
ফরিজ ভাই (ফরিজউদ্দিন) আমার মন ছুঁয়ে যান পঁচিশ বছর আগে। তখন তিনি সুরমা অটো রিপেয়ারের মালিক। তাঁর গ্যারেজ ৩১ স্ট্রিট, ৩০ অ্যাভিনিউ ও ৩১ অ্যাভিনিউর মধ্যে, অ্যাস্টোরিয়ায়। আমার বাসা চার ব্লক দূরে, ৩৪ স্ট্রিটে। বন্ধুবৎসল, সদালাপী, মানবিক গুণাবলিসম্পন্ন এক আকর্ষণীয় ব্যক্তিত্ব। তাঁর দেশপ্রেম অতুলনীয়। একাত্তরে নিউইয়র্কের রাস্তায় হেঁটে হেঁটে জর্জ হ্যারিসনের রেকর্ড বিক্রি করেছেন। বিক্রির অর্থ দান করেছেন মুক্তিযুদ্ধের তহবিলে। প্রচারবিমুখ ফরিজ ভাই ঢাকঢোল বাজিয়ে কখনো এসব বলতেন না।
একটি ঘটনার পর আমি এতই অভিভূত হলাম, মনে তাঁকে জায়গা দিলাম স্থায়ীভাবে। তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে কিছু লিখব বলে মনে মনে ঠিক করলাম। এর আগে নিউইয়র্কে প্রথম বাঙালি ইব্রাহীম চৌধুরী (প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পর আগমন), রুবি খান (১৯২৮) ও মুনির হাজীর (১৯৫৫) সাক্ষাৎকার আমি নিয়েছি এবং তা প্রকাশিত হয়েছে। ফরিজ ভাই এসেছেন ১৯৬৯ সালে।
আমেরিকার জীবন তাঁর অর্ধশতাব্দীর। সে-ই লেখা পঁচিশ বছর পর হবে, তা কখনো ভাবিনি।
আমার প্রথম গাড়ি কিনিয়ে দেন ফরিজ ভাই। সেটি ছিল তাঁর বন্ধু মৌলভীবাজারের মালিক সাহেবের ‘বুইক’ কার। এরপর ছয়–সাত বছরে আরও দুটি কার আমাকে কিনিয়ে দেন। গাড়ির রোগবালাই সারানোর দায়িত্ব ছিল তাঁর গ্যারেজের। আমার কোনো মাথাব্যথা ছিল না। আমি শুধু গ্যাস ভরে চালাতাম। প্রচণ্ড ঠান্ডা বা বরফে কোথাও আটকে গেলে বলতেন, আমি এখনই আসছি, চিন্তা করবেন না। তিনি নিজে হাজির হয়ে আমাকে উদ্ধার করতেন।
সে সময় আমরা দুজনই ছিলাম ধূমপায়ী। ৩১ স্ট্রিটের কোনায় একটি কনভেনিয়েন্স স্টোর। তাঁর গ্যারেজ থেকে ১৫/২০ গজ দূরে। সিগারেট কিনব বলে দুজন রওনা দিলাম। ফরিজ ভাই বললেন, ওই দোকানের সিগারেট সোয়া দুই ডলার প্যাকেট। চার ব্লক দূরে বাঙালির স্টোর আছে। ওখানে প্যাকেট আড়াই ডলার। চলুন, চার ব্লক হেঁটে বাঙালির দোকান থেকেই কিনব এক কোয়ার্টার বেশি দিয়ে। যেতে যেতে বললেন, এই অ্যাস্টোরিয়ায় গ্রিকদের প্রাধান্য। তারা তাদের দোকান ছাড়া সাধারণত বাইরে কেনাকাটা করে না। এভাবেই তারা সমৃদ্ধ হয়েছে। আমরা বাঙালিরা যদি বাঙালিদের পৃষ্ঠপোষকতা না করি, তাহলে এগোব কী করে? আমি মুগ্ধ নয়নে তাঁর দিকে তাকিয়ে থাকলাম।
ফরিজ ভাইয়ের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের বারকুটে। ’৬৯ সালে নিউইয়র্কে আসার আগে তিনি ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি করতেন। এখানে আসার পর ম্যানহাটনের রবার্ট টেকনিক্যাল ট্রেড স্কুলের কোর্স সমাপ্ত করেন। এ সময় অ্যাস্টোরিয়া বুলেভার্ডের জো ডিজালভোর ওয়ার্কশপে চাকরি করেন। ওই ভদ্রলোক তাঁর লিগ্যাল স্ট্যাটাস প্রাপ্তিতে সহায়তা করেন। এ সময়ে পাইলট হওয়ার জন্য ফ্লাইং স্কুলে দু–তিন মাস প্রশিক্ষণ নেন, তবে তা শেষ করেননি।
