মার্কিন ভোটারদের কাছে হিলারি ক্লিনটনের সঙ্গে পয়েন্টের ব্যবধান চলতি সপ্তাহে প্রায় অর্ধেকে নামিয়ে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া আসন্ন নির্বাচনে কারচুপি হতে পারে বলে ট্রাম্পের অভিযোগকে প্রথমে অনেকে সমালোচনা করলেও এখন দেখা যাচ্ছে, তাঁর দলের অনেকে এতে প্রভাবিতও হয়েছেন। তাঁরাও মনে করছেন, হিলারিকে জয়ী করাতে এ নির্বাচনে কারচুপি হতে পারে। এসব তথ্য রয়টার্স বা ইপসোসের সবশেষ জরিপের।
৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে করা গত সপ্তাহে প্রকাশিত জরিপে দেখা যায়, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ৭ পয়েন্ট এগিয়ে। তখন হিলারির পক্ষে ৪৪ এবং ট্রাম্পের পক্ষে ৩৭ শতাংশ জনসমর্থন ছিল। সবশেষ শুক্রবার প্রকাশিত জরিপ অনুযায়ী, এখনো হিলারির সমর্থন ৪৪ শতাংশই, কিন্তু ট্রাম্পের সমর্থন বেড়ে হয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে করা জরিপে পয়েন্ট ব্যবধান প্রায় অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
জরিপের তথ্য সমন্বয়কারী শিকাগোভিত্তিক প্রতিষ্ঠান রিয়েল ক্লিয়ার পলিটিকসের হিসাবে, জাতীয় জনমত জরিপের গড় করলে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ৪১ দশমিক ৯ শতাংশ। আর ৪৮ দশমিক ১ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে ৬ দশমিক ২ পয়েন্টে হিলারি এগিয়ে রয়েছেন।
নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য সংবলিত ডোনাল্ড ট্রাম্পের এক ভিডিও ফাঁসের পর তাঁর প্রচারকাজ চাপের মুখে পড়ে, যেগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করছেন তিনি। কিন্তু নতুন জরিপের ফলাফলে দেখা যায়, এক-তৃতীয়াংশ রিপাবলিকানসহ ৬৩ শতাংশ মার্কিন মনে করেন, ধনকুবের ও আবাসন খাতে নিউইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প অতীতে যৌন হয়রানি করেছেন।
এদিকে, যেসব অঙ্গরাজ্যে নির্বাচনী ফলাফল যে কারও দিকে মোড় নিতে পারে, গত শুক্রবার এমন অঙ্গরাজ্যগুলোতেই ব্যস্ত সময় পার করেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। হিলারি এদিন ওহাইওতে নির্বাচনী প্রচারকাজ চালান। অন্যদিকে ট্রাম্প নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় চালান প্রচারকাজ।
নির্বাচনে হিলারিকে জেতানোর জন্য কারচুপি হবে এবং জয়ী না হলে ফলাফল মানবেন না বলে মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মার্কিন গণতন্ত্রের মূল ভিত্তিকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন। ওহাইওতে শুক্রবার হিলারি বলেন, নির্বাচন হওয়ার আগেই ফলাফল প্রত্যাখ্যান (ট্রাম্পের) নজিরবিহীন।
নতুন জরিপে আরও দেখা যায়, মাত্র অর্ধেক রিপাবলিকান হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবেন। এ ছাড়া দলটির অধিকাংশকে (৭০ শতাংশ) ট্রাম্পের সুরে বলতে শোনা যায়, ভোট জালিয়াতি কিংবা কারচুপির কারণে হিলারি জয়ী হতে পারেন।