প্রিয় ট্রাম্প, সিরিয়ার শিশুদের রক্ষা করবেন প্লিজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানা আলাবেদ
বানা আলাবেদ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সাত বছর বয়সী শিশু বানা আলাবেদ এখন ‘টুইটিং গার্ল’ হিসেবে সুপরিচিত। আনন্দময় শৈশবের বদলে যুদ্ধের ভয়াবহতা দেখে বড় হচ্ছে সে। তবে সে চুপচাপ বসে নেই। যুদ্ধের ভয়াবহতার কথা টুইটারের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে সে। এবার সে চিঠি লিখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতার নেওয়ার আগে পাঠানো চিঠিটি আজ বুধবার তুলে ধরেছে বিবিসি অনলাইন। সেখানে জানানো হয়, মেয়েকে টুইট করার বিষয়ে সহায়তা করেন মা ফাতেমা। টুইটারে বানার ফলোয়ার তিন লাখেরও বেশি। মায়ের মাধ্যমেই বিবিসি মেয়ের চিঠিটি পেয়েছে। চিঠিতে বানা সিরিয়ায় তার কাটানো দিনগুলো থেকে শুরু করে বর্তমানে তুরস্কের দিনগুলোর কথা তুলে ধরেছে। ট্রাম্পকে কাতর কণ্ঠে সে অনুরোধ করেছে, সিরিয়ার জনগণ ও শিশুদের রক্ষা করতে।

বানার লেখার চিঠিটি এমন—

>

প্রিয় ডোনাল্ড ট্রাম্প,
আমার নাম বানা আলাবেদ। বয়স সাত বছর। আমি সিরিয়ার আলেপ্পোর মেয়ে।
ডিসেম্বরে পূর্ব আলেপ্পো দখলে যাওয়ার আগ পর্যন্ত আমি সেখানেই থাকতাম। সিরিয়া যুদ্ধে ভুক্তভোগী শিশুদের একজন আমি। তবে এখন আমার নতুন ঠিকানা তুরস্ক। সেখানে শান্তিতেই আছি।
আলেপ্পোতে থাকার সময় আমি বিদ্যালয়ে যেতাম। কিন্তু বোমার আঘাতে সেটা ধ্বংস হয়ে যায়। আমার কয়েক বন্ধুও মারা যায়। তাদের জন্য আমার খুব কষ্ট হয়। খুব ইচ্ছে করে সবাই মিলে আগের মতো খেলাধূলা করতে। কিন্তু আলেপ্পোতে আমি খেলতে পারতাম না। কারণ, আলেপ্পো এখন মৃত্যুর নগরী।
এখন আমি তুরস্কে আছি। আমি বাইরে যেতে পারি, আনন্দ করতে পারি। আমি চাইলে বিদ্যালয়েও যেতে পারি, যদিও আপাতত যাচ্ছি না। এ কারণে আমিসহ সবার কাছে শান্তি অনেক গুরুত্বপূর্ণ। সিরিয়ার লাখো শিশুর অবস্থা এই মুহূর্তে আমার মতো না। তারা দেশটির বিভিন্ন প্রান্তে কষ্ট ভোগ করছে। বড়দের কারণে শিশুদের এই ভোগান্তি।
আমি জানি, আপনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। আপনি কি দয়া করে সিরিয়ার শিশু ও জনগণকে রক্ষা করতে পারেন? আপনার অবশ্যই সিরিয়ার শিশুদের জন্য কিছু করতে হবে, তারা আপনার শিশুর মতো আর তারাও আপনার মতো শান্তি চায়। আপনি যদি সিরিয়ার শিশুদের জন্য কিছু করার প্রতিশ্রুতি দেন, আমি আপনার নতুন বন্ধু হব। আপনি সিরিয়ার শিশুদের জন্য কী করবেন, সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি।
ইতি
বানা আলাবেদ

তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আলেপ্পো থেকে বের হওয়ার সুযোগ পায় বানার পরিবার। এরপর তারা তুরস্কে চলে যায়। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তুরস্ক ২৭ লাখ সিরিয়ার নাগরিককে আশ্রয় দিয়েছে। প্রায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ১৫ হাজার শিশু।