প্রেসিডেন্ট ট্রাম্প একজন মহান রাষ্ট্রনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনভেনশনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সহানুভূতিশীল নেতা। তিনি একজন মহান রাষ্ট্রনায়ক। রিপাবলিকান দল জন বৈচিত্র্যের রাজনৈতিক দল। আমেরিকার জনগণের অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সংবেদনশীল নেতাই এখন প্রয়োজন। ডেমোক্র্যাটরা নির্বাচিত হলে আমেরিকা তার মূল ভাবধারা থেকে সরে যাবে। বাম নৈরাজ্যবাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী একটি সাংস্কৃতিক লড়াই শুরু করতে চান। যা আমেরিকার মৌলিক চেতনা থেকে সম্পূর্ণ ভিন্ন।

২৪ আগস্ট থেকে চার দিনব্যাপী রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে এসব কথাই প্রাধান্য পেয়েছে। নর্থ ক্যারোলাইনায় কনভেনশন ভেন্যু থাকলেও করোনাকালের বাস্তবতায় অধিকাংশ কার্যক্রম হবে ভার্চ্যুয়াল। মাত্র ৩৯৩ জন ডেলিগেটকে সশরীরে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। কনভেনশন কেন্দ্রে প্রবেশের জন্য তাঁদের কোভিড-১৯ টেস্টও করে আসতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে দলের লোকজন ভার্চ্যুয়াল এ কনভেনশনে বক্তব্য দিয়েছেন। কনভেনশনের প্রথম দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দফা উপস্থিত ছিলেন। কোভিড-১৯ মোকাবিলায় সামনের সারির স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এক দফা উপস্থিত হন। তাঁর আমলে বাইরের দেশে জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া লোকজনকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা উপস্থিত ছিলেন।

নর্থ ক্যারোলাইনায় কনভেনশন ভেন্যু থাকলেও করোনাকালের বাস্তবতায় অধিকাংশ কার্যক্রম হবে ভার্চ্যুয়াল। মাত্র ৩৯৩ জন ডেলিগেটকে সশরীরে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে
অন্য দেশে জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়ে কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

কনভেনশনের প্রথম দিনে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালির নেতৃত্বে একদল নারী বক্তার প্রাধান্য ছিল। কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কটের নেতৃত্বে আরেকদল কৃষ্ণাঙ্গ বক্তাদেরও নিয়ে আসা হয়। সিনেটর টিম স্কট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃষ্ণাঙ্গদের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, জো বাইডেন মনে করেন কৃষ্ণাঙ্গ ভোটের ওপর তাঁদের একচ্ছত্র অধিকার। এমন মনে করার কোনো সংগত কারণ নেই।

জনমত জরিপে জাতীয়ভাবে নারী ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন। কৃষ্ণাঙ্গ ও নারী বক্তাদের মাধ্যমে ট্রাম্প শিবির থেকে এদিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্য বক্তার মতোই সিনেটর টিম স্কট জো বাইডেনকে অতি উদারনৈতিক বাম ঘেঁষা প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্র সমাজতন্ত্রের পথে ধাবিত হবে।

যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ মোকাবিলায় সামনের সারির স্বাস্থ্যকর্মীদের কনভেনশনে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ছবি: রয়টার্স

কোভিড-১৯ মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্প চরম ব্যর্থ হয়েছেন বলে ডেমোক্রেট দলের সমালোচনার জবাব দেওয়া হয়েছে প্রথম দিনের কনভেনশন থেকে। এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার আমেরিকানদের মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেকাংশে দায়ী করা হয়। ডেমোক্রেট দলের কনভেনশন থেকে বলা হয়েছে, ট্রাম্প সময় মতো উদ্যোগ নিলে এ মৃত্যুর সংখ্যা কমানো যেত।

করোনার সময়ে সামনের সারির স্বাস্থ্যসেবী ওয়েস্ট ভার্জিনিয়ার নার্স অ্যামি ফোর্ড বলেছেন, ‘আমি পরিষ্কার করে কথাটি বলতে চাই, যাতে সংবাদমাধ্যম তাদের উপস্থাপনায় ভিন্নতা আনতে না পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত পদক্ষেপের কারণেই আমেরিকায় আরও হাজারো মৃত্যু ঠেকানো সম্ভব হয়েছে।’

রিপাবলিকান দলের কনভেনশনে দলটিকে একটি মিশ্র জন বৈচিত্র্যের ক্রমাগত আগ্রহের রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করার প্রয়াস ছিল। যদিও দলটিতে এখন মাত্র দুজন কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা রয়েছেন কংগ্রেসে। এর মধ্যে টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান উইল হার্ড এ বছরই অবসরে যাচ্ছেন।

মেরিল্যান্ড থেকে এবারে রিপাবলিকান দলের হয়ে নির্বাচন করছেন কৃষ্ণাঙ্গ কিম ক্ল্যাসাইক। তিনি জো বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আর কোনো মিথ্যার পেছনে ছুটছি না। আপনি এবং আপনার দল আমাদের দীর্ঘ দিন থেকে উপেক্ষাই করে আসছেন।’

