প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পেলেন বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা পাওয়ার পর বৃহস্পতিবার হোয়াইট হাউসে কথা বলছেন। এটি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ছবি: এএফপি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা পাওয়ার পর বৃহস্পতিবার হোয়াইট হাউসে কথা বলছেন। এটি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেনকে যোগ্যতম ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা দেওয়া হয়েছে। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এর আগে এই সম্মাননা প্রেসিডেন্ট ডোনাল্ড রিগ্যান, দ্বিতীয় পপ জন পল এবং কোলিন পাওয়েলকে দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামা এ সম্মাননার আকস্মিক ঘোষণা দেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে অশ্রু সংবরণ করতে দেখা যায়।

জো বাইডেনের উজ্জ্বল রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বারাক ওবামা তার বক্তব্যে বলেন, দেলাওয়ার রাজ্যের মানুষ মাত্র ২৯ বছর বয়সে জো বাইডেনকে সিনেটর নির্বাচিত করে। শপথ নেওয়ার আগে জো বাইডেনের বয়স ৩০ বছর পূর্ণ হয়। মার্কিন সংবিধানে কংগ্রেস সদস্যদের জন্য ন্যূনতম বয়স ৩০ বছরের শর্ত পূরণ করেছিলেন জো বাইডেন শপথ নেওয়ার মাত্র ক’দিন আগে।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিচ্ছন্ন ভাবমূর্তির এ রাজনীতিবিদ তিন দশক সিনেটে দেলাওয়ার রাজ্যের প্রতিনিধিত্ব করেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যে বৈদেশিক সম্পর্ক বিষয়ে তাঁকে একজন প্রাজ্ঞ ব্যক্তি হিসেবে মনে করা হয়।

প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার সময় জো বাইডেনকে একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক এবং কর্মবীর হিসেবে উল্লেখ করেন বারাক ওবামা। ২০০৮ সালে জো বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঙ্গে নেওয়ার বিষয়টি নিজের জীবনের একটি সেরা সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসে এক সিংহ পুরুষ।
এ সময় আবেগে আপ্লুত জো বাইডেন বলেন, এ সম্মাননা কোনো অবস্থায় আমার প্রাপ্য নয় বলে মনে করি। তবে আমি জানি প্রেসিডেন্টের হৃদয় থেকে আসা সম্মানে তিনি আমাকে সম্মানিত করেছেন।

গত আট বছর মার্কিন রাজনীতিতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বারাক ওবামা এবং জো বাইডেন রাজনৈতিক জুটি হিসেবে প্রশংসিত হয়েছেন সর্বমহলে। এ নিয়ে রক্ষণশীলদের ব্যঙ্গ-তামাশা থাকলেও শেষ দিন পর্যন্ত তারা কর্ম সম্পর্কে কাঁধে কাঁধ মিলিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
পারিবারিক দুর্ঘটনা, অকালে সন্তান হারানো নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে বাইডেন সব সময় সমবেদনা পেয়ে আসছেন।

অনেকেই মনে করেছিলেন হিলারির বদলে গেল নির্বাচনে জো বাইডেনই ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হবেন। এখনো অনেক মনে করেন জো বাইডেন প্রার্থী হলে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস ভিন্ন হতে পারত।