হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে আজ সোমবার দায়িত্ব নিচ্ছেন জেনারেল জন কেলি। যোগ দিতে না দিতেই এই সাবেক মেরিন জেনারেল কত দিন টিকতে পারবেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।
ট্রাম্পের প্রথম চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসের প্রস্থানের ফলে গত ছয় মাসে হোয়াইট হাউস থেকে চাকরি খুইয়েছেন এমন শীর্ষ কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ছয়। এই সারিতে অপেক্ষমাণ আছেন আরও তিন-চারজন, যাঁদের অন্যতম হলেন ট্রাম্পের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টার। ট্রাম্পের নতুন কমিউনিকেশনস ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি হুমকি দিয়েছেন, হোয়াইট হাউস থেকে তথ্য ফাঁস ঠেকাতে তিনি প্রেস অফিসের সবাইকে ঘাড় ধরে বের করে দেবেন। সে কথা সত্যি হলে আরও কয়েকজন কর্মকর্তার বিদায় আসন্ন। জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভ ব্যাননের বিরুদ্ধেও ট্রাম্প এখন খড়্গহস্ত।
নির্বাচনী প্রচারণার প্রথম পর্যায়ে, যখন প্রথম সারির অধিকাংশ রিপাবলিকান নেতা ট্রাম্পকে ‘হাস্যকর’ বলে বাতিল করে দিয়েছিলেন, সে সময় থেকে ট্রাম্পের পাশে ছিলেন প্রিবাস। দলের নেতাদের পরামর্শেই তাঁকে চিফ অব স্টাফ পদে মনোনয়ন দেন ট্রাম্প। কিন্তু প্রয়োজনীয় ক্ষমতা তাঁর হাতে ছিল না। চিফ অব স্টাফের সমমর্যাদায় ট্রাম্প জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে স্টিভ ব্যাননকে নিযুক্ত করেন। ফলে গোড়া থেকেই প্রিবাসের হাত ছিল বাঁধা। তা ছাড়া গত ছয় মাসে হোয়াইট হাউসে যে একের পর এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তার অধিকাংশের পেছনেই রয়েছেন ট্রাম্প ও তাঁর টুইট। এই দুটোই ছিল প্রিবাসের নিয়ন্ত্রণের বাইরে।
নিজের প্রধান সহকারী হলেও প্রিবাসকে ট্রাম্প বিন্দুমাত্র সম্মান করতেন না বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, একবার তাঁর অফিসে মাছি মারার জন্য প্রিবাসকে ডেকে পাঠিয়েছিলেন তিনি।
ট্রাম্প চেয়েছিলেন কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে তাঁর ব্যবসায়ী বন্ধু স্কারামুচিকে। প্রিবাস এই নিয়োগের বিরোধিতা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্কারামুচির নিয়োগের সঙ্গে সঙ্গে ২১ জুলাই পদত্যাগ করেন হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসার। আর এক সপ্তাহ পর বাদ গেলেন প্রিবাস।
চিফ অব স্টাফ হিসেবে প্রিবাসের অন্যতম দায়িত্ব ছিল নীতিগত প্রশ্নে প্রেসিডেন্টের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা। কিন্তু ট্রাম্প যেখানে যখন খুশি তখন টুইট করে সব প্রধান প্রশ্নের সিদ্ধান্ত ঘোষণা করেন, সেখানে খুব বেশি কিছু করার ছিল না প্রিবাসের। টুইটারের মাধ্যমে নীতিনির্ধারণের সর্বশেষ উদাহরণ ছিল সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষদের অবাঞ্ছিত ঘোষণা। অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সকেও টুইটারে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের ভেতরে বর্তমানে অবস্থার কথা উল্লেখ করে রিপাবলিকান নির্বাচনী কৌশলবিদ ম্যাক স্টেপানভিচ হোয়াইট হাউসকে ‘সাপের আখড়া’ বলে অভিহিত করেছেন। দ্য হিল পত্রিকাকে তিনি বলেন, ট্রাম্পের কারণে এ মুহূর্তে কোনো কার্যকর প্রশাসন নেই, কোনো নেতৃত্ব নেই।
এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নতুন চিফ অব স্টাফ হিসেবে হোয়াইট হাউসে যোগ দিচ্ছেন জেনারেল জন কেলি। চার তারকা এই মেরিন জেনারেল এত দিন হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে ছিলেন। কড়া নীতিবাগিশ ও নিয়মানুবর্তী কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম রয়েছে, কিন্তু ওয়াশিংটনের রাজনৈতিক আবহাওয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ পরিচয় নেই। কংগ্রেসের অভ্যন্তরীণ কলাকৌশলের সঙ্গেও তিনি সম্পূর্ণ অপরিচিত। এমন একজন লোক হোয়াইট হাউসে কিছুটা শৃঙ্খলা ফেরাতে পারলেও ট্রাম্পের অ্যাজেন্ডা এগিয়ে নিতে কার্যকর কী উদ্যোগ নেবেন, তা কারও কাছে স্পষ্ট নয়। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান জন ম্যাকলুগলিন বলেছেন, কেলির জন্য সমস্যা হলো খোদ প্রেসিডেন্ট। ট্রাম্প যদি ট্রাম্প থাকেন, তবে অবস্থা বদলাবে না।