আমেরিকার রাজনীতিতে কৃষ্ণাঙ্গ ভোটারদের ডেমোক্রেট দলের ভোট ব্যাংক বলে মনে করা হয়ে থাকে। জনমত জরিপে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ ভোটারদের ৯০ শতাংশের পছন্দের প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান দল মনে করে, এ ভোট ব্যাংক থেকে কিছুটা খসাতে পারলেও উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভানিয়ার মেট্রো এলাকায় ট্রাম্প ভালো করতে পারবেন। নির্বাচনে জয়ের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের এসব রাজ্যে জয় করা প্রায় অপরিহার্য।

জনমত জরিপে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ ভোটারদের ৯০ শতাংশের পছন্দের প্রার্থী জো বাইডেন
কনভেনশনের প্রথম দিনে বক্তব্য দিচ্ছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি
ছবি: রয়টার্স

ট্রাম্প প্রশাসনের সময়েই জাতিসংঘে মার্কিন দূত হিসেবে কাজ করেছেন ভারতীয় অভিবাসী পরিবারের নিকি হ্যালি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বনিবনা না হলে সঙ্গ ত্যাগও করেন। রিপাবলিকান দলের তারকা এ রাজনীতিককে ২০২৪ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও দলে আলোচনা করা হয়। নিকি হ্যালি কনভেনশনে দেওয়া তাঁর বক্তৃতায় বৈষম্য ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের বেড়ে ওঠার কথা বলেছেন।

নিকি হ্যালি বলেন, আমেরিকাকে একটি বর্ণবৈষম্যের দেশ হিসেবে বলাটা ডেমোক্রেট দলের ফ্যাশনে পরিণত হয়েছে। তবে কথাটা একদম মিথ্যা। আমেরিকা কোনো বর্ণবৈষম্যের দেশ নয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে বহির্বিশ্বে বন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়া ছয়জন যুক্তরাষ্ট্রের নাগরিক তাঁদের বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাঁদের ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান। তুরস্ক, ইরান, ভেনেজুয়েলা এবং ভারতে নানা কারণে বন্দী হওয়া এসব যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেন। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পই সবচেয়ে বেশি আমেরিকান জিম্মি দেশে ফিরিয়ে আনতে সম্ভব হয়েছেন। রিপাবলিকান দল তাদের কনভেনশনে এসব মুক্তি পাওয়া জিম্মিদের উপস্থাপন করে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক সাফল্য তুলে ধরার প্রয়াস নিয়েছে। তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন মহান সহানুভূতিশীল রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন।

আমেরিকাকে একটি বর্ণবৈষম্যের দেশ হিসেবে বলাটা ডেমোক্রেট দলের ফ্যাশনে পরিণত হয়েছে। তবে কথাটা একদম মিথ্যা। আমেরিকা কোনো বর্ণবৈষম্যের দেশ নয়
নিকি হ্যালি
কনভেনশনের প্রথম দিন বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র
ছবি: রয়টার্স

কনভেনশনের প্রথম দিন দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র বলেছেন, জীবনের অধিকাংশ সময় জো বাইডেন ওয়াশিংটনে কাটিয়েছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার সব সুযোগ তিনি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প জুনিয়র আরও বলেন, কথা বলার স্বাধীনতা যুক্তরাষ্ট্রের একটি উদারনৈতিক দিক হিসেবে দেখা হতো। এখন রিপাবলিকান দলই মুক্ত চিন্তা ও মুক্তভাবে কথা বলার ঘর হয়ে দাঁড়িয়েছে। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের মূর্তি অপসারণ করে দেশটির মর্মমূলে আঘাত হানতে চায়।

সাম্প্রতিক নাগরিক আন্দোলনে ব্যাপক লুটপাট আর সহিংসতার কথা উল্লেখ করে ট্রাম্প জুনিয়র বলেছেন, লুটপাট চলার সময় ডেমোক্রেট নিয়ন্ত্রিত নগরীর মেয়রেরা পুলিশকে দাঁড়িয়ে থাকতে বলেছেন। তিনি তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান দলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান।

রিপাবলিকান দলের কনভেনশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

রিপাবলিকান দলের কনভেনশন অনেকটাই ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকেন্দ্রিক হয়ে উঠছে। কনভেনশনের দ্বিতীয় দিনে বক্তৃতা দেবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও মেয়ে টিফানি ট্রাম্প। পরদিন উপস্থিত থাকছেন অপর মেয়ে ইভানকা ট্রাম্প।

দ্বিতীয় দিন ২৫ আগস্ট রাতে বক্তব্য দেবেন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও, সিনেটর রোনড পল, আইওয়া রাজ্যের গভর্নর কিম রেনল্ডস, ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দলের মনোনয়ন গ্রহণ করে তাঁর মূল বক্তব্য দেবেন ২৭ আগস্ট রাতে। যদিও তিনি বলে রেখেছেন, প্রতিদিনই কনভেনশনে তিনি নানাভাবে উপস্থিত থাকবেন।

রিপাবলিকান দলের কনভেনশন অনেকটাই ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকেন্দ্রিক হয়ে উঠছে। কনভেনশনের দ্বিতীয় দিনে বক্তৃতা দেবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও মেয়ে টিফানি ট্রাম্প। পরদিন উপস্থিত থাকছেন অপর মেয়ে ইভানকা ট্রাম্প