প্রিন্স: পাশ্চাত্য সংগীতের রাজকুমার

রাজকুমার, প্রিন্স রজার্স নেলসন রাজপুত্র ছিলেন না। ছিল না রাজ্যপাট। কোনো রাজপরিবার বা প্রাসাদে জন্ম হয়নি তাঁর। এমনকি কোনো রাজবংশের সঙ্গেও নেই তাঁর জন্মের কোনো সম্পৃক্ততা। তারপরও তিনি ছিলেন প্রিন্স।
প্রিন্স কোনো পদ বা পদবি নয়। শব্দটি তাঁর নামের প্রথম অংশ। জন্মসূত্রে পেয়েছিলেন বাবার নামের অংশ হিসাবে। সাধারণ মধ্যবিত্ত আফ্রিকান-আমেরিকান পরিবারে তাঁর জন্ম আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস সিটিতে ১৯৫৮ সালের ৭ জুন। অবশ্য প্রিন্সের দাদা ও নানার পরিবারের বাস ছিল লুইজিয়ানায়।
বাবা ‘জন লুইস নেলসন’ পরিচিত এবং বিখ্যাত ছিলেন তাঁর মঞ্চ-নাম প্রিন্স রজার্স হিসেবে। তিনি একজন গীতিকার ও খ্যাতনামা পিয়ানো বাদক ছিলেন। যে জ্যাজ দলের হয়ে বাজাতেন, সেটির নাম ছিল ‘দ্য প্রিন্স ট্রায়ো’। তিনি ১৯৯১ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তাঁর ছেলের নাম প্রিন্স রেখেছিলেন এই ভেবে যে, তাঁর নিজের সব যোগ্যতার (যেমনটি তিনি হতে চেয়েছিলেন) পূর্ণ রূপ বিকশিত হবে ছেলে প্রিন্স রজার্সের মধ্যে। প্রিন্স তাঁর বাবার স্বপ্নের অনেকটাই পূরণ করতে পেরেছিলেন। তাঁর পারিবারিক আবহটাই ছিল দারুণ। একজন প্রতিভাবান শিল্পী বাবার সঙ্গে যুক্ত হয়েছিল সংগীতশিল্পী (জ্যাজ সিংগার ম্যাটি ডেলা শ্য’) মায়ের ঐকান্তিক চেষ্টা। তাই স্কিপার নামের (শৈশবে তাঁর ডাক নাম ছিল এটি) এক খুদে বালক হয়ে উঠেছিলেন আধুনিক বিশ্বের সংগীত আকাশের ‘এক উজ্জ্বল জ্যোতিষ্ক’; এক মহাতারকা। প্রিন্স নামে যাঁর খ্যাতি দুনিয়াজোড়া বিস্তৃত।
মাত্র সাত বছর বয়সে প্রথম গান লেখেন তিনি। ওয়্যেন হাসনী-এর তত্ত্বাবধানে তাঁর প্রথম একক অ্যালবাম ‘ফর ইউ’ প্রকাশিত হওয়ার আগে তাঁর কাজিন সিস্টার শ্যনটেলের স্বামী পেপ উইলির ‘ব্যান্ড-৯৪ ঈস্ট’-এর হয়ে কয়েকটি ডেমো প্রকাশ করেন, যেগুলো তেমন সাফল্য পায়নি। ১৯৭৯ সালে অর্থাৎ পরের বছরেই তাঁর বিখ্যাত একক গানগুলো ‘হোয়াই ইউ ওয়ান্না ট্রিট মি সো ব্যাড’ ও ‘আই ওয়ান্না বি ইওর লাভার’ প্রকাশিত হওয়ার পর তাঁকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। তাঁর পরবর্তী তিনটি রেকর্ড ‘ডার্টি মাইন্ড’ (১৯৮০), ‘কন্ট্রোভার্সারি’ (১৯৮১) ও ‘১৯৯৯’ (১৯৮২) প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সাফল্যের মুকুটে একের পর এক পালক যুক্ত হতে থাকে। এই গানগুলো এর কথা, সুর, গায়কি, রক মেজাজ, সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ মিলে সংগীতপ্রেমী শ্রোতাদের সামনে ‘রক মিউজিক’-এর নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। গানগুলোর সাফল্যের হাত ধরে তরতর করে সাফল্যের চূড়ায় উঠতে থাকেন প্রিন্স।
