প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব!
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা যাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ের ইনডিপেনডেন্ট কাউন্সেল (স্বাধীন কৌঁসুলি) কেনেথ ডব্লিউ স্টারের দেওয়া এক পুরোনো স্মারকে এমন অভিমত ব্যক্ত করা হয়েছে। প্রায় দুই দশক পুরোনো ওই স্মারকের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন কংগ্রেসসহ দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এ তদন্তে এরই মধ্যে উঠে এসেছে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের নাম। এ অবস্থায় খোদ প্রেসিডেন্টকেই অভিযোগের আওতায় আনা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এ প্রশ্ন একটি সাংবিধানিক ধাঁধা হয়ে থাকলেও, কেনেথ স্টারের ওই গোপন স্মারক এর একটি উত্তর সামনে এনেছে। ওই স্মারকে বলা হয়েছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টকেও আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা যাবে।
প্রায় দুই দশক ধরে ৫৬ পৃষ্ঠার ওই স্মারক মার্কিন জাতীয় আর্কাইভে সংরক্ষিত ছিল। সম্প্রতি তথ্য অধিকার আইনের আওতায় আবেদনের পরিপ্রেক্ষিতে নথিটি নিউইয়র্ক টাইমস–এর হাতে আসে। এতে দেখা যায়, ‘ক্ষমতাসীন প্রেসিডেন্ট দায়মুক্তি ভোগ করবেন’—সরকারি প্রণোদনায় প্রচারিত এমন ব্যাখ্যা আদতে সত্য নয়। বরং বিপরীতটিই সত্য। অর্থাৎ অন্য সবার মতো ক্ষমতাসীন প্রেসিডেন্টকেও বিচারের আওতায় আনা যাবে।
কেনেথ স্টারের নেতৃত্বাধীন ওই তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়, ‘প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে পড়ে না, বরং এর বিপরীতে যায়, এমন কোনো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলে ফেডারেল গ্র্যান্ড জুরি ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারে। এটি সংবিধান ও আইনগতভাবে সিদ্ধ। এ দেশে কোনো ব্যক্তিই, এমনকি প্রেসিডেন্ট ক্লিনটনও আইনের ঊর্ধ্বে নন।’
স্মারকের তথ্যমতে, গ্র্যান্ড জুরির কাছে প্রেসিডেন্ট ক্লিনটনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য অনুরোধ করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে বলে সে সময় জানিয়েছিলেন কেনেথ স্টারের সহকারীরা। ১৯৯৮ সালে পরিচালিত ওই তদন্তের পর স্মারকটি লেখার দায়িত্ব দেওয়া হয় সাংবিধানিক আইন ও নীতি বিষয়ের রক্ষণশীল অধ্যাপক রোনাল্ড রোটুন্ডাকে।
সে সময় কেনেথের অধীনে থাকা অন্য কৌঁসুলিরা ক্লিনটনের বিরুদ্ধে একটি খসড়া অভিযোগ তৈরিতে কাজ করেন। মার্কিন জাতীয় আর্কাইভে রক্ষিত এ নথিও চেয়েছিল নিউইয়র্ক টাইমস। কিন্তু গ্র্যান্ড জুরি গোপনীয়তা নীতির আওতায় থাকায় এ আবেদনে সাড়া দেয়নি জাতীয় আর্কাইভ কর্তৃপক্ষ।
১৯৭৪ সালে ওয়াটারগেট বিশেষ কৌঁসুলি লিওন জ্যাওয়ারস্কিকেও তাঁর সহকারীরা একই ধরনের একটি স্মারক দিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ওয়াটারগেট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড এম নিক্সনকে লিওন জ্যাওয়ারস্কি অভিযুক্ত করতে পারেন। অবশ্য দুটি ঘটনার কোনোটিতেই শেষ পর্যন্ত ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। বরং বিষয়টি কংগ্রেসের অভিশংসন ক্ষমতার ওপর ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কেনেথ স্টার বলেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠনের এখতিয়ার থাকলেও সবচেয়ে বিচক্ষণ ও যথাযথ পন্থা হচ্ছে সম্ভাব্য অভিশংসন প্রক্রিয়ার জন্য বিষয়টি কংগ্রেসের ওপর ছেড়ে দেওয়া।
