ফকির ইলিয়াসের একগুচ্ছ কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতি ও মধ্যবিরতি

থেমে যেতে চেয়েছিলাম। কোনও চিহ্ন না রেখেই
হয়ে যেতে চেয়েছিলাম দূরের নাবিক।
কোনও কোনও জাহাজ সমুদ্র থেকে আর যেমন
কোনও দিনই বন্দরে ফিরে না, অথবা
কোনো কোনো ঝড়, দাগ না রেখেই নগরের ওপর দিয়ে
দ্রুত চলে যায়, ঠিক ওদের মতোই
তুমি আমাকে বিরতি নিতে বললে। অস্ত যাওয়ার পূর্ব
মুহূর্তের সূর্যের মতো, আমার ফ্যাকাশে রং দেখে
তুমি বললে, তোমারও যৌবন ছিল!
আমি মধ্য অক্টোবরের ম্যানহাটানে দাঁড়িয়ে আরেকবার
দেখলাম হলুদ পাতা ঝরার দৃশ্য

গয়নাবাজি
কয়েকটি বুনোফুল দিয়ে তোমাকে পরিয়েছিলাম দুল
কয়েকটি হাওয়া দিয়ে তোমার জন্য
সাজিয়েছিলাম হেমন্তের নিশ্বাস
দুপুরের মধ্যবয়সে রোদ জমিয়ে রাখে যে পাতা
তার দিকে তাকিয়েই, একটি জামরুল
তুলে দিয়েছিলাম তোমার হাতে।
জানি, অনেক কথাই তোমার মনে নেই আজ!
ঘরহীন মানুষেরা জলের ভেলায়ও বাঁধতে পারে ঘর
কার্তিকের পাখিরা পুনরায় ভালোবাসার খোঁজে
ডানায় পরে রাখে ধানের গয়না,
আমি তো স্বর্ণকার নই, তাই
জলের ধ্বনিতে, তোমার জন্যে প্রতিটি সন্ধ্যা সাজাই।

পুনঃপাঠের তথ্যতালিকা
অসম্পূর্ণ থেকে যায় পাওনার ছায়াতালিকা। দেনার নক্ষত্রগুলো লাল চোখ দেখিয়ে
পাড়ি দেয় অন্য ভূপৃষ্ঠে। এখানে কোনও সম্প্রদান নেই। যে আলো ঘিরে রাখে
প্রাকৃত সুন্দর সেই তপস্যাগৃহে মানুষেরাই শিখে নেয় জন্মদান-পদ্ধতি, প্রেমহিস্যা।
মূলত এই পৃথিবীও একদিন পাঠগামী ছিল। যারা পড়তে পারত না
বৃক্ষের শরীর, তাদেরকেই বলা হতো আদিম। যারা সূর্যের তথ্যসমূহ
সংগ্রহ করে যেত বনভোজনে, তাদের বলা হতো আলোকিত অনন্ত প্রজন্ম।
আর শিশুরা তাদের হাতেই শিখত আলোবিদ্যা। কোনও বিদ্যালয়
ছিল না যদিও, পাতাগুচ্ছই পালন করত শিক্ষকের ভূমিকা।
জলের কাছ থেকেই মানুষ শিখেছিল পুনঃপাঠ। শিখেছিল পাখির কাছ থেকে।
নদীকে সহোদরা ভেবে যে নারী অঝোরে কেঁদেছিল সে ছিল চাঁদের প্রথম
প্রেমিকা। যে কৃষ্ণ বাঁশি বাজাতে জানত না সে-ই মেয়েটিকে ডাকত রাধিকা।

সিজোফ্রেনিয়া
হাত রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। বরফের মতো
আপন কিছুই নেই জেনে, ভুলে যেতে চাইছি
বিগত বিষণ্ণতা। ভোর আমার দরজার প্রহরী
ছিল বহুকাল—লিখছি এমন ঘটনার উপসংহারপর্ব।
দেখছি, মৃত মানুষগুলো হয়ে উঠছে আমার বন্ধু
আর জীবিতেরা চোখে কালো কাপড় বেঁধে
কেবল গাইছে আদিম হিংস্রতার গান।
আগুন পুড়ছে ঝরনা বুকে নিয়ে। ভালোবাসা
বলে যে জগতে কোনো গ্রহ ছিল না সেই
জাগতিক ব্যাসার্ধে ঝুলে থাকছে কয়েকটি হুইস্কিসন্ধ্যা।
কুসুমপুরের কুসুমগুলো, আর ঝরবে না বলে
করছে প্রতিজ্ঞা। ঝরায় বীরত্ব নেই—ঘোষণা দিয়ে
মেঘ আকাশেই জন্ম দিচ্ছে পাথরপ্রজন্ম।

কার্তিকমহল
খুব ভালো না থাকলেও চলে
যে আগুন পাঁজর পোড়ায়, যদি থাকি তার দখলে
আর যদি নদী এসে বাধ্য হয় সাজায় কোলাহল
তবু এই বনকন্যা প্রজাপতি জানি ছোঁবে কার্তিকমহল
হেমন্তের পথ থেকে ছায়া খুঁজে যে পথিক যায়
অজানায়, ছড়িয়ে দেয় একা একা নিজেকে অমোঘ মায়ায়

তুমি তো আমাকেও রাখো সে বন্ধনে সারা দিন—সখী!
তুলিকাব্য ডুবে থেকে ছবি আঁকে নিশীথের যে হলুদ পাখি....