প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ রক্ষা হবে কী?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচ হবেন কি হবেন না, এমন আলাপেই চলছে আমেরিকার রাজনীতি। অস্থিরতা আর অস্বাভাবিত্ব চরমে পৌঁছালেও ক্ষমতাসীন রক্ষণশীলরা প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনো ইমপিচ করার কথা বলছে না। উদারনৈতিক মহলের পক্ষ থেকে এমন আকাঙ্ক্ষা জোরালো হলেও ক্ষমতা থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ সহজ বলে মনে করার কারণ নেই। কোনো পূর্বসূরির পথ অনুসরণ করে প্রেসিডেন্ট ট্রাম্প পদত্যাগ করে সব আলোচনার অবসান ঘটাবেন, এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কেউ তা প্রত্যাশাও করছে না।
অবশ্য প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার নথিপত্র প্রস্তুত করছেন একজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে আর অপেক্ষা করা হবে না বলেই আলামত পাওয়া যাচ্ছে। তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণ নিয়ে প্রকাশ্য প্রচারে নামবেন। আমেরিকার উদারনৈতিক মহল এ প্রত্যাশা নিয়ে বসে আছে শুরু থেকেই। গত চার মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যত বিক্ষোভ-সমাবেশ হয়েছে, আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের এত অল্প দিনের মধ্যে তা হয়নি। প্রতিদিন পালা করে টানা সমাবেশ চলছে। সপ্তাহান্তে বড় বড় নগরীতে লোকজনের জমায়েত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণের দাবি উচ্চারিত হচ্ছে প্রতিটি সভা-সমাবেশ থেকে।
ডেমোক্র্যাট দলের আইন প্রণেতা টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আল গ্রিন এরই মধ্যে একটি প্রস্তাবের মুসাবিদা শুরু করেছেন। কংগ্রেসম্যান গ্রিনের এ শ্বেতপত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপাতদৃষ্টিতে কংগ্রেসম্যান গ্রিনের সঙ্গে আর কোন কোন আইনপ্রণেতা রয়েছেন, তা প্রকাশ করা হয়নি। তবে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত আইনপ্রণেতা ম্যাক্সিন ওয়াটারসসহ বেশ কিছু প্রভাবশালী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণের ডাকে সরাসরি মাঠে নামছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এর মধ্যেই মনে করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে যা ঘটেছে, যা ঘটছে—এসব নিয়ে খালি কথা বলা আর হাহুতাশ করার সময় পার হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অভ্যন্তরীণ বিষয় থেকে বৈদেশিক ক্ষেত্রে যে বাস্তবতার সৃষ্টি করেছেন, এ নিয়ে আমেরিকানদের আর উচ্ছ্বাস প্রকাশের অবকাশ নেই। রক্ষণশীল আমেরিকানরা ট্রাম্পের বিপক্ষে এখনো প্রকাশ্য না হলেও তাঁকে দিয়ে রক্ষণশীলদের এজেন্ডা কতটা বাস্তবায়ন হবে, এ নিয়ে সন্দেহ এখন ক্রমশ জোরালো হচ্ছে।
ক্ষমতায় বসেই অভিবাসন নিয়ে কঠোর হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েকটি মুসলমান দেশ থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। বিচার বিভাগ তাঁর এসব নির্বাহী আদেশের কার্যকারিতা স্থগিত করলে প্রেসিডেন্ট ট্রাম্প বিচার বিভাগকে তুলোধুনো করতে ছাড়েননি। নির্বাচনের প্রচার থেকেই মুসলমানবিরোধী নানা বক্তব্য দিয়ে আমেরিকায় ইসলামোফোবিয়া উসকে দিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে আগেই অভিযোগ ওঠে। দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্ত করেই প্রেসিডেন্ট ট্রাম্প যেন তৃপ্তির ঢেকুর তুলতে পছন্দ করেন। সীমান্তে দেয়াল নির্মাণের কথা শুধু বলাই নয়, কাজ শুরু করার নির্দেশ দিলেন।
এর মধ্যে দেশের অর্থনৈতিক সংস্কারের কথা বলেছিলেন। কর সংস্কারের কথা বলেছিলেন। সবই এখনো ঘোষণার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কর প্রস্তাবের বিরোধিতা এসেছে তাঁর নিজের দলের পক্ষ থেকেই। তীব্র বিরোধিতার আওয়াজ তুলেও ওবামা কেয়ার বাতিল বা নিজের কোনো বিকল্প স্বাস্থ্য বিমা জনগণের কাছে উপস্থাপন করতে পারেননি। বাজেট প্রস্তাবে জনগণের কল্যাণের জন্য বহু খাত থেকে কর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমেরিকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য চালু ফুড স্ট্যাম্পের ওপর খড়্গ নেমে এসেছে। জনগণের জন্য ভর্তুকি দেওয়া স্বাস্থ্যসেবা খাতেও ফেডারেল সহযোগিতা সংকুচিত করার প্রস্তাব করেছেন। পার্ক, উদ্যান, মিউজিয়াম থেকে ফেডারেল বরাদ্দ কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
পাঁচ মাসেও নিজের প্রশাসনকে গুছিয়ে আনতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের অস্থিরতা আর নাটকীয়তা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের ‘ব্রেকিং নিউজ’ এখন প্রতিদিনের ঘটনা। হোয়াইট হাউস থেকে সব গোপন তথ্য চলে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস, সিএনএন আর ওয়াশিংটন পোস্ট এখন প্রতিদিনই হোয়াইট হাউসকেন্দ্রিক সংবাদ নিয়ে ব্যস্ত। এসব সংবাদে হোয়াইট হাউসের অস্থিরতা আর নানা সন্দেহ আর সংশয়ের কথাই খোরাক হিসেবে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ। আমেরিকার নির্বাচনে রাশিয়ার কলকাঠি নাড়ার সংবাদ নিয়ে উত্তেজনা যাচ্ছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করলেন তাঁর গোয়েন্দাপ্রধানকে। এর আগে রাশিয়ার সঙ্গে যোগসাজশের তথ্য গোপন করার কারণে প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে সরে যেতে হলো। মাইকেল ফ্লিনের ব্যাপারে তদন্ত নিয়ে এফবিআইপ্রধান জেমস কোমির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন নিয়ে তোলপাড় চলতে থাকে। পাশাপাশি এসব সংবাদকে প্রেসিডেন্ট ট্রাম্প ভুয়া সংবাদ বলে উড়িয়ে দিতে থাকেন। আমেরিকার প্রধান প্রধান সংবাদমাধ্যমকে ‘ফেক নিউজ’ বলা অব্যাহত রাখেন তিনি। সাবেক গোয়েন্দাপ্রধান জেমস কোমি গত বুধবার সিনেট ইন্টেলিজেন্স কমিটিকে দেওয়া তাঁর প্রথম দফা বক্তব্যে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কাছে আনুগত্য চেয়েছেন। সাংবিধানিক পদে দেশের গোয়েন্দাপ্রধান দেশের প্রতি, সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছেন ব্যক্তিগত আনুগত্য। এ নিয়ে আইনপ্রণেতাদের কাছে সাবেক গোয়েন্দাপ্রধানের শুনানির পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়ে কোনো মহলই নিশ্চিত নয়। গোয়েন্দাপ্রধানকে মাইকেল ফ্লিনের বিরুদ্ধে রাশিয়া সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে প্রেসিডেন্ট হস্তক্ষেপ করতে চেয়েছিলেন, এমন সংবাদ নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইনপ্রণেতারা তদন্তে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন। সাবেক গোয়েন্দাপ্রধান জেমস কোমি কথা শুনেছেন আইনপ্রণেতারা। এসব তদন্ত আর শুনানিতে এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনারের নাম চলে এসেছে। ওয়াশিংটনের পরিস্থিতি এখন দ্রুতই পাল্টাচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ষোলোকলা পূর্ণ করেছেন প্রথম বিদেশ সফরের মধ্য দিয়ে। গত মাসে সৌদি আরব দিয়ে এ সফর শুরুর আগে বলেছিলেন, বিশ্বের প্রধান তিন ধর্মের তীর্থস্থান সফর করে ঐক্য আর শান্তির কথা বলবেন। ইউরোপ ভ্রমণের মাধ্যমে আমেরিকার মিত্র শক্তির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবেন। বিশ্বের কাছে আমেরিকা গত এক শতক ধরে যে মর্যাদা পেয়ে আসছে, তা আরও বৃদ্ধি করবেন। আমেরিকা আবার বিশ্বের কাছে এক মহান দেশ হিসেবে আলোচিত হওয়ার উদ্যোগটি অন্তত নেবেন।
এসবের কিছুই হয়নি। সৌদি আরবের সঙ্গে অস্ত্র চুক্তি হয়েছে। এ সব অস্ত্র আমেরিকা বিক্রি করে অর্থ পাবে। সৌদি আরবের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরেক নতুন খেলায় ইন্ধন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে সৌদি অনুগতরা কাতারকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে। কাতারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন সংকট শুরু হবে মনে করছেন অনেকেই। সেখানে রাশিয়াও শক্তিশালী খেলোয়াড় হিসেবে অবতরণ করবে। এ সুযোগটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই হচ্ছে, এমন মনে করা হচ্ছে। আমেরিকা আবার মহান হয়ে উঠবে বা আমেরিকাই প্রথম এমন স্লোগানের সঙ্গে বাস্তবতার যে মিল নেই, তা ট্রাম্প সমর্থকরদেরও এখন দেখতে হচ্ছে।