গত বছর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে রুশ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করছেন বিশেষ কৌঁসুলি রবার্ট এস মুয়েলার (তৃতীয়)। প্রেসিডেন্ট ট্রাম্প এ-বিষয়ক বিচার–প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন কি না, তা–ও এ তদন্তের আওতাভুক্ত। এ তদন্ত কার্যক্রমে প্রেসিডেন্ট দায়মুক্তি পাবেন বলে অনেকে ব্যাখ্যা উপস্থাপন করলেও কেনেথ স্টারের প্রতিবেদন ভিন্ন তথ্য উপস্থাপন করে।
সংবিধান কিংবা ফেডারেল সংবিধিতে এমন কোনো ভিত্তি নেই, যার দ্বারা ক্ষমতাসীন প্রেসিডেন্ট বিচার–প্রক্রিয়া থেকে দায়মুক্তি পেতে পারেন। এমন কোনো রক্ষাকবচের বিষয়ে আদালতেরও কোনো নির্দেশনা নেই। কিন্তু ট্রাম্প সমর্থকেরা এ ক্ষেত্রে ভিন্ন কথা বলছেন। ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দায়মুক্তি দিতে তাঁরা সংবিধানের কিছু ‘মূলনীতিকে’ সামনে হাজির করছেন। তাঁরা এ জন্য ১৯৭৩ সালের সেপ্টেম্বরে তৎকালীন বিচার বিভাগের লিগ্যাল কাউন্সেল কার্যালয়ের প্রধান রবার্ট জি ডিক্সনের ব্যাখ্যাকে হাজির করেন। ডিক্সনের ভাষ্যমতে, অভিযুক্ত ও বিচারের মুখোমুখি হওয়ার শঙ্কা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পাশাপাশি ‘সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাহী বিভাগের সামনেও একটি বাধার’ সৃষ্টি করে এটি। এ বিতর্ক সুশাসনের প্রায়োগিকতাকেই প্রশ্নবিদ্ধ করে।
একই বছরের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রধান আইনজীবী রবার্ট এইচ ব্রুক একইভাবে যুক্তি উপস্থাপন করেন। আদালতে উপস্থাপিত বক্তব্যে ব্রুক বলেন, সংবিধান ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত হওয়া বা বিচারের মুখোমুখি হওয়া থেকে সুরক্ষা দেয়। আর এ বক্তব্যটিই ২০০০ সালে ক্লিনটনের প্রধান আইনি পরামর্শক র্যান্ডলফ মস পুনঃ উপস্থাপন করেন।
দায়মুক্তি প্রশ্নে কেনেথ স্টার কার্যালয়ের অবস্থান
কেনেথ স্টারের স্মারকের রচয়িতা রোনাল্ড রোটুন্ডা এ বিষয়ে বলেন, ‘সংবিধানের “মত ও বিতর্ক” (স্পিচ অ্যান্ড ডিবেট) আইনের আওতায় কিছু বিশেষ ক্ষেত্রে আইনপ্রণেতারা সীমিত পরিসরের সুরক্ষা পেয়ে থাকেন। এর বাইরে প্রেসিডেন্টের জন্য বিশেষ কোনো সুরক্ষাব্যবস্থা যদি আমাদের সংবিধান চাইত, তাহলে তা সম্পর্কিত একটি আইন নিশ্চয় সেখানে থাকত।’
ওই স্মারকে তিনি আরও লেখেন, সংবিধানের ২৫তম সংশোধনীতে দায়িত্ব পালনের অসমর্থতার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের সাময়িক প্রতিস্থাপনকে সিদ্ধ করা হয়েছে। বিচারাধীন কোনো প্রেসিডেন্টের কারণে নির্বাহী বিভাগ যাতে সমস্যার সম্মুখীন না হয়, সে জন্যই এ বিধি রাখা হয়েছে।
অধ্যাপক রোটুন্ডার মতে, প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য যদি তাঁর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে অনেক অপরাধই বিচারের আওতার বাইরে থেকে যাবে। বিশেষত অভিশংসন প্রস্তাব উত্থাপনের মতো গুরুতর নয়, এমন অপরাধগুলোর বিচার সম্ভব হবে না। ফৌজদারি আইন লঙ্ঘনের দায়ে প্রেসিডেন্টকে যদি বিচারের আওতায় আনা না যায়, তাহলে তিনি আইনের ঊর্ধ্বে থেকে যাবেন।
সুপ্রিম কোর্টের বক্তব্য
ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অভিযুক্ত করা বা তাঁকে বিচারের আওতায় আনা যাবে কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্ট কখনোই কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি। তবে ১৯৯৭ সালে কাছাকাছি একটি বিষয়ে এক ঐতিহাসিক রায় দেন আদালত। ক্লিনটন বনাম জোনস নামে পরিচিত ওই মামলায় সুপ্রিম কোর্ট তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে মামলা পরিচালনার আদেশ দেন। পরে প্রেসিডেন্ট হওয়ার আগে করা এক অসদাচরণের জন্য প্রেসিডেন্ট থাকাকালেই তাঁর বিরুদ্ধে মামলা পরিচালিত হয়।
এ বিষয়ে অধ্যাপক রোটুন্ডার অভিমত, ক্লিনটন বনাম জোনস মামলায় প্রেসিডেন্টের দায়িত্বের পরিধিতে পড়ে না এমন কোনো কর্মকাণ্ডের জন্য ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করার অধিকার দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা অবশ্যই সাংবিধানিক। কারণ, জনস্বার্থ-সংশ্লিষ্ট কোনো অপরাধের মাত্রা এর চেয়েও বড়।
মুয়েলার কতটা এগোবেন
ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রুশ সংযোগের তদন্তের বিষয়ে মুয়েলার কতটা এগোতে পারবেন, তা এখন দেখার বিষয়। ট্রাম্পকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ যদি তাঁর হাতে আসে এবং তিনি যদি কেনেথ স্টারের ব্যাখ্যাকে যথাযথ মনে করেন, তাহলে তিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে গ্র্যান্ড জুরিকে আহ্বান জানাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বোঝাই যাচ্ছে যে, পুরো বিষয়টিই অনেকগুলো যদির ওপর দাঁড়িয়ে আছে। এমনকি চূড়ান্ত পর্যায়ে দ্বিমত পোষণ করলেও লিগ্যাল কাউন্সেল অফিসের পরামর্শে তিনি সম্মত হবেন কি না, সে বিষয়টিও প্রশ্নসাপেক্ষ।
বিশেষ কৌঁসুলি হিসেবে রবার্ট মুয়েলারকে সাধারণ কৌঁসুলির তুলনায় বাড়তি স্বায়ত্তশাসন দিয়েছে বিচার বিভাগ। যদিও বলা হচ্ছে, তাঁকে বিচার বিভাগের ‘নিয়ম, নীতি, পদ্ধতি ও পন্থা’ অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে মুয়েলার বিচার বিভাগের স্বাভাবিক চর্চা পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে, তা বাতিল করার ক্ষমতা আবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড জে রোসেনস্টেইনকে দেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষ কৌঁসুলি হিসেবে মুয়েলার কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন, সে সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি।
এ বিষয়ে সাবেক ফেডারেল কৌঁসুলি রেনাটো মারিওত্তি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘বিধানের এ অস্পষ্টতার কারণে বিশেষ কৌঁসুলির পক্ষে কর্মপন্থা নির্ধারণ কঠিন হয়ে পড়বে। কেনেথ স্টারের মতো মুয়েলারও প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনার কথা বললে আমি সত্যিই অবাক হব।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পক্ষের আইনজীবী হলে প্রাপ্ত প্রমাণের ওপর ভিত্তি করে আমি হয়তো বলতাম, আমার মনে হয় না তিনি এমন (নির্বাচনে কারসাজিতে তৎপরতা) করেছেন, তবে এটি সম্ভব।’