প্রাণঘাতী ফেন্টানিল
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ৫ ফেব্রুয়ারি ফেন্টানিল গ্রুপের ১১টি ওষুধের ব্যবহারে যথেচ্ছাচার বন্ধে ৩০ দিনের বাজেট সংশোধনের ঘোষণা করেছেন। গভর্নর তাঁর এ ঘোষণায় পরবর্তী সময়ে এ ধরনের প্রাণঘাতী ওষুধের ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের জন্য নিউইয়র্কের স্টেট হেলথ কমিশনারকে সরাসরি কর্তৃত্ব প্রদান করে শিগগির একটি আইন করা হবে বলে জানিয়েছেন। নিউইয়র্ক কর্তৃপক্ষের এই ব্যবস্থা নেওয়ার ফলে ফেন্টানিল নিয়ে ঘটে যাওয়া অনভিপ্রেত কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসকেরা ফেন্টানিল গ্রুপের অনেকগুলো ওষুধ ব্যথানাশক হিসেবে ব্যবস্থাপত্রে লিখে আসছিলেন। ফেন্টানিল হেরোইন বা কোকেনের মতোই মাদকের কাজ করে বলে মেডিকেল স্টোর থেকে ফেন্টানিল বড়ি কিনে মাদক হিসেবে ব্যবহার করার ঘটনা বেড়ে গিয়েছিল। হেরোইন প্রাণঘাতী হয়ে ওঠে যেখানে ৩০ মিলিগ্রাম প্রয়োগে, সেখানে ফেন্টানিলের মাত্র ৩ মিলিগ্রামেই একজন মানুষের মৃত্যু হতে পারে। নিউইয়র্কসহ অনেক এলাকাতেই অনেক মানুষের মৃত্যুর কারণ অনুসন্ধানে জানা যায় ফেন্টানিলের ভুল ব্যবহার। সেখান থেকেই কর্তৃপক্ষের টনক নড়ে।