
সাহিত্য একাডেমি, নিউইয়র্কের মাসিক ৯৮ তম সাহিত্য আসরটি ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল। আসর শরু হয় গোলাম মোস্তফার আবৃত্তির মাধ্যমে। আবৃত্তি করেন আবীর আলমগীর, জুঁই ইসলাম ও মমতাজ সুমি।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কবি তমিজ উদদীন লোদী, কবি কাজী আতীক, ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান, কবি হুসাইন কবির, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি শামস আল মমীন, অধ্যাপিকা হুসনে আরা, লেখক আদনান সৈয়দ ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।
কবি তমিজ উদদীন লোদী বলেন, নারী, নদী, আকাশ, চাঁদ নিয়ে শুধু কবিতা নয়, কবিতা হয় দ্রোহ নিয়েও। নিরীহ কবিতা রাজানুগ্রহ লাভ করেছে যেমন তেমনি দ্রোহের কবিতা পড়েছে রাজরোষে। রাজ স্তুতির আনুকূল্যে একসময় রাজকবিও নিয়োগ হতো। তিনি এ প্রসঙ্গে টেড হিউজ ও সিলভিয়া প্লাথের কথা উল্লেখ করেন। তিনি লুইজি পিরানদেল্লো ও মুসোলিনির সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, কবিতায় দ্রোহ যখন আসে তখন রাজরোষে পড়ে নিগ্রহ এমনকি হত্যারও শিকার হয়েছেন কবিরা। সুতরাং কবিতা নিরীহ থাকল কই? তিনি ফেদেরিকো লোরকা, মলোয়সি সহ নেরুদা, নাজিম হিকমত, মাহমুদ দারবিশ, নজরুল, সুকান্ত, সুভাষ মুখোপাধ্যায় প্রমুখ কবির কথা উল্লেখ করেন। বিদ্রোহ, বিপ্লব এসেছে তাঁদের কবিতায়। তিনি হেলাল হাফিজ ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কথা উল্লেখ করে বলেন, তাঁদের কবিতায়ও বিদ্রোহ পাওয়া যায়। বিশ্বখ্যাত পাবলো নেরুদাকে বিদ্রোহের কবি হিসেবে উল্লেখ করে বলেন, যদিও তাঁর কবিতায় প্রেম, বিদ্রোহ দুটোই আছে। ব্রিটিশ ভারতে কাজী নজরুল ইসলামের কবিতার বিষয় বিদ্রোহ ছিল। তিনি বলেন, বরিস পাস্তেরনাকের ‘ডক্টর জিভাগো’ বিরুপ পরিস্থিতির কারণে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ছাপা যায়নি সেটি ছাপতে হয়েছে ইতালিয়ান ভাষায় ইতালিতে। বিদ্রোহী লেখকদের ক্ষেত্রে সমস্যা হয় এবং কখনো কখনো তা ভয়াবহ রূপ ধারণ করে। এটি হয়েছে কালে কালে। তবে বিদ্রোহ, প্রেম, অসংগতি সবই হবে কবিতার বিষয়বস্তু।
কবি কাজী আতীক তাঁর নিজের কবিতা পাঠ করার আগে বলেন, আজ যাঁদের কবিতা শুনেছি সবাই নিজের গঠন থেকে বের হতে চেয়েছেন; যা সত্যি প্রশংসনীয়। এটি নিয়মিত ও আন্তরিক চর্চার ফসল।
ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক ফজলুর রহমান বলেন, আগে সাহিত্য একাডেমি নিয়ে অনেক কিছু ভাবতাম। কত দূর যাবে? আজ অবাক বিস্ময়ে দেখছি সাহিত্য একাডেমি অনেক নিয়মানুবর্তী হয়েছে। সামনের মাস বিশেষ গুরুত্বপূর্ণ। সাহিত্য একাডেমিতে আগত শিল্প, সাহিত্যের এই লোকগুলো এই মাসে নিশ্চয়ই বিশেষ অবদান রাখবেন! প্রবাসে এই কমিউনিটির ইতিহাস যদি কোনো দিন কেউ লেখেন তাতে সাহিত্য একাডেমির নামটিও লেখা থাকবে।
