প্রেসিডেন্ট শিক্ষা পুরস্কার পেল পঞ্চতপা বল

নিউজার্সি অঙ্গরাজ্যের নর্থ ফিল্ড শহরে বসবাসরত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী পঞ্চতপা বল শিক্ষার ক্ষেত্রে সাফল্যের জন্য আমেরিকার ‘প্রেসিডেন্ট শিক্ষা পুরস্কার’ পেয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত সনদ তার হাতে এসেছে।
নর্থ ফিল্ডে বসবাসরত কাঞ্চন বল ও জয়শ্রী দের ছোট মেয়ে শিশুকাল থেকেই পড়ালেখায় বেশ মেধাবী। বাবা-মায়ের সঙ্গে দুই বছর বয়সে সে আমেরিকায় আসে। নর্থ ফিল্ড কমিউনিটি মিডল স্কুল থেকে অষ্টম গ্রেড উত্তীর্ণ পঞ্চতপা পড়ালেখার পাশাপাশি সংগীতেও বেশ পারদর্শী। পঞ্চতপা বন্ধুবৎসল, সদালাপী। অবসরে সে বই পড়ে, কমিউনিটি সার্ভিসে অংশ নেয়, সংগীত চর্চা করে। পঞ্চতপা ন্যাশনাল জুনিয়র অনার সোসাইটির একজন সদস্য। এ ছাড়া স্কুল ফুটবল দলের একজন কৃতী খেলোয়াড় হিসেবে সে সুনাম কুড়িয়েছে।
আগামী সেপ্টেম্বরে পঞ্চতপা বল আটলান্টিক কাউন্টির অন্যতম সেরা স্কুল মেনল্যান্ড রিজিওনাল হাইস্কুলে নবম গ্রেডের ক্লাস শুরু করবে। ভবিষ্যতে সে ডাক্তার হয়ে জনসেবা করতে চায়। তার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রামের রাউজানে। পঞ্চতপা বলের সাফল্যের পেছনে বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকার আন্তরিক সহযোগিতা বেশ বড় ভূমিকা রেখেছে। ভবিষ্যৎ সাফল্যের জন্য সে সবার আশীর্বাদ চায়।