প্রেসিডেন্ট ওবামার 'পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনা' ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন মোকাবিলায় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের তরফে একটি ‘পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনা (ক্লিন পাওয়ার প্ল্যান)’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেওয়া এযাবৎকালের পদক্ষেপের মধ্যে এ ঘোষণাকে ‘বৃহত্তম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ বলে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনা সংশোধিত এ পরিকল্পনার লক্ষ্য। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাত থেকে কার্বন নিঃসরণ ৩২ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে। দেশটির নিঃসরণকৃত গ্রিনহাউস গ্যাসের বৃহত্তম উৎসই হলো এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো।
পরিকল্পনার আওতায় বায়ু, সৌরশক্তি ও অন্য নবায়নযোগ্য জ্বালানি শক্তির উৎসগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে মার্কিন জ্বালানি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিরোধীরা ওবামার এ পরিকল্পনার বিরুদ্ধে লড়াই চালানোর অঙ্গীকার করে বলেছেন, এর মাধ্যমে ওবামা ‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছেন।