প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বাজেট কাদের জন্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কংগ্রেসের কাছে আগামী অর্থবছরের জন্য যে বাজেট পাঠিয়েছেন তার মোট পরিমাণ হচ্ছে ৪ দশমিক ০৯৪ ট্রিলিয়ন ডলার। আর তাতে আগামী এক দশকে ব্যয় হ্রাসের প্রস্তাব করা হয়েছে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। ট্রাম্পের বাজেট ডিরেক্টর মিক মালভেনি বাজেট বিষয়ে সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে, এতে করে দীর্ঘস্থায়ী শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচনা হবে। ফলে সম্পদ বাড়বে। আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দারিদ্র্য হ্রাস পাবে। কিন্তু প্রস্তাবিত বাজেটের দিকে তাকালে এর কোনোটার ব্যাপারেই আশাবাদী হওয়ার কারণ চোখে পড়ে না। বাজেটে প্রস্তাবিত ব্যয় হ্রাসের অধিকাংশই আসবে এমন সব খাত থেকে যেগুলো দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের অনেকেরই বেঁচে থাকার একমাত্র ভরসা। ফলে এই বাজেটের প্রস্তাব গৃহীত হলে দারিদ্র্য দূর করার আশা বাতুলতামাত্র। বিপরীতক্রমে প্রস্তাবিত বাজেটে যেসব কর হ্রাসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার অধিকাংশই খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যাও করা হয়নি, তাতে সবচেয়ে বেশি লাভবান হবেন ধনী নাগরিকেরাই। ব্যয় যেখানে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে তা হচ্ছে প্রতিরক্ষা খাত; প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত কোম্পানি আর তার মালিকদের জন্য এই বাজেট হচ্ছে সুসংবাদ।
আমেরিকার নিয়মানুযায়ী প্রেসিডেন্ট যে বাজেট প্রস্তাব কংগ্রেসে পাঠান তাতে কেবল এক বছরের আয় ব্যয়ের হিসাব থাকে না, থাকে আগামী এক দশকের প্রস্তাবিত আয় ব্যয়; ফলে যেকোনো ধরনের প্রস্তাবের এক দশকের প্রভাব তাতে চিহ্নিত করা হয়। স্মরণ করা দরকার যে, প্রেসিডেন্ট যে বাজেট প্রস্তাব পাঠান তা কখনই হুবহু পাস হয় না, এমনকি যখন কংগ্রেসের দুই কক্ষেই তাঁর নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে তখনো প্রেসিডেন্টের বাজেট প্রস্তাব অদল-বদল না করে পাসের ঘটনা ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও প্রেসিডেন্টের পাঠানো বাজেট গুরুত্বপূর্ণ এই কারণে যে, তাতে প্রেসিডেন্টের অ্যাজেন্ডা, দৃষ্টিভঙ্গি, দিকনির্দেশনা এবং কোন বিষয়গুলোকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন তা বোঝা যায়। সেই দিক থেকে সব সময়ই প্রেসিডেন্টের বাজেট প্রস্তাব আলোচিত হয়; যেকোনো প্রেসিডেন্টের প্রথম বছরের বাজেট আলাদা তাৎপর্য বহন করে।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রথম বাজেট সবার মনোযোগ দাবি করে আরও একটি কারণে; নির্বাচনের প্রচারাভিযানে ট্রাম্প বারবার বলেছিলেন যে তিনি দেশের সাধারণ মানুষ, যাঁরা গরিব এবং যাঁদের স্বার্থ কেউ দেখছেন না, তাঁদের স্বার্থ সংরক্ষণ করবেন। কিন্তু এখন তাঁর প্রস্তাবিত বাজেটের দিকে তাকিয়ে এ কথা বললে ভুল হবে না যে, সেগুলো ছিল নেহাতই নির্বাচনী ফাঁকা বুলি। শুধু তাই নয়, ভালো করে তাকালে এটা চোখে পড়ে যে, প্রস্তাবিত বাজেটে যেসব খাতে ব্যয় কমানো হচ্ছে সেগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এমন সব অঙ্গরাজ্য যেখানে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন।
ট্রাম্পের বাজেট কেন দরিদ্রদের জন্য অশনিসংকেত সেটা বোঝার জন্য বাজেটের যেসব খাতে ব্যয় হ্রাসের কথা বলা হয়েছে তার কয়েকটির দিকে তাকানোই যথেষ্ট। প্রস্তাবিত বাজেটে আগামী ১০ বছরে মেডিকেইড খাতে
