প্লুটোয় হিমবাহ ঘন কুয়াশার স্তর

বামন গ্রহ প্লুটোর বুকে জমাট নাইট্রোজেনের হিমবাহ এবং কুয়াশার ঘন স্তর থাকতে পারে। গ্রহটির পাশ দিয়ে উড়ে যাওয়া মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) রোবটযান নিউ হরাইজনসের পাঠানো নতুন কয়েকটি ছবি বিশ্লেষণ করে এমন ইঙ্গিত মিলেছে। নাসার বিজ্ঞানীরা গত শুক্রবার এ কথা জানান। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
নিউ হরাইজনস ১৪ জুলাই প্লুটোর খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় গ্রহটির বেশ কিছু ছবি তোলে এবং আশপাশের পরিবেশের তথ্য-উপাত্ত সংগ্রহ করে। সেগুলো পর্যায়ক্রমে নাসায় পাঠাচ্ছে মহাকাশযানটি। এসব ছবি বিশ্লেষণ করে আমাদের সৌরজগতের দূরতম সীমানায় অবস্থিত প্লুটোর জটিল ও পরিবর্তনশীল প্রকৃতির পরিচয় পাওয়া যাচ্ছে।
সর্বশেষ ছবিগুলো দেখে বিজ্ঞানীরা বলছেন, প্লুটোর পৃষ্ঠে নাইট্রোজেনের হিমবাহের পাশাপাশি সেখানকার আবহমণ্ডলে ঘন কুয়াশার স্তর থাকতে পারে। গ্রহটির উপরিতলের ১৩০ কিলোমিটার ওপরেও ওই কুয়াশার স্তর ছড়িয়ে রয়েছে বলে নিউ হরাইজনসের তোলা ছবি ইঙ্গিত দিচ্ছে।
নাসার বিজ্ঞানী জন গ্রান্সফেল্ড বলেন, ‘সব মিলিয়ে বামন গ্রহটিকে অত্যন্ত বৈচিত্র্যময় ও আকর্ষণীয় মনে হচ্ছে।’
নাসা জানায়, প্লুটোর নাইট্রোজেন হিমবাহের ওই অঞ্চলটির অনানুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে স্পুটনিক প্ল্যানাম। ওই বরফের স্তর অনেকটা পৃথিবীর হিমবাহের মতোই। প্লুটোর পৃষ্ঠ অতি শীতল। সেখানকার তাপমাত্রা শূন্যের ৩৯০ ডিগ্রি ফারেনহাইট নিচে। তাই সেখানকার হিমবাহ কখনোই না গলে থাকতে পারে। আর সেখানে কুয়াশার দুটি পৃথক স্তর রয়েছে—একটি পৃষ্ঠতলের ওপরে প্রায় ৮০ কিলোমিটার এবং আরেকটি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।