ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে কানাডার মন্ট্রিলে গত রোববার মৌন মিছিল ও এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। ফরাসি ও কানাডীয় রাজনীতিবিদ, কূটনীতিক, ধর্মযাজক, সাধারণ জনতাসহ পাঁচ হাজারের বেশি লোক এতে অংশ নেন। খবর এএফপির।
মৌন মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল ফ্রান্সের পতাকা। আবার ফ্রান্সের পতাকা গায়ে জড়িয়েও কাউকে কাউকে মিছিলে অংশ নিতে দেখা যায়। তাদের হাতে ছিল ‘ফ্রান্স জিন্দাবাদ’ সংবলিত ব্যানার। মিছিলটি ফরাসি কনস্যুলেটে গিয়ে পৌঁছালে মন্ট্রিলের মেয়র দোনি কুদ্যা বলেন, ‘ভীতির কাছে আমরা নতিস্বীকার করব না।’ সেখানে এক মিনিটের নীরবতা কর্মসূচি পালন করেন মিছিলে অংশগ্রহণকারীরা।
অর্ধনমিত থাকবে মার্কিন পতাকা: প্যারিসে সিরিজ বোমা হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস, মার্কিন সরকারি দপ্তর এবং বিশ্বজুড়ে মার্কিন সেনা ও কূটনৈতিক শাখায় অর্ধনমিত থাকবে মার্কিন পতাকা। প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার সন্ত্রাসী হামলাকে মানবতার প্রতি আঘাত বলে উল্লেখ করে ফ্রান্সের সঙ্গে সংহতি জানাতে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার এ কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে।
ফরাসি পতাকার রঙে বুর্জ খলিফা: বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের সাত তারকা হোটেল বুর্জ খলিফাকে গত রোববার সাজানো হয়েছিল ফ্রান্সের পতাকার রং, অর্থাৎ লাল, সাদা ও নীলের আলোকসজ্জায়। মূলত সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণ ও ফ্রান্সের প্রতি সংহতি প্রকাশ করতেই এ উদ্যোগ নেয় সংযুক্ত আরব আমিরাত।