প্রিমিয়াম সুপার মার্কেটে প্রতিদ্বন্দী মালিকের আগুন!

প্রিমিয়াম সুপার মার্কেটে আগুন দেওয়ার অভিযোগে বাংলাদেশি অভিবাসী মামুনুর খানকে গ্রেপ্তার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে প্রিমিয়ামের ওজোন পার্ক স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নগরের বিভিন্ন সংস্থা অগ্নিকাণ্ডের তদন্তে নামে।
সিসি ক্যামেরার সূত্র ধরে তদন্তে বেরিয়ে আসে ‘দেশী বাজার’ নামক প্রিমিয়ার সুপার মার্কেটের প্রতিযোগী প্রতিষ্ঠানের অংশীদার মামুনুর খান নিজেই আগুন লাগিয়েছেন। আগুন লাগিয়ে বাইরে থাকা নিজের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে তিনি পালিয়ে যান।
দীর্ঘ তদন্তের পর গত ৩১ মে এ নিয়ে ব্রুকলিন কোর্টে মামলা দায়ের করা হয়। সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের পর পরই নিউইয়র্ক ছেড়ে বাংলাদেশে পাড়ি জমান মামুনুর খান। দেশে গিয়ে তিনি তিন মাস ছিলেন। নিউইয়র্কে ফেরার পরই বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুনুর খানকে জামিন দেওয়া হয়েছে। বিচারে তার ৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ব্যবসায়িক ঈর্ষা থেকে এমন ঘটনা একজন স্বদেশি ব্যবসায়ী কীভাবে ঘটাতে পারেন—এ নিয়ে প্রবাসীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। নিউইয়র্কে প্রিমিয়ার সুপার মার্কেটের বেশ কটি শাখা রয়েছে। বেশ প্রতিযোগিতা মূল্যে তারা স্বদেশি ও বিদেশি গ্রোসারী দোকানের সঙ্গে পাল্লা দিয়ে সফলভাবে ব্যবসা করে যাচ্ছে। ওজোন পার্কের দোকানে অগ্নিকাণ্ডে তাদের প্রায় চার মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল বলে প্রতিষ্ঠানের মালিকপক্ষ থেকে দাবি করা হয়েছ।