প্রেসিডেন্টের রিটুইট সাধারণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের অনেক পোস্ট হঠাৎ হঠাৎ জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই এসব পোস্ট রিটুইট করে ছড়িয়ে দেন। এটা হরহামেশাই ঘটে। কিন্তু খুব কম রিটুইট নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে আলোড়ন হয়। কিন্তু ঘটনাটি যখন কোনো জনপ্রতিনিধি করেন তখন এর সম্ভাবনা যথেষ্টই থাকে। আর তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলে তো কথাই নেই। এ পদের
গুরুত্ব বিবেচনাতেই প্রেসিডেন্টের করা টুইট-রিটুইটগুলোর ওপর সব সময়ই নজর থাকে মানুষের।
হিলারি ক্লিনটনের সদ্য প্রকাশিত বইয়ের প্রচ্ছদের অনুকরণে ব্যঙ্গাত্মক একটি টুইটার পোস্ট রিটুইট করে কিছুদিন আগেই ব্যাপক সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। কিন্তু তাতেও তিনি থামেননি। ১৭ সেপ্টেম্বর তার আরেক সমর্থকের করা একটি জিআইএফ পোস্ট তিনি রিটুইট করেছেন।
ওই পোস্টে দেখা যায়, ট্রাম্প একটি গলফ ক্লাবে খেলার সময় একটি বলে আঘাত করছেন, আর ওই গলফ বলটি আঘাত করছে হিলারি ক্লিনটনের পিঠে। এর একাংশ নেওয়া হয়েছে ট্রাম্পের গলফ খেলার সময়ের একটি ভিডিও থেকে। অন্য অংশটি নেওয়া হয়েছে ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে উড়োজাহাজে উঠতে গিয়ে হিলারির পড়ে যাওয়ার ভিডিও থেকে। আর এ দুই ভিডিও এমনভাবে জোড়া দেওয়া ও সম্পাদনা করা হয়েছে যে, মনে হয় ট্রাম্পের ছুড়ে মারা গলফ বলের আঘাতেই হিলারি পড়ে গেছেন। মূলত এ জিআইএফটি সাদামাটা ব্যঙ্গ ছাড়া আর কিছুই না। কিন্তু এটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ট্রাম্পের রিটুইটের কারণে।
এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নারীর প্রতি সহিংসতাকে সমর্থন জানায় এমন যেকোনো ছবি বা ভিডিও কোনো জনপ্রতিনিধির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ নিঃসন্দেহে প্রশ্নসাপেক্ষ একটি বিষয়। কিন্তু ট্রাম্পের কাছ থেকে তেমন কিছু আশা করাই বরং হাস্যকর। কারণ নিয়মিতভাবেই তিনি টুইটারে এমন বিভিন্ন পোস্ট রিটুইট করেন, যেখানে নারী, নারীবাদী এমনকি উদারবাদীদের হেনস্তা করা হচ্ছে। শার্লটসভিলে কাণ্ডের কিছুদিন পরই তিনি একটি পোস্ট রিটুইট করেন, যেখানে সিএনএনের লোগোবাহী
একটি ট্রেন একজন ব্যক্তিকে পিষ্ট করছে।
ট্রাম্পই সেই ব্যক্তি যিনি ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় এক বিক্ষোভকারীকে ঘুষি মারতে চেয়েছিলেন। আর ২০০৫ সালের এক অডিও রেকর্ডে তাঁকে নারীদের সঙ্গে অসদাচরণ করা নিয়ে বড়াই করতে শোনা গেছে।
এমন বহু ঘটনা বর্ণনা করা যাবে। ট্রাম্পের জন্য এ ধরনের টুইট বা রিটুইট ডালভাত বলা যায়।
এ বিষয়ে ট্রাম্পের সাবেক প্রচারণা কৌশলী ডেভিড আরবান বলেন, ‘ট্রাম্পের রিটুইটকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছুই নেই। প্রেসিডেন্টের জন্য কী ঠিক, কী নয়, তার বিচার আমি করতে যাব না। তবে এটা ঠিক যে, সব টুইট বা রিটুইটের গুরুত্ব এক নয়।’
তবে তার বক্তব্য হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ গত জুনে সে সময়ের হোয়াইট হাউসের প্রেসসচিব শন স্পাইসার জানিয়েছিলেন যে, প্রেসিডেন্টের টুইটার পোস্ট আদতে হোয়াইট হাউসের অবস্থানেরই প্রতিফলন।
এমনকি ট্রাম্প সমর্থকদের বক্তব্য স্বয়ং ট্রাম্পের অবস্থানের সঙ্গেই সাংঘর্ষিক। ২০১৫ সালে সে সময়ের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রিটুইটগুলো সম্পর্কে বলেছিলেন, ‘হ্যাঁ আমি রিটুইট করি। আর এসবের পেছনে কারণ রয়েছে।’