প্রেসিডেনশিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড ৫ সাংবাদিকের
যুক্তরাষ্ট্রে কর্মরত পাঁচ সাংবাদিককে ইউএস প্রেসিডেনশিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পুরস্কার পাওয়া সাংবাদিকেরা হলেন—সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সময় টিভি ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, একাত্তর টিভি ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন এবং আওয়াজ বিডির সম্পাদক শাহ জে আহমেদ।
করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জও ছিল বহুমুখী। বৈরী পরিস্থিতিতে নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দেখানোর জন্য প্রবাসের খ্যাতিমান এই পাঁচ সাংবাদিককে পুরস্কার দিয়েছে নিউইয়র্কের জনপ্রিয় রেডিও চ্যানেল এফএম-৭৮৬। করোনা মহামারির কারণে ভার্চ্যুয়াল পুরষ্কার অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও ভারতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফএম-৭৮৬–এর সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ।
জাহান অরণ্যের সঞ্চালনায় মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ঘণ্টার আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে গোটা বিশ্বে করোনায় মৃত ও সংক্রমিত মানুষের প্রতি সমবেদনা জানানো হয়। সাংবাদিক রোকেয়া হায়দার পুরস্কার পাওয়া পাঁচ সাংবাদিককে অভিনন্দন জানিয়ে বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে সাংবাদিকদের তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া বুঝে, সেটা সবার জন্য পরিবেশন সহজ কাজ নয়। এই কাজটি কৃতিত্বের সঙ্গে করার জন্য তিনি পাঁচ সাংবাদিককে ধন্যবাদ জানান। সেই সঙ্গে ভবিষ্যতে পুরস্কারপ্রাপ্ত তালিকায় নারী সাংবাদিকদেরও দেখা যাবে, এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
সাংবাদিক ফরিদ হোসেন বলেন, মহান বিজয়ের দিনে প্রবাসে সাংবাদিকদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করার উদ্যোগ ভিন্নমাত্রা যুক্ত করেছে। বাংলা ভাষায় বিশ্বজুড়ে সাংবাদিকতা করছেন গণমাধ্যমকর্মীরা। এতে করে পেশার মান ও উৎকর্ষ বাড়ছে।
আয়োজক প্রতিষ্ঠান রেডিও চ্যানেল এফএম-৭৮৬–এর সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, পরিস্থিতি ভালো হলে নিউইয়র্কে বড় অনুষ্ঠান করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিজয়ী পাঁচ সাংবাদিকদের জীবনকর্ম তুলে ধরা হয়। নিজেদের অনুভূতিও প্রকাশ করেন বিজয়ীরা।