অধ্যাপিকা হুসনে আরা বলেন, ‘নতুন বছরে যে সৃষ্টিকর্মের সাথে আমরা থাকি না কেন সবাই সবার মঙ্গল কামনা করব। ভালো মানুষ হওয়াটাই জরুরি।’
কবি হুসাইন কবির বলেন, অনেকের লেখার চমৎকার উত্তরণ হয়েছে। ভীষণ ভালো লাগছে। এই আয়োজনের ভেতর দিয়ে দেখা হবে বাংলা সাহিত্যের কোনো উজ্জ্বল নক্ষত্রের।
কবি শামস আল মমীন বলেন, কবিকে উপদেশ দেওয়া ঠিক না। কবি সৃজনের মানুষ। লেখা-লেখির জন্য নিজের মধ্যে উপলব্ধি তৈরি করতে হবে এবং পড়তে হবে।
সাংবাদিক নিনি ওয়াহেদ বলেন, কবি, সাহিত্যিকদের আমি প্রাণ খুলে ভালোবাসি। প্রবাস থেকে কেউ বই বের করবে আগে তা ভাবাই যেত না। এখানে কবি, সাহিত্যিকদের চোখেই পড়ত না। নিউইয়র্কে বাঙালি কবি-সাহিত্যিকদের দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমিকে ধন্যবাদ।
এ বছর যাঁদের নতুন বই প্রকাশিত হয়েছে তাঁদের সবাইকে অভিনন্দন জানিয়ে লেখক আদনান সৈয়দ বলেন, বই সাধারণত আর্থিক মূল্যে দামি কোনো পণ্য নয়। বই কিনতে কাউকে হিমশিম খেতে হয় না। বই পড়াকে অভ্যাসে পরিণত করতে হবে। লিখতে হলে পড়ার কোনো বিকল্প নেই।
বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের বলেন, সাহিত্য না জানলে সাংবাদিকতা করা যায় না। যাঁরা সংবাদের বারান্দায় ঘোরাঘুরি করেন তাঁরাও সাহিত্যিক। তিনি প্রস্তাব দেন, সাহিত্য একাডেমির কোনো অনুষ্ঠান যদি টাইম টিভি ভবনে করা হয়, তা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।
এবারের আসরে যাঁরা স্বরচিত ছড়া, কবিতা, হাইকু পাঠ করে শুনান তাঁরা হলেন, দলিলুর রহমান, বেনজির শিকদার, ইশতিয়াক রুপু, লুৎফা শাহানা, মনিজা রহমান, জেবুন্নেসা জ্যোৎস্না, শাম্মী আক্তার হ্যাপি, মিশুক সেলিম, আহমদ হোসেন বাবু, মামুন জামিল, শাহ আলম দুলাল, সবিতা দাস, মাসুম আহমাদ, আনোয়ার সেলিম, মাকসুদা আহম্মেদ, আবদুস শহীদ, কামরুন নাহার রীতা, পলি শাহীনা প্রমুখ। কবি শামসুর রহমানের ওপর কবি শহীদ কাদরীর একটি লেখা পাঠ করে শুনান কবি পত্নী নীরা কাদরী। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
আসরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারভীন সুলতানা, আবু সাঈদ রতন, শাহ জে চৌধুরী, কানু দত্ত, সেলিনা আক্তার, নিহার সিদ্দিকী, পান্না জামিল, পারভীন হোসেন, সৈয়দ ফজলুর রহমান, আল মাসুদ জীবন, মমতাজ, মনিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, রাহাত কাজী শিউলি, উম্মে কুলসুম পপি প্রমুখ।