১৯৮৪ সালে তিনি ফিরে আসেন ব্যাক আপ ব্যান্ড ‘দ্য রেভল্যুশন’-এ। প্রকাশিত হয় জগৎ বিখ্যাত অ্যালবাম ‘পারপল রেইন’। এটি একই বছরে চলচ্চিত্র পরিচালক আলবার্ট ম্যাগনোলির ‘পারপল রেইন’ নামের চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক হিসেবে ব্যবহৃত হয়। এই চলচ্চিত্রেই অভিষেক ঘটে অভিনেতা প্রিন্সের। তিনি ‘দ্য কিড’ ভূমিকায় অভিনয় করেন। প্রিন্স চলচ্চিত্র পরিচালনা করেছেন কয়েকটি। স্বনামখ্যাত একজন গীতিকার হিসেবে আশির দশকজুড়েই তিনি নানা সিনেমায় গান লিখেছেন। এ ক্ষেত্রেও তিনি ছিলেন এক অদম্য প্রতিভা।
সুবিখ্যাত ও অত্যন্ত জনপ্রিয় ‘দ্য ওয়ার্ল্ড ইন এ ডে’ (১৯৮৫) ও ‘প্যারেড’ (১৯৮৬) প্রকাশিত হওয়ার পর ‘দ্য রেভল্যুশন’ ডিজব্যান্ডেট হয়ে গেলে প্রিন্স প্রকাশ করেন তাঁর বহুল প্রশংসিত অ্যালবাম ‘সাইন ও’ দ্য টাইমস’ (১৯৮৭)। ১৯৯১ সালে গিটার বাদক মিকো ওয়েভার ও বিখ্যাত কি-বোর্ডিস্ট ড. ফিংক গোন, ব্যাজ প্লেয়ার সনি টি, কি-বোর্ডিস্ট টমি বারবারেলা প্রভৃতি সুবিখ্যাত শিল্পী ও যন্ত্রীর সমন্বয়ে গঠিত ‘নিউ পাওয়ার জেনারেশন’-এ যুক্ত হওয়ার আগে তাঁর আরও তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়। ১৯৯৩ সালে তিনি তাঁর স্টেজ নেম পরিবর্তন করে প্রতীকী চিহ্ন ব্যবহার শুরু করেন। এটি লাভ সিম্বল নামেও পরিচিত হয়ে উঠেছিল। তিনি ‘ওয়ার্নার ব্রাদার্স’-এর সঙ্গে চুক্তি ফুরায়। এই চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ১৯৯৪-৯৬ সময়ের মধ্যে তড়িঘড়ি প্রকাশ করেন পাঁচটি রেকর্ড। এর পর ‘অ্যারিস্টা রেকর্ড’-এর সঙ্গে চুক্তি সই করেন ১৯৯৮ সালে। ২০০০ সালে তিনি প্রিন্স নামে আবার ফিরে আসেন। এ সময় থেকে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর এনপিজি রেকর্ডস থেকে তাঁর পনেরোটি অ্যালবাম প্রকাশিত হয়।
প্রিন্স জগদ্বিখ্যাত সংগীত তারকা। তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। অসংখ্য শ্রোতাপ্রিয় গান সব সময় টপ চার্টের শীর্ষে স্থান করে নিয়েছে। রেকর্ড বিক্রয়ের দিক থেকে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। একজন রকস্টার হিসেবে তাঁর সাফল্য অভাবনীয়। একইভাবে সফল তিনি একজন বাদক (গিটার ছাড়াও ড্রাম, কিবোর্ড, নিন ড্রাম প্রভৃতি যন্ত্র বাজাতে পারতেন দক্ষতার সঙ্গে) হিসেবেও। গীতিকার হিসেবে তিনি ছিলেন প্রভাব বিস্তারকারী। পারপল রেইন (১৯৮৪), আন্ডার দ্য চেরি মুন ( ১৯৮৬), সাইন ও দ্য টাইমস (১৯৮৭) ও গ্রাফ্ফিতি ব্রিজ (১৯৯০) নামের চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে পারপল রেইন ছাড়া বাকি তিনটি চলচ্চিত্রের পরিচালকও তিনি নিজে।
প্রিন্স রজার্স নেলসনকে ভাগ্যের বরপুত্র বললে অত্যুক্তি হবে না। ভাগ্য ও মেধার সমন্বয়ে তিনি আরোহণ করেছেন খ্যাতির সর্বোচ্চ চূড়ায়। একদিনে নয় ১৯৭৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪০ বছরের একটানা নিরলস শ্রম, মেধা, মনন, প্রতিভা ও সংগীতের প্রতি একনিষ্ঠ ভালোবাসা তাঁকে বিশ্বব্যাপী এই মর্যাদার স্থানে অধিষ্ঠিত করেছে। এই ৪০ বছরে প্রকাশিত হয়েছে তাঁর ৩৬টি স্টুডিও অ্যালবাম। সঙ্গে রয়েছে চারটি লাইভ অ্যালবাম, একটি রিমিক্স, ছয়টি কম্পাইলেশন, তিনটি নিউ পাওয়ার জেনারেশন, একটি এনপিজি অর্কেস্ট্রা