প্রায় ৯০০ বিলিয়ন ডলার হ্রাসের কথা বলা হয়েছে; যা এখনকার হিসাবের তুলনায় সাড়ে ১৬ শতাংশ কম। এই মেডিকেইডের কারণে দেশের ৭৭ মিলিয়ন দরিদ্র মানুষ চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। ট্রাম্প প্রচারাভিযানে বলেছিলেন যে তিনি মেডিকেইড হ্রাস করবেন না। বলা হচ্ছে এর হ্রাসের এক বড় অংশই আসবে ওবামাকেয়ার বাতিলের কারণে। প্রতিনিধি সভা ওবামাকেয়ার বাতিল করে নতুন ব্যবস্থা পাস করেছে, সিনেটে তা এখনো পাস হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যে, ওবামাকেয়ার বাতিল হলে মেডিকেইডের ওপরে আরও বেশি মানুষ নির্ভরশীল হবে।

বাজেটে বরাদ্দ কমানো হবে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসটেন্স প্রোগ্রামের, সংক্ষেপে একে বলা হয় স্ন্যাপ। সাধারণ মানুষ এই কর্মসূচিকে জানেন ফুড স্ট্যাম্প বলে। সেখানে প্রায় ২৯ শতাংশ হ্রাসের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রায় ১৯৪ বিলিয়ন ডলার কম বরাদ্দ হবে। যার ফলে চাপ পড়বে দেশের ৪৩ মিলিয়নের বেশি দরিদ্র মানুষের ওপরে। অথচ অর্থনীতিবিদেরা সব সময়ই বলে এসেছেন যে সাশ্রয়ের নামে এই কর্মসূচি হ্রাসের প্রস্তাব একাধারে অমানবিক ও অর্থহীন। এমনকি কৃষিমন্ত্রী সনি পারডিউ গত বুধবারেও বলেছিলেন যে, ‘ভেঙে পড়েনি এমন কিছু আমরা ঠিক করতে চেষ্টা করি না।’ ফুড স্ট্যাম্প ব্যবস্থা যে ভেঙে পড়েনি, বরং দেশের দরিদ্র মানুষের জন্য অত্যাবশ্যকীয় সেটা সবাই জানেন। এই কর্মসূচিতে অংশ নিতে হলে দোকান ও রিটেইলারদের আবেদন করতে কোনো ফি দিতে হয় না। কিন্তু বাজেটে প্রস্তাব করা হয়েছে যে এখন থেকে প্রায় ৪ হাজার ডলার ফি দিতে হবে। ফলে অনেক দোকান আর এই কর্মসূচিতে অংশ নিতে উৎসাহী হবে না, যার অর্থ হচ্ছে দরিদ্রদের জন্য এই সুযোগ প্রাপ্তি হবে আরও কষ্টকর। ফুড স্ট্যাম্প বিষয়ে রিপাবলিকান দলের এক বড় অংশই তাদের আপত্তির কথা বলে এসেছে। ট্রাম্প এমন দাবিও করেছিলেন যে বারাক ওবামার আমলে ফুড স্ট্যাম্পের ওপরে নির্ভর মানুষের সংখ্যা বেড়েছে। কিন্তু বাস্তবে তার উল্টোই ঘটেছে, জর্জ বুশের আমলের শেষ দিকে এসে অর্থনৈতিক মন্দার কারণে এই সংখ্যা বাড়তে শুরু করে। ২০০৯ সালে ছিল ৩২ মিলিয়ন, ২০১৩ সালে তা দাঁড়ায় ৪৭ দশমিক ৬ মিলিয়নে; কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেকারত্বের হার কমার ফলে ২০১৬ সালে সেটি কমে দাঁড়ায় ৪৩ মিলিয়নে। ফুড স্ট্যাম্পের ব্যাপারে আরেকটি ভুল ধারণা প্রচলিত আছে, তা হলো এর সুবিধা পায় সংখ্যালঘুরা-বিশেষত কৃষ্ণাঙ্গরা। কিন্তু ২০১৫ অর্থবছরের হিসাবে মোট স্ট্যাম্প ফুড ব্যবহারকারীদের প্রায় ৪০ শতাংশ হচ্ছেন শ্বেতাঙ্গ পরিবার, কৃষ্ণাঙ্গ হচ্ছে ২৫ শতাংশ, হিস্পানিক হচ্ছেন ১১ শতাংশ। এশিয়ান আড়াই শতাংশ; সাড়ে ১২ শতাংশের বর্ণ পরিচয় জানা যায়নি।
‘টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিস’ বলে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে তাঁর আওতায় সন্তানসম্ভবা নারী এবং যেসব পরিবারের এক বা একাধিক সন্তান রয়েছে তাদের সাময়িক আর্থিক সাহায্য দেওয়া হয়। এর লক্ষ্য হচ্ছে চিকিৎসা বা স্বাস্থ্যসেবা ছাড়া অন্যান্য কারণে যেমন খাদ্য, বাসস্থানের জন্য সাময়িকভাবে আর্থিকভাবে সাহায্য প্রদান। ১৯৯৭ সালে এই ব্যবস্থা চালু করা হয়। এই কর্মসূচিতে ব্যয় হ্রাসের প্রস্তাব করা হয়েছে ১৩ শতাংশ-প্রায় ২২ বিলিয়ন ডলার। বেকার ভাতা বলে পরিচিত কর্মসূচিতে কমানোর প্রস্তাব করা হয়েছে ৫৩ বিলিয়ন ডলার, ১১ শতাংশের বেশি।

