
বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের স্থানীয় অধিবাসীদের নিয়ে গঠিত মোট ৪০টি দল নিয়ে প্রতিবারের মতো এবারও এফসিসি মিশিগান কাপের জমজমাট আসর বসেছিল মিশিগান অঙ্গরাজ্যে। বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে গঠিত মোট দুটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। এর মধ্যে প্রথমবার অংশ নিয়েই প্লেট রানার্সআপ হয়েছে স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব।
প্লেট গ্রুপের প্রথম রাউন্ড সফলভাবে শেষ করে কোয়ার্টার ফাইনালে ভারতের খেলোয়াড়দের নিয়ে গঠিত ধাড়িয়া ও সেমিতে একই দেশের খেলোয়াড়দের দল মার্কোস-এর বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে ওঠে স্বাধীন বাংলা দল।
গত ১৮ আগস্ট মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ড হিলসে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী সম্রাটস-এর কাছে পরাজিত হয়ে স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব রানার্সআপ হয়। টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার মারুফ কুতুব। সহ দলনেতা ছিলেন অভিজ্ঞ ক্রিকেটার সৈয়দ আশরাফ। দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন জাফরি আল কাদরী। অধিকাংশ ম্যাচে তাঁর ব্যাট থেকেই এসেছে দলীয় সর্বোচ্চ রান। পাশাপাশি সর্বাধিক উইকেটের অধিকারীও তিনি।
মিশিগানে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও ওয়েন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ দলের অন্য খেলোয়াড়রা হলেন—সালাউদ্দিন আজিজ, আমিন শরফুজ্জামান, ফাইরুজ রহমান কাজী, গোলাম মাইনুদ্দিন, ইফতেখার হাসান, এম রাজিউর রহমান, রাজিউর রহমান, রেহান শেখ, মো. মাহবুবুর রহমান, রাজশেখর পাল, রনি বিন হোসাইন, সানাউল হক, শাওন চৌধুরী, জাহেদ আহমেদ ও রাশেদ রহমান।
প্রথমবারের মতো এই দল বড় কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে সফলতা পাওয়ায় ভবিষ্যতে তাঁরা এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আরও বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন দলপতি মারুফ কুতুব।