প্রয়োজনে সরকার অচল করে সীমান্তে দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে সরকার অচল করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার রাতে অ্যারিজোনায় দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

সীমান্তবর্তী রাজ্য অ্যারিজোনার ফিনিক্সে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সমাবেশে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা দেয়াল করতে দিতে চাইবে না। কিন্তু সরকার অচল করে দেওয়া লাগলেও তিনি তা করবেন। অবশ্যই দেয়াল গড়বেন। অভিবাসন নিয়ন্ত্রণের জন্যই আমেরিকার জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল হবে। দেয়াল নির্মাণের অর্থও দেবে মেক্সিকো। কিন্তু মেক্সিকো সেই অর্থ দিতে রাজি না হওয়ায় আপাতত জনগণের করের অর্থেই নির্মাণকাজ শুরু করতে চান তিনি। বিষয়টির মীমাংসা এখনো হয়নি। মার্কিন কংগ্রেসে যেখানে অনেক আইনপ্রণেতারই প্রশ্ন, এটি করা কতটা জরুরি।

যুক্তরাষ্ট্রের সরকারের ব্যয় বরাদ্দ বিলে দেয়াল নির্মাণের তহবিল নিশ্চিত করতে হলে ডেমোক্র্যাটদের সমর্থন নিশ্চিত করতে হবে রিপাবলিকানদের। কিন্তু ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার সম্ভাবনা এ ক্ষেত্রে কমই আছে। প্রেসিডেন্ট ট্রাম্প দেয়াল নির্মাণের কাজ শুরু করার জন্য ১৬০ কোটি মার্কিন ডলার বরাদ্দের আবেদন করেছেন। এই বিল পাস করাতে চাপের মুখে রয়েছে সরকার। আর সীমান্তে দেয়াল তুলতে কোটি কোটি ডলার বরাদ্দের জন্য রিপাবলিকান আইনপ্রণেতারাও খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। কেননা, দেয়ালের অর্থায়ন বরাদ্দ করতে বাজেটে ঘাটতি তৈরি করবে। যেখানে রিপাবলিকানদের চাওয়া, জনগণের ওপর করের বোঝা কী করে কমানো যায়।

এদিকে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তহবিল নিয়ে চুক্তিতে পৌঁছাতে না পারলে সরকারে অচলাবস্থা তৈরি হতে পারে। তখন ‘কম জরুরি সরকারি সেবা’ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বিল নিয়ে সুরাহা না হলে ১ অক্টোবর থেকে সরকার অচল হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প এ বিষয়টির সরাসরি উল্লেখ না করলেও হুমকির কারণ যে এই তা বুঝতে আর বাকি থাকে না।

ট্রাম্প বলেছেন, ‘বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা চাইবে না এমনটি হোক। কিন্তু বিশ্বাস করুন, আমাদের সরকার যদি বন্ধ করতেও হয় তবু আমরা দেয়াল তুলব।’ এ সময় ডেমোক্র্যাটদের ‘প্রগতিবিরোধী’ বলে আখ্যা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকিতে ফেলায় এ সময় তিনি ডেমোক্র্যাটদের একহাত নেন। প্রসঙ্গত, দেয়াল তৈরির প্রতিশ্রুতিটি নির্বাচনের প্রাক্কালে বেশ জনপ্রিয়তা পায়। অ্যারিজোনার সমাবেশ থেকেও এর পক্ষে ট্রাম্প সমর্থকদের বলতে শোনা যায়, ‘দেয়াল তৈরি করুন’। এর পরপরই ট্রাম্পের সমালোচকেরা প্রশ্ন তোলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে ‘উপযুক্ত’ কী না।