প্রার্থী হচ্ছেন না ডি ব্লাজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ২০ সেপ্টেম্বর আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ঘোষণায় ডি ব্লাজিও বলেন, জনাকীর্ণ নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে ব্যর্থ হয়ে তিনি ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, এখনো আমার প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ের সময় আসেনি। মানুষের মধ্যে বিদ্যমান নানা ধরনের উদ্বেগ ও তাদের নানা ভাবনার সঙ্গে এ সময়ে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা নিয়েই আমি সরে দাঁড়াচ্ছি।’

এমএসএনবিসির শো ‘মর্নিং জো’-তে ডি ব্লাজিও বলেন, ‘একটি ভিডিওর মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করেছিলাম, যেখানে শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলাম। সাম্প্রতিক জরিপে তিনজন প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটর এলিজাবেথ ওয়ারেন উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। এ সব মিলেই আমি সরে দাঁড়ালাম।

হিউস্টনে গত সপ্তাহে তৃতীয় গণতান্ত্রিক বিতর্কের জন্য যোগ্যতা অর্জনে ব্যর্থ হন ডি ব্লাজিও। গত মে মাসে এ নির্বাচনী দৌড়ে নেমেছিলেন ডি ব্লাজিও। কিন্তু নিউইয়র্কে সেপ্টেম্বরের এক বিশেষ জরিপে দেখা যায়, তাঁর নিজ অঙ্গরাজ্যেই তিনি খুব কম সমর্থন পাচ্ছেন। পিছিয়ে রয়েছেন জাতীয় পর্যায়েও।

এমএসএনবিসির অনুষ্ঠানে ডি ব্লাজিও বলেন, তিনি তাঁর কোনো সহডেমোক্র্যাটকে সমর্থন করতে প্রস্তুত নয়। তবে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থীকে সমর্থন করবেন তিনি। ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া এই নেতা বলেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দল যাকেই মনোনয়ন দেবে, আমি তাঁকেই সমর্থন করব।’ এখনো নির্বাচনী দৌড়ে থাকা প্রার্থীদের সম্পর্কে বলেন, ‘আমি বলব এখানে খুব ভালো প্রার্থী রয়েছে।’

ডি ব্লাজিওকে নিয়ে জুলাইয়ের পর মোট ছয়জন প্রার্থী নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়লেন। বাদ পড়ার তালিকায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান নেতা এরিক সোয়্যালওয়েল, কলোরাডোর সাবেক গভর্নর জন হিকেনলুপার, ওয়াশিংটনের গভর্নর জে ইনসেলি, ম্যাসাচুসেটসের রিপাবলিকান নেতা শেঠ মোল্টন ও নিউইয়র্কের সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ড।

নির্বাচনী দৌড় থেকে ডি ব্লাজিও সরে দাঁড়ানোর ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্যঙ্গাত্মক টুইটার পোস্টে লেখেন, ‘ওহ না, সত্যিই বড় রাজনৈতিক খবর; সম্ভবত বছরের সবচেয়ে বড় গল্প।’ পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ডি ব্লাজিওকে নিয়ে কৌতুক করেন। ট্রাম্প বলেন, ‘তাঁর (ডি ব্লাজিও) কাছে কেবল একটি সম্পদ ছিল। জানো সেটা কী? তাঁর উচ্চতা। এ ছাড়া তাঁর কিছুই ছিল না।’

২৫ সেপ্টেম্বর সকালে পোস্ট করা এনবিসি নিউজ ওয়েবসাইটের মতামত অংশে ডি ব্লাজিও ডেমোক্র্যাটদের উদ্দেশে বলেন, ‘আমাদের অবশ্যই শেকড়ে ফিরে যেতে হবে। আমরা যদি তা না করি, তবে ২০২০ সালে অবশ্যই হেরে যাব। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প শ্রমজীবী মানুষের কাছে মিথ্যা বলেন, তবে তিনি কমপক্ষে তাদের সঙ্গে সত্যি বলার ভান করেন। এটিই তাঁর জয়ের জন্য যথেষ্ট।’