প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না ব্লুমবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ।

গতকাল সোমবার ব্লুমবার্গ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর নির্বাচন করার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প বা টেড ক্রুজের মতো রক্ষণশীলদের জয়লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

নিউইয়র্কের তিনবারের নির্বাচিত সাবেক এই মেয়র গত তিন মাস থেকে নেপথ্যে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। শুরুতে তাঁর প্রতি রাজনৈতিক মহলের কিছুটা আগ্রহ ছিল। কিন্তু দেশটির নির্বাচনের মাঠ দ্রুত পাল্টে গেছে। তা ছাড়া যুক্তরাষ্ট্রে তৃতীয় ধারার কোনো প্রার্থীকে নিয়ে জনগণের মধ্যেও কোনো আগ্রহ নেই।

মাঠের পরিস্থিতি যাচাই করে ব্লুমবার্গ এখন বলছেন, তিনি সচেতনভাবে ঝুঁকি নিতে পারেন না। তিন ধারার নির্বাচন হলে রিপাবলিকানদের সুবিধা হবে। কংগ্রেস ও সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের সুবিধা করে দেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে বলে উল্লেখ করেন ব্লুমবার্গ।

ধনকুবের ব্লুমবার্গ রিপাবলিকান দলের এগিয়ে থাকা মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প ও ক্রুজের সমালোচনা করেন। এবারের নির্বাচনী প্রচার-প্রচারণায় দেশকে চরম বিভক্তির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন ব্লুমবার্গ। তাঁর মতে, এটা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর।

ট্রাম্পের অভিবাসনবিরোধী মনোভাব, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা, মুসলমানদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার আহ্বান ইত্যাদি বিপজ্জনক বলে মন্তব্য ব্লুমবার্গের।

ক্রুজকে রিপাবলিকান কট্টর রক্ষণশীলদের প্রতিনিধি হিসেবেও সমালোচনা করেন ব্লুমবার্গ।

এদিকে ব্লুমবার্গ এখনই কোনো মনোনয়নপ্রত্যাশীকে সমর্থন দেননি। তাঁর বক্তব্যের ব্যাপারে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে হিলারি ক্লিনটন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, নির্বাচনে না নামার সিদ্ধান্তটি ব্লুমবার্গের নিজস্ব বিষয়। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে কিছু বলার নেই। ব্লুমবার্গের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন হিলারি।

ডেমোক্রেটিক দলের অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স বলেছেন, আমেরিকার নির্বাচনী আইন পরিবর্তনের সময় এসেছে। অর্থের জোরে যে কেউ যাতে নির্বাচন করতে না পারেন, তা আইন করে নিশ্চিত করা উচিত।