প্রিয় অভিভাবক, একটু শুনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টকহোম ইউনিভার্সিটিতে যখন আমি গবেষণা করতে যাই, প্রথমেই বিস্মিত হই সেখানে শিক্ষার্থীদের বৈচিত্র্য দেখে। সারা দুনিয়া থেকে ছেলেমেয়েরা এসেছে পড়তে। কত ধর্মের, কত রঙের, কত জাতির। যে যার মতো পোশাক পরে চলেছে। তাদের চলনে, বসনে কত ভিন্নতা। সেসব নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। শ্বেতাঙ্গ সুন্দরী তরুণীরা চলছে আপন ঢঙে। কেউ তাদের দিকে অপলক তাকিয়ে থাকছে না।

একটি ক্যাম্পাসে এত ধর্ম, এত বর্ণের মানুষ আগে কখনো দেখিনি। আফ্রিকান কৃষ্ণাঙ্গ, ইউরোপিয়ান শ্বেতাঙ্গ, ল্যাটিন আমেরিকান ও এশিয়ান বহু শিক্ষার্থীর মিলনমেলা। সত্যিকারের অভয়াশ্রম বলতে যা বোঝায় ক্যাম্পাসটি যেন তাই। শিক্ষার্থীরা দিন-রাত লাইব্রেরিতে পড়ছে। ল্যাবরেটরিতে গবেষণা করছে। রাত ১০টা-১২টা পর্যন্ত বহু রুমে আলো জ্বলছে। গভীর রাতে মেয়েরা বাসায় ফিরছে। সামান্যতম দ্বিধা নেই, ভয় নেই। আমার ডিপার্টমেন্টেই ছিল মুসলিম, হিন্দু, ইহুদি—নানা ধর্মের গবেষক। কেউ কারও বিশ্বাস নিয়ে বাড়াবাড়ি করছে না।

এই অদ্ভুত সহনশীলতা আমাকে খুব নাড়া দেয়। আমি এর উৎস খুঁজতে শুরু করলাম। একপর্যায়ে লক্ষ করলাম, তাদের শিক্ষাব্যবস্থায় শিশুদের নানান সংস্কৃতি, ধর্ম ও মানুষ সম্পর্কে শেখানো হয়। একটি নির্দিষ্ট ধর্ম বছরের পর বছর না পড়িয়ে বিভিন্ন ধর্ম সম্পর্কে জানানো হয়। বিভিন্ন ধর্মের মধ্যে তুলনা করে শিক্ষা দেওয়া হয় না। তা ছাড়া শৈশব থেকে ওরা একটি বৈচিত্র্যময় সংস্কৃতির সমাজে বড় হয়। বিভিন্ন দেশ থেকে আসা ভিন্ন ভিন্ন ভাষাভাষীর মানুষকে দেখে বেড়ে ওঠে। পারিবারিকভাবেও সেখানের ছেলেমেয়েরা পায় উদার মানসিকতার শিক্ষা। ইউরোপ থেকে যখন আমেরিকায় আসি, তখন এই বিষয়গুলো আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানেও দেখতে পাই। বৈচিত্র্য, উদারতা ও সহনশীলতার দিক দিয়ে এই অঞ্চলের বিদ্যাপীঠগুলো অনন্য। তাই সেসব প্রতিষ্ঠানে এসে জড়ো হয় সারা দুনিয়ার মেধাবী ছেলেমেয়েরা। আর একটি দেশের বিদ্যালয়গুলোতে যেভাবে শিশু-কিশোর-যুবাদের গড়ে তোলা হয়, সে দেশের সমাজে তেমনটিই প্রতিফলিত হয়।

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অতটা বৈচিত্র্যময় নয়। আমাদের শিক্ষার ভিত অতটা শক্ত নয়। বহু ধর্মের, বহু মতের মানুষ দেখে আমরা আশৈশব বেড়ে উঠি না। আমরা বুঝতেই পারি না পৃথিবীটা অনেক বড়। এখানে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের হুবহু মিল নেই। মানব সভ্যতায় এটাই সত্য। এই অমিলের মধ্যেই সৌন্দর্য। এই অমিলের মধ্যেই মেলবন্ধন। পৃথিবীর মানুষদের ভাষা ভিন্ন। খাবারের রুচি ভিন্ন। পোশাকের ধরন ভিন্ন। বিশ্বাস, আচার, কৃষ্টি, সংস্কৃতি ভিন্ন। তাই একে অপরের প্রতি সম্মান দেখানো আবশ্যক। এই সম্মান ও শ্রদ্ধাবোধ পৃথিবীকে গড়ে তোলে শান্তিময়।

বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট থেকে চিন্তা করলে আমরা এক ভয়ংকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এখন। এমন অস্থির সময়ে প্রত্যেক সন্তানের জন্য পারিবারিক শিক্ষা জোরদার করা খুবই জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ঘর থেকেই ধর্মীয় ও অন্যান্য সহনশীলতার শিক্ষা শুরু করতে হবে। শৈশব থেকেই উদার মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করতে হবে। কারণ, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।

আপনার শিশুটিকে ধর্ম শেখান। শেখান চিত্রকলা-শিল্প-সাহিত্য-বিজ্ঞান। এগুলো মানুষের মনন গড়তে সাহায্য করে। তাকে আইনস্টাইনের গল্প শোনান। নিউটনের কথা বলুন। তাকে ভ্যান গঘ-পিকাসোর চিত্র দেখান। তাকে শেখান রবীন্দ্র-নজরুল-হাফিজের কাব্য। তার কাছে বলুন ভ্রমণকাহিনি। সাধ্যমতো নিয়ে যান বেড়াতে। পৃথিবী দেখে দেখে বেড়ে উঠুক সে। তাকে শোনান গ্যালিলিওর কথা। এই মহাকাশের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন করতে বলুন, প্লিজ।

তাহলে জাগতিক বহু বিচিত্রতা দেখে, সে হুট করে হোঁচট খাবে না। সে একদিন জানবে, এই পৃথিবীর কেউ কালো, কেউ বাদামি। কেউ মসজিদে যায়, কেউ সিনাগগে। কেউ পাতার ছবি আঁকে, কেউ নগ্ন নারীর। কেউ আব্রু দিয়ে শরীর ঢাকে, কেউ বস্ত্রহীন হয়ে ঘোরে সৈকতে। কারও বিপরীত লিঙ্গ পছন্দ, কারও সমলিঙ্গ। সে যেন তখন রাজ্যের বিস্ময় নিয়ে কুঁচকে না যায়। তার যেন মনে না হয়, নিজের শেখা আদর্শের বাইরে সবই ঘৃণ্য, সবই অন্যায়।

ড. রউফুল আলম: গবেষক, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, আমেরিকা।