ও দুটি ম্যাডহাউজ অ্যালবাম। করেছেন তিনটি চলচ্চিত্র পরিচালনাসহ চারটি চলচ্চিত্রে অভিনয়। ছুলিতে রয়েছে দুটি টেলিভিশন শো ছাড়াও অসংখ্য ট্যুরস। অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন সাতবার। জিতেছেন গোল্ডেন গ্লোব। ২০০৪ সালে রক অ্যান্ড রোল ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন। বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। আর রোলিং স্টোন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ জন শিল্পীর তালিকায় তাঁকে ২৭ নম্বরে বসিয়ে গৌরবান্বিত করেছে। ২০১০ সালে প্রিন্সকে ‘টাইম ম্যাগাজিন’ বার্ষিক র্যাঙ্কিং-এ পৃথিবীর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০১৫ সালে ‘বিল বোর্ড’ তাঁর পারফরম্যান্সকে ‘সুপারবোউল’ পারফরম্যান্সের ইতিহাসে সবচেয়ে সফল বলে অভিহিত করে।
সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীর তালিকাভুক্ত এই শিল্পী পারিবারিক জীবনে সুখ-দুঃখের কোন পর্যায়ে কেমন ছিলেন, কোন মাপের ছিল তাঁর যাপিত জীবনের দিনপঞ্জি, বোঝা যায়নি তেমন। প্রণয়াসক্ত ছিলেন অনেক সুন্দরী তরুণীর সঙ্গেই। অনেক তারকার সঙ্গেই রোমান্টিক সম্পর্কে জড়িয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন কিম বেসিঙ্গার, ম্যাডোনা, ভ্যানিটি শিলা ই, কারমেন ইলেকট্রা, সুজানা হফস, অ্যানা ফ্যান্টাস্টিক, শেরিলিন ফেন, লুসান মুনসি অব ভ্যানিটি-৬ দ্বিতীয়, অ্যাপোলোনিয়া ৬ প্রমুখ। এ ছাড়া ২০০৮ সালে যুক্তরাজ্যের ‘কিরণ শর্মা’র সঙ্গেও তাঁর সম্পর্কের কথা জানা যায়। সুসান্নাহ্ মেলভইনের সঙ্গে সম্পর্কে যুক্ত হন ১৯৮৫ সালে। সংগীত ও নৃত্যশিল্পী ২২ বছর বয়স্কা মেইট গার্সিয়ার সঙ্গে ১৯৯৬ সালের ভ্যালেন্টাইন দিবসে পরিণয়সূত্রে আবদ্ধ হন। একই সালে বয় গ্রেগরি নামে তাঁদের একটি ছেলে হয়। জন্ম থেকেই ফেইফ্ফার সিনড্রোম রোগে আক্রান্ত শিশুটি মাত্র এক সপ্তাহের মধ্যেই মারা যায়। প্রিন্সের এই বিয়ে টেকে মাত্র তিন বছর। ২০০১ সালে প্রিন্স আবার বিয়ে করেন। এবার ম্যানুয়েলার সঙ্গে। এ সম্পর্কের স্থায়িত্ব ছিল পাঁচ বছর। এ ছাড়া ২০০৭ সালে প্রতিজ ব্রিয়া ভ্যালেন্তের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি।
ব্যক্তিজীবনের এই সব ঘটনা-দুর্ঘটনা, সম্পর্ক-সম্পর্কচ্ছেদ, টানাপোড়েন কিছুই তেমন প্রভাব ফেলেনি তাঁর সংগীত জীবনে। তিনি গান শুনিয়ে গেছেন। পৃথিবীময় নানা বর্ণাঢ্য, চাকচিক্যময় নামী সব মঞ্চে, বিখ্যাত সব তারকার সঙ্গে। একটানা ৩৮ বছর। জীবনের মধ্যগগণে থাকতেই মাত্র ৫৭ বছর বয়সে ২০১৬ সালের ২১ এপ্রিল হঠাৎ করেই পৃথিবী এ মহাতারকার মৃত্যুসংবাদ শুনল। সারা বিশ্বের মানুষ প্রচারমাধ্যমের কাছ থেকে জানতে পারে যে, পাশ্চাত্য সংগীতের যুবরাজ আর নেই।
বিদায় বটে, একেবারেই কি বিদায়? তিনি নেই, এ সত্যি। কিন্তু এও সত্যি, রয়ে গেছে তাঁর অবিস্মরণীয় সৃষ্টি। আছে তাঁর অসংখ্য কালজয়ী গান, যেগুলো থাকবে মানুষের কণ্ঠে কণ্ঠে; বুকের গহিনে ভালোবাসায়। শ্রদ্ধায়।