
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর ব্যক্তিগত জীবনের ঘটনাবলি নিয়ে একটি বই লিখছেন। এতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পরাজয়ের প্রসঙ্গও থাকছে।
বইটি আগামী ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে। প্রকাশনা প্রতিষ্ঠান সাইমন অ্যান্ড শুস্টার জানায়, বইয়ে হিলারি নিজের কিছু প্রিয় উদ্ধৃতি ব্যবহার করে তাঁর জীবনের গল্প বলবেন।
ডেমোক্রেটিক পার্টির অভিজ্ঞ রাজনীতিক হিলারি গত ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন। পপুলার ভোট বেশি পেলেও নির্বাচনী কলেজ পদ্ধতির কারণে হেরে যান হিলারি। তিনি আসন্ন বইটি সম্পর্কে বলেছেন, ‘এসব শব্দের মধ্য দিয়েই আমি বাঁচি। এ কথাগুচ্ছ আমাকে সুসময় উদ্যাপনে সাহায্য করেছে আর জীবনের অদ্ভুত সময়গুলো নিয়ে মজা করতে শিখিয়েছে। তা ছাড়া কঠিন সময়গুলোতে অটল রেখে সামগ্রিক জীবনবোধকে গভীরতা দিয়েছে। আশা করি এই শব্দরাশি এবং সেগুলোর ব্যাপারে আমার চিন্তাভাবনা বিনিময়ের বিষয়টি পাঠকদের কাছে অর্থবহ হবে।’
এদিকে ৬৯ বছর বয়সী হিলারি আবার বক্তাদের সংগঠন হ্যারি ওয়াকার এজেন্সির সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন। তিনি ২০১৩ সালে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে এটি ছেড়েছিলেন। হিলারি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে লড়াই করতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু হ্যারি ওয়াকার এজেন্সিতে ফেরার উদ্যোগ নেওয়ায় তার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে হিলারিকে জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছে। আসন্ন আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে তিনি বক্তৃতা করবেন।