প্রিন্স ওয়ালিদ ও ট্রাম্পের টুইট যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ‘টুইট যুদ্ধে’ জড়িয়ে পড়েছেন। এতে প্রিন্স ওয়ালিদ দাবি করেন, তাঁর কারণেই দুই-দুইবার দেউলিয়াত্ব থেকে বেঁচে গেছেন ট্রাম্প। ওয়ালিদের প্রশ্ন, ‘ট্রাম্পের কি আবারও সাহায্যের দরকার?’ জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমার নয়, ওয়ালিদেরই এখন সাহায্যের দরকার।’ খবর দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার।
ফটোশপের মাধ্যমে কারসাজি করে বানানো প্রিন্স ওয়ালিদ, ওয়ালিদের এক বোন এবং যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ চ্যানেলের আলোচিত উপস্থাপক মেগান কেলির একত্রে একটি ছবি বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প টুইটারে পোস্ট করেন। ছবিতে ওয়ালিদ ও তাঁর বোনের ছবির মাঝখানে মেগান কেলির ছবি কৃত্রিমভাবে বসিয়ে দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, ‘বেশির ভাগ লোক জানেন না এঁরা হলেন ফক্স নিউজের অন্যতম মালিক—সৌদি আরবের ওয়ালিদ, তাঁর বোন ও মেগান কেলি।
এর পাল্টা জবাবে ওয়ালিদ টুইট করেন, ‘ট্রাম্প, আপনার বক্তব্যের ভিত্তি ফটোশপে কারসাজি করা ছবি? আপনাকে তো আমিই দুবার বাঁচিয়েছি। তৃতীয়বার...হতেও পারে?’
ট্রাম্পের অভিযোগ, ফক্স নিউজের উপস্থাপক মেগান কেলি এর আগে বিতর্কে তাঁকে উদ্দেশ্যমূলকভাবে বেশি বেশি আক্রমণ করেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ফক্স নিউজের আয়োজনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের যে বিতর্ক হয় তা বর্জন করেন ট্রাম্প। কেলির কারণেই তিনি তা করেন বলে মনে করা হচ্ছে।
ফক্স নিউজে এর আগে একটি খবরে বলা হয়েছিল, ১৯৯১ সালে ট্রাম্প দেনায় ডুবে দেউলিয়া হতে চলেছিলেন। ওই সময় প্রিন্স ওয়ালিদ ট্রাম্পের একটি প্রমোদতরি ২৮ কোটি ১০ লাখ ডলারে কিনে নেন। ১৯৯৫ সালে ট্রাম্প আবার ধারদেনায় ডুবে গেলে তাঁর মালিকানাধীন বড় একটি হোটেলের বেশির ভাগ শেয়ারও কিনে নেন সৌদি প্রিন্স।
এ বিষয়ে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ওয়ালিদকে পছন্দ করেন না। ওয়ালিদের সঙ্গে তাঁর কস্মিনকালেও দেখা হয়নি।
দুই ধনকুবেরের ঝগড়া শুরু হয় গত ডিসেম্বর মাসে। ট্রাম্প মুসলিমবিদ্বেষী বক্তব্য দেওয়ার পর ওয়ালিদ টুইটে বলেছিলেন, ‘ট্রাম্পের নির্বাচন করার ইচ্ছা বাদ দেওয়া উচিত।’ জবাবে ট্রাম্প টুইট বার্তায় বলেছিলেন, ‘ওয়ালিদ বাপের পয়সার জোরে মার্কিন রাজনীতিতে নাক গলাচ্ছেন।’