র বিস্ময় জাগানিয়া অতিপ্রাকৃতিক ভূত্বকীয় গঠনই নয়, বরং প্রাগৈতিহাসিক যুগের পৃথিবীর এক জলজ্যান্ত ইতিহাস। এই গিরিখাদের স্তরে স্তরে প্রোথিত আছে পৃথিবীর সহস্র মিলিয়ন, এমনকি বিলিয়ন বছরের ইতিহাস। ঠিক কবে এই গিরিখাদের সৃষ্টি, তা নিয়ে ভূতত্ত্ববিদদের মধ্যে অনেক মতপার্থক্য বিদ্যমান। ধারণা করা হয়, ৫ থেকে ৬ মিলিয়ন বছর আগে কলোরাডো নদের প্রবাহ এই গিরিখাদকে খোদাই করতে শুরু করে। এরপর হাজার বছরের পরিক্রমায় তা আজকের রূপ ও আকৃতি ধারণ করেছে।
আধুনিক কিছু গবেষণায় আবার এই গিরিখাদের পশ্চিম প্রান্ত থেকে প্রাপ্ত কিছু নিদর্শন ৭০ মিলিয়ন বছরেরও বেশি পুরোনো বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি কলোরাডো নদের উৎপত্তির বহু আগেই গ্র্যান্ড ক্যানিয়নের অধিকাংশ গঠিত হয়েছে বলে কিছু গবেষক দাবি করেছেন। কলোরাডো নদের গতিপ্রবাহ কালক্রমে এই গিরিখাদকে বর্তমান আকৃতি প্রদান করেছে বলে তাঁদের বিশ্বাস।

আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমে ইউটাহ ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গভীর গিরিখাদ, যার মোট দৈর্ঘ্য কলোরাডো নদের গতিমুখ বরাবর ২৭৭ মাইল, সর্বাধিক প্রস্থ ১৮ মাইল ও সর্বাধিক উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮০০ ফুট (পয়েন্ট ইম্পিরিয়াল-নর্থ রিম)।
গ্র্যান্ড ক্যানিয়নের বেশির ভাগ অঞ্চলই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের অন্তর্গত। এ ছাড়া কাইবাব ন্যাশনাল ফরেস্ট, হুয়ালাপাই ও হাভাসুপাই ইন্ডিয়ান রিজার্ভেশনের অধীনেও আছে এর কিছু অংশ। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় অঞ্চল হচ্ছে সাউথ রিম, যা ন্যাশনাল পার্কে পড়েছে। আর নর্থ রিম পড়েছে হুয়ালাপাই ইন্ডিয়ান রিজার্ভেশনের অধীনে। সাউথ রিম সারা বছর পরিদর্শন করা গেলেও নর্থ রিমে যাওয়ার পথ প্রতিকূল আবহাওয়া ও তুষারপাতের কারণে শীতকালে বন্ধ থাকে।
এ বছর এই গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চল আমেরিকার ন্যাশনাল পার্ক সার্ভিসে অন্তর্ভুক্ত হওয়ার শততম বছর পূর্ণ করেছে। অর্থাৎ ২০১৯ সাল হচ্ছে এই পার্কের জন্য সেন্টেনিয়াল ইয়ার। তাই বছরজুড়েই এই পূর্তি উদ্যাপনের জন্য সেখানে থাকছে নানা রকম আয়োজন। সারা দুনিয়ার ক্যানিয়নপ্রেমীদের জন্য এই আয়োজনে থাকছে ক্যানিয়নের ইতিহাস, বিভিন্ন সময় ক্যানিয়ন জয়ের কাহিনি ও এই অঞ্চলে বসবাসকারী আমেরিকান আদিবাসীদের জীবনপ্রণালী, কৃষ্টি, সংস্কৃতি ও হস্তশিল্পবিষয়ক নানা অনুষ্ঠান ও কর্মশালা। তাই সময়, সুযোগ ও আগ্রহ থাকলে এখনই শ্রেষ্ঠ সময় এই অপার বিস্ময়কে নিজ চোখে দেখার।