পশ্চিমের মিত্রদের অবাক করে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জলবায়ু নিয়ে বিশ্বের স্বাক্ষরিত মতৈক্য থেকে সরে আসবেন। জলবায়ু নিয়ে জাতিসংঘসহ সারা বিশের বিবেকবান জাতিগোষ্ঠী যখন ভাবিত, তখন বিশ্বের নেতা হিসেবে পরিচিত আমেরিকার অবস্থান তাদের পশ্চিমা মিত্রদেরই হতাশ করেছে। আমেরিকা বিশ্বের জলবায়ু বিপন্নের জন্য অন্যতম দায়ী রাষ্ট্রের মধ্যে একটি। চীনের মতো দেশ জলবায়ু চুক্তি মেনে চলার মধ্য দিয়ে বিপন্ন পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্য তাদের অঙ্গীকার প্রকাশ্য করেছে। জলবায়ু সমঝোতা থেকে সরে আসার ফলে বিশ্বকে নানা বিষয়ে নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে আমেরিকার সংবাদমাধ্যমেই মন্তব্য করা হয়েছে। আমেরিকার অন্তত তিন ডজন নগরীর মেয়র জোট বেঁধে বলেছেন, জলবায়ু সম্মেলনে নেওয়া সমঝোতা এবং পরিবেশ সংরক্ষণের কার্যক্রম থেকে তারা সরে আসতে পারেন না। দেশের প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে নগরীর মেয়ররা এ সংক্রান্ত কর্মসূচি চলমান রাখার প্রতি তাদের অঙ্গীকার ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই একটি রক্ষণশীল প্রচার ছিল, তিনি যথেষ্ট রক্ষণশীল নন। জলবায়ু সম্মেলন থেকে সরে আসার আসার পর রক্ষণশীল টক শো ব্যক্তিত্ব ডেনিস প্রেজার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল নন—এ কথাটি আর বলা যাবে না।
কংগ্রেসে রিপাবলিকান দলের নেতা স্পিকার পল রাখাল গত সপ্তাহান্তে টেক্সাসের ডালাস নগরীতে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় এক সাংবাদিক চিৎকার করে জানতে চেয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি ইমপিচ করা হবে। জবাবে স্পিকার পল রায়ান বলেছেন, উদ্ভট কথা। এ নিয়ে অবশ্য কোনো বাড়তি কথা বলতে অস্বীকার করেন তিনি।
এমএসএনবিসি তাদের সংবাদ ভাষ্যে বলেছে, কংগ্রেসের স্পিকার রায়ান দ্রুততার সঙ্গেই প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্টের কথা উড়িয়ে দিলেন। এ নিয়ে তাঁর কিছুটা অপেক্ষার অবকাশ ছিল। সাবেক এফবিআইপ্রধান জেমস কোমির শুনানি, তাঁর দেওয়া তথ্য, হোয়াইট হাউসের অস্থিরতা, দেশে-বিদেশে অসন্তোষ সামাল দিয়ে ক্ষমতায় টিকে থেকে আরেকটি ইতিহাস হয়তো সৃষ্টি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর প্রতিশ্রুত কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন, এমন আশাবাদ নিয়ে তাঁর সমর্থকেরাও এখন আর উচ্চকণ্ঠ নয়।
আইনপ্রণেতাদের কাছে শুনানিতে শক্ত কিছু বেরিয়ে এলে ইমপিচমেন্ট শুরু হবে, এমন প্রত্যাশার করেন ট্রাম্পবিরোধীরা। মার্কিন সংবিধান একজন প্রেসিডেন্টকে সহজেই অপসারণের ক্ষমতা প্রদান করেনি। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনৈতিকতার জন্য প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দিতে হবে। কংগ্রেসের এমন সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব সিনেটের দুই-তৃতীয়াংশের সমর্থন পেতে হবে। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই এ সুযোগটি ডেমোক্র্যাটদের কাছে নেই। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকান দলের আধিপত্য। ফলে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে নিরাপদ মনে করছেন হয়তো-বা।
আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে ১৯৬৮ সালে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং ১৯৯৮ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে কংগ্রেসে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছিল। কংগ্রেসম্যান আল গ্রিন এমন সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণের প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছেন, যখন সমগ্র আমেরিকায় ট্রাম্পের প্রতি সমর্থনের চেয়ে তাঁর অপসারণপ্রত্যাশীর সংখ্যা বেশি। প্রভাবশালী সংবাদপত্র পলিটিকোর সর্বশেষ জরিপমতে, আমেরিকার ৪৩ শতাংশ মানুষ এখন ক্ষমতা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চায়। অপর দিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন এখন ৩৬ শতাংশে নেমে এসেছে বলে একই জরিপে দেখানো হয়েছে।
ট্রাম্পের হাতে বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমি লিখিত বিবৃতি জমা দিয়েছেন সিনেট বরাবর। সেই বিবৃতিতে ট্রাম্পের বিরুদ্ধে বিচারকাজে বাধা দান বা চাপ সৃষ্টি করার অভিযোগই আনেননি, একেবারে ঘটনার দিন তারিখ উল্লেখ করেছেন। সেই সময়ের পরিবেশ সবকিছু খোলাসা করে লিখে, বলা চলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর স্টিম রোলার চালিয়েছেন। আইনপ্রণেতারা এখন নানাভাবে প্রশ্ন করে ঘটনার আরও বিস্তারিত জানতে চাইবেন। লিখিত কথাগুলো জেমস কোমির মুখ থেকে বের হলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচারকাজে বাধা প্রধানের জন্য অভিশংসন প্রক্রিয়াটা শুরু হওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে বলেই মার্কিন গণমাধ্যম মনে করছে।
সিএনএন বলছে, এত দিন যেগুলো ছিল মাত্র অনুমানভিত্তিক আলোচনা, সেগুলেই এখন প্রামাণ্য দলিল। জেমস কোমি তাঁর ডায়েরিতে লিখে রাখা কথাগুলোকেই গুছিয়ে নোট আকারে বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে ট্রাম্প কীভাবে তাঁর নির্বাচনী টিমের সঙ্গে রাশিয়ার যোগসাজশ প্রশ্নে সবচেয়ে সন্দেহের তালিকায় থাকা ব্যক্তি, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ফ্লিনকে এফবিআই তদন্তপ্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। জবাবে কোমি কী বলেছিলেন এবং ট্রাম্প তাঁকে তাঁর এফবিআইপ্রধান পদে থাকার বিপরীতে, বিশ্বস্ততা পরীক্ষা দিতে বলেছিলেন। বিব্রত জেমস কোমি, পরে রাষ্ট্রের আইনমন্ত্রী জেফ সেশনসকে চিঠি লিখে জানিয়েছিলেন যে প্রেসিডেন্টের সঙ্গে যেন ভবিষ্যতে তাঁর আর কোনো দ্বিপক্ষীয় বৈঠক না হয়, রাষ্ট্রের ন্যায়বিচার দপ্তর বা ডিপার্টমেন্ট অব জাস্টিসের মাধ্যমে বৈঠক হলে ক্ষতি নেই।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের ফাঁদে ফেলার সবচেয়ে মোক্ষম অভিযোগ, বিচারকাজে বাধা প্রদানের নমুনা হিসেবে ডিরেক্টর কোমি যেসব তথ্য সিনেট শুনানির আগে লিখিতভাবে প্রকাশ করেছেন সেগুলো।
নাটকটি কোন দিকে জমবে, সেটাই এখন আলোচনার মূল বিষয়। তবে এই নাটক যে ট্রাম্পের ঘরে দারুণ একটি বড় আঘাত, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা, কোমির নিজস্ব স্বীকারোক্তি এখন প্রকাশ পেলেও কোমি লিখেছেন, আমি প্রেসিডেন্টের সঙ্গে মিটিং শেষ করে আমার দপ্তরে যোগ দিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রয়োজন হলো আরও একাধিক এফবিআই কর্মকর্তা সাক্ষ্য দেবেন এই বিষয়ে।
উল্লেখ্য, এফবিআইপ্রধানকে অপসারণ, রাশিয়াসংশ্লিষ্টতা আর জেনারেল ফ্লিনকে এফবিআই তদন্ত থেকে মুক্তি দিতে বলা-সংক্রান্ত গুরুতর এই অপরাধ বিষয়ে আলাদা এফবিআই তদন্ত হচ্ছে, আলাদা একটি তদন্ত কমিটি দিয়ে। সাবেক এফবিআইপ্রধান রবার্ট মুলার যেটির তদন্ত করছেন। জেমস কোমির এসব তথ্যের ভিত্তিতে একটি মাত্র বিষয় এখন গুরুত্ব পাবে। জেমস কোমিকে সঙ্গে বৈঠকে তদন্তপ্রক্রিয়া স্থগিত করতে বলার বিষয়টি সত্য কি না। সেটি প্রমাণ করার আরও কিছুটা স্তর হয়তো পার হতে হবে। কিন্তু সাক্ষ্য দেওয়ার পরেই সে বিষয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাবে সেটি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোজেনস্টাইন। তিনি বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং এখন সময়ের অপেক্ষা।