অবশেষে কঠোর ভাষায় নিন্দা জানালেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ভার্জিনিয়ার শার্লটসভিলে সহিংসতার ঘটনায় কঠোর ভাষায় নিন্দা জানালেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, এটা ‘বর্ণবাদী বদমাশদের’ কাজ।

কু ক্ল্যাক্স ক্ল্যান (কেকেকে) ও অন্যান্য বর্ণবাদী গ্রুপের সদস্যদের সঙ্গে গত শনিবার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হয়। ওই দিন এক টুইটার বার্তায় ট্রাম্প ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে এক বিবৃতিতে তিনি ‘বিভিন্ন পক্ষে’ যে ঘৃণা ও সহিংসতা দেখানো হয়েছে, তার নিন্দা করেন। কিন্তু সরাসরি বর্ণবাদীদের বিরুদ্ধে কিছু বলেননি। ট্রাম্পের এমন নমনীয় অবস্থানে নিজ রিপাবলিকান পার্টির ভেতরেই অনেক শীর্ষস্থানীয় নেতা তাঁর নিন্দা করেন।

এ অবস্থায় গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ারির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর হোয়াইট হাউস থেকে সরাসরি প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, ‘সংকীর্ণ গোঁড়ামির নামে যারা সহিংসতা ছড়িয়েছে, তারা আসলে আমেরিকার মূল্যবোধে আঘাত করেছে। বর্ণবাদ শয়তানের কাজ এবং এর নামে কেকেকেসহ শ্বেতাঙ্গ বণবার্দী যেসব গ্রুপ সহিংস কর্মকাণ্ড চালায় তারা অপরাধী, দুর্বৃত্ত।’