আমেরিকার সবচেয়ে বড় সমাজসেবামূলক খাত হচ্ছে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট; কর্মজীবী কিন্তু স্বল্প আয় করেন এবং আয়কর দেন এমন পরিবার, বিশেষ করে যাঁদের ছোট শিশু রয়েছে, তাঁরা আয়কর দেওয়ার সময় কিছু রেয়াত পান যা সাধারণত তাঁদের রিফান্ড হিসেবে দেওয়া হয়। সেই খাতে প্রায় ২৩ বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলা হয়েছে; যার অর্থ হচ্ছে এই ধরনের সুবিধা কমানো হবে।
দেশের দরিদ্র বয়স্ক এবং প্রতিবন্ধীদের সুবিধা হ্রাসের যে প্রস্তাব করা হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হবে প্রায় ৮ মিলিয়ন মানুষ, সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম নামে এই কর্মসূচিতে বরাদ্দ কমবে কুড়ি বিলিয়ন ডলার। একইভাবে সোশ্যাল সিকিউরিটি ডিজ-অ্যাবিলিটি ইনস্যুরেন্স, যার সুবিধা পায় ১০ মিলিয়ন মানুষ-থেকে কমানোর প্রস্তাব করা হয়েছে ৩১ বিলিয়ন ডলার।
বাজেটে এ ধরনের আরও প্রস্তাব আছে, যেগুলো প্রত্যক্ষভাবে সাধারণ গরিব মানুষের জন্য রীতিমতো ভয়াবহ। আপাতদৃষ্টিতে বিস্ময়কর মনে হলেও সত্য যে, ট্রাম্পের প্রস্তাবিত বাজেটের এসব দিক যদি বাস্তবায়িত হয়, তবে সেসব অঙ্গরাজ্য এবং তার গরিব মানুষই ক্ষতিগ্রস্ত হবে, যাদের সমর্থন নিয়ে ট্রাম্প হোয়াইট হাউসের বাসিন্দা হয়েছেন। সিএনএন-এর হিসাব অনুযায়ী সে ১০টি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি মানুষ ফুড স্ট্যাম্পের সুবিধা পেয়ে থাকে, তার ৭টি অঙ্গরাজ্যে বিজয়ী হয়েছিলেন ট্রাম্প; টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিস কর্মসূচির আওতায় যে ১০টি অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ফেডারেল সরকারের আর্থিক সুবিধা পায় তার ৯টি অঙ্গরাজ্যে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন বলে জানিয়েছে ট্যাক্স পলিসি সেন্টার।

প্রস্তাবিত বাজেটের আরও অন্যান্য দিকের মধ্যে আছে শিক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি-আয় ও আর্থিক চাহিদা বিবেচনা করে কলেজ শিক্ষার্থীদের জন্য ৪ হাজার ডলারের বৃত্তি দেওয়া হয়ে থাকে, যা বাতিলের কথা বলা হয়েছে। দেশের প্রধান প্রধান গবেষণা প্রতিষ্ঠান, শিল্প-সংস্কৃতিবিষয়ক সংস্থার বাজেট সম্পূর্ণভাবে বাতিল করার কথা রয়েছে বাজেটে। এর মধ্যে আছে ন্যাশনাল অ্যান্ডাউমেন্ট ফর হিউম্যানিটিজ, ইনস্টিটিউট ফর পিস, উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারস, ইস্ট ওয়েস্ট সেন্টার, করপোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং।
আশার বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত এই বাজেট পাস হবে না। কেননা, কোনো রকম পরিবর্তন ছাড়া এই বাজেট পাস হলে তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে দেশের এক-পঞ্চমাংশ মানুষের ওপর। ২০১৮ সালে প্রতিনিধি সভার নির্বাচনকে সামনে রেখে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে রিপাবলিকান দলের সদস্যদের পক্ষে তাঁদের ভোটারদের মোকাবিলা করা হবে অসম্ভব, কার্যত তা হবে আত্মঘাতী। কিন্তু প্রস্তাবিত বাজেটের যতই বদল হোক না কেন দুটি বিষয় স্পষ্ট; প্রথমত প্রেসিডেন্ট ট্রাম্প যতই গ্রামের বিস্মৃত-প্রায় দরিদ্র মানুষদের ভাগ্য বদলের প্রতিশ্রুতি দিয়ে বিজয়ী হোন না কেন সেটা তাঁর লক্ষ্য নয়; দ্বিতীয়ত এই বাজেটের যতটাই টিকে থাকুক তাই দেশের দরিদ্র ও মধ্যবিত্তের জন্য বিপদের ইঙ্গিত দিচ্ছে।