প্রেসিডেন্ট হলে কংগ্রেস সদস্যদের মেয়াদ বেঁধে দেব: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে কংগ্রেস সদস্যদের জন্য মেয়াদ বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন রিপাবলিকান-দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটনকে দুর্নীতিমুক্ত করতেই এ ধরনের সীমা আরোপ করবেন তিনি।
কলোরাডোর গ্র্যান্ড জাংশনে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা দুই বছরের মেয়াদে যতবার খুশি নির্বাচিত হতে পারেন। আর উচ্চকক্ষ সিনেটের সদস্যরা পারেন ছয় বছর মেয়াদে যতবার খুশি নির্বাচিত হতে।
রিপাবলিকান এই প্রার্থী বলেন, তিনি মার্কিন সংবিধান সংশোধনের পদক্ষেপও নেবেন। বলেন, ‘প্রতিনিধি পরিষদের সদস্যদের জন্য ছয় বছর ও সিনেট সদস্যদের জন্য ১২ বছর নির্দিষ্ট করা হবে।’ তিনি আরও বলেন, ‘গোপন আঁতাতের অবশ্যই অবসান ঘটাতে হবে। আর ওয়াশিংটন থেকে দুর্নীতি তাড়ানোর এখনই সময়।’
সরকারে ‘নৈতিক সংস্কার’ আনতে ট্রাম্প গত সোমবার একটি পাঁচ দফা পরিকল্পনার কথাও জানান। ট্রাম্প বলেন, রাজনীতির নেতৃস্থানীয় পদে বহিরাগত লোকজন জায়গা করে নিচ্ছেন। তাঁর দাবি, ডেমোক্র্যাট-দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তাঁদেরই প্রতিনিধিত্ব করছেন।
হিলারি ক্লিনটনের সঙ্গে হতে যাওয়া তৃতীয় ও চূড়ান্ত দফা বিতর্কের আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। এ চেষ্টারই অংশ হিসেবে ধনকুবের এই প্রেসিডেন্ট প্রার্থী এমন প্রতিশ্রুতি ও তপ্ত কথা শোনালেন।
সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প তাঁর বর্ণবাদী মনোভাব স্পষ্ট করে তাঁর কথায় নির্বাচনে ‘সম্ভাব্য জালিয়াতির বিরুদ্ধে’ আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ‘জালিয়াতি’ ঠেকাতে নির্বাচনের দিন নিজ সমর্থকদের যে শহরগুলোতে বড় সংখ্যায় আফ্রিকান-আমেরিকান ভোটারদের উপস্থিতি রয়েছে, সেসব স্থানে ‘নজর’ রাখার আহ্বান জানান তিনি।
ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘তাঁরা এমনকি ভোটকেন্দ্রগুলোতে জালিয়াতির আশ্রয় নিতে চান। তাই সেন্ট লুইসের দিকে নজর রাখবেন, নজর রাখবেন ফিলাডেলফিয়ায়। শিকাগোতেও রাখবেন। নজর রাখবেন। নজর রাখবেন।’
শিকাগো থেকে উঠে আসা আফ্রিকান-আমেরিকান নাগরিক ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এক মন্তব্যের কয়েক ঘণ্টা পর এসব কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। ওবামা তাঁর মন্তব্যে বলেছিলেন, মার্কিন গণতান্ত্রিক ঐতিহ্য ভূলুণ্ঠিত হচ্ছে বলে ট্রাম্পের করা দাবি ভিত্তিহীন। তাঁর সমালোচনা করে তিনি বলেন, ‘আমি জীবনে কখনোবা আধুনিক রাজনীতির ইতিহাসে দেখিনি, কোনো প্রেসিডেন্ট প্রার্থী ভোট গ্রহণের আগে নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে সম্মানহানির চেষ্টা করেছেন।’
ওবামা আরও বলেন, ‘আমি ট্রাম্পকে বলব ভোটের আগেই অভিযোগের সুর ছড়ানো বন্ধ করতে। বরং তিনি যেন ভোট কাড়ার দিকেই নজর দেন।’
এদিকে গত মঙ্গলবার ট্রাম্পের সর্বশেষ একনিষ্ঠ সমর্থকদের একজন বলে পরিচিত নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি নির্বাচনে সম্ভাব্য জালিয়াতির বিষয়ে ট্রাম্পের অভিযোগের পক্ষ অবলম্বন করা থেকে নিজেকে সরিয়ে ফেলেন। বলেন, ‘আমি বিশ্বাস করি, এই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে। আর এমন প্রক্রিয়ায় এ নির্বাচন হবে, যা মার্কিন জনগণ গ্রহণ করবে।’
ভোটকেন্দ্রে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ তোলা ছাড়াও ট্রাম্প তাঁর বিরুদ্ধে কয়েকজন নারীর যৌন হয়রানির অভিযোগ নিয়ে খবর প্রকাশ করে গণমাধ্যম হিলারির সঙ্গে আঁতাত করছে বলেও অভিযোগ করেন। সমর্থকদের ওই সমাবেশে তিনি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, এই গণমাধ্যম হিলারি ক্লিনটনের প্রচারণা কার্যক্রমের সম্প্রসারিত একটি অংশ। তাই ভুয়া কাহিনি লিখে তারা জনসাধারণের মাথা নষ্ট করছে। আমি মনে করি, হিলারির চেয়েও এসব গণমাধ্যম বেশি কুটিল।’