একাত্তরে মুক্তিযুদ্ধে ফরিজ ভাই নিউইয়র্কে সক্রিয় অংশগ্রহণ করেন। জাতিসংঘের সামনে মিছিল-শোভাযাত্রায় অংশ নিয়েছেন। ম্যানহাটনের নিবার্না রেস্তোরাঁর মালিক শমশের ওয়াদুদসহ অন্যদের উদ্যোগে মেডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের সমর্থনে কনসার্টের আয়োজন করা হয়। তার আয়োজন এবং পরে জর্জ হ্যারিসনের গানের রেকর্ড হেঁটে হেঁটে তিনি বিক্রি করেছেন। বিক্রিলব্ধ অর্থ দান করেছেন মুক্তিযুদ্ধের তহবিলে। মুক্তিযুদ্ধের পক্ষে এখানে যাঁরা আন্দোলন করেছেন, তাঁদের কয়েকজনের নাম স্মরণ করেন। তাঁদের মধ্যে ছিলেন মি. হক, মি. খালেক, রিয়াজ উদ্দিন, ফয়েজুর রহমান, মি. ওয়াহিদ, বিট অব বেঙ্গলের কাজী শামসুদ্দিন, ডা. খন্দকার আলমগীর প্রমুখ।
স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, হামিদুল হক চৌধুরী জাতিসংঘে পাকিস্তানের পক্ষে বক্তৃতা করতে নিউইয়র্কে এসেছিলেন। তাঁর বক্তৃতার সময় আমরা তাঁর হোটেলকক্ষে তালা লাগিয়ে দিই। এতে তিনি আর বক্তৃতা করতে পারেননি। পরে আমরা তালা খুলে দিই।
স্মৃতিচারণকালে বলেন, শেখ মুজিব সে সময় ঠিক কাজটি করেছিলেন। আমাদের স্বাধীন হওয়া ন্যায্য ছিল। সুইডেন তিন শ বাস পাকিস্তানকে দেয়। তার একটিও আমরা পাইনি। পাট হতো বাংলাদেশে, আর ফ্যাক্টরি ছিল পাকিস্তানে। আমেরিকার জন্য আমাদের ভিসা নিতে হতো ইসলামাবাদ থেকে। ওরা মনে করত আমরা ভীরু। আমরা ভীরু নই। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।
তিনি বলেন, এখন দেশে গেলে ভালো লাগে। আমার দেশ এখন অনেক উন্নত। প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। দেশ স্বাধীন হওয়ায় এই আমেরিকায় আমরা এত বাঙালি আসতে পেরেছি। ফরিজ ভাই ছিয়াত্তর বছর বয়সে সুঠাম স্বাস্থ্যের অধিকারী। ভাবি রাফিয়া সুলতানার সযত্ন সেবা ও স্বাস্থ্যকর রান্নার প্রশংসা করলেন। নিয়মিত জিম করেন। চার সন্তান। সুশিক্ষিত। ফ্লাশিংয়ের কিসেনা বুলেভার্ডে বসবাস করেন।
ফরিজ ভাই মুক্তিযুদ্ধে অবদান রেখে তাঁর ভূমিকা শেষ করেননি, এখনো তিনি দেশকে দিয়ে যাচ্ছেন। সমাজসেবায় তাঁর রয়েছে অনবদ্য অবদান। তিনি ও তাঁর স্ত্রী রাফিয়া সুলতানা গ্রামের বাড়ি বারকুটে গড়ে তুলেছেন মহিলা সেন্টার। ওখানে মহিলাদের লেখাপড়াসহ স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। শিশুদের লেখাপড়ার ব্যবস্থাও করেছেন। গ্রামের লোকদের রিকশা, বেবিট্যাক্সি কিনে দিয়েছেন। অনেকগুলো টিউবওয়েল বসিয়েছেন। বাড়িঘর বানিয়ে দিয়েছেন। চাষের জন্য কিনে দিয়েছেন গরু। ২০টি পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। মশারি, স্কুলব্যাগ কিনে দিয়েছেন। তাঁদের খরচে এ পর্যন্ত উনিশটি বিয়ে সম্পন্ন হয়েছে। শিগগিরই একটি ট্রাস্ট ফান্ড গঠন করে সমাজসেবার স্থায়ী ব্যবস্থা করতে যাচ্ছেন এ দম্পতি।
ফরিজ ভাইকে নিয়ে এ লেখা শেষ করব একটি মজার ঘটনা উল্লেখ করে। সুরমা অটো রিপেয়ারের গ্যারেজটি তখন ছিল ৩৫ অ্যাভিনিউর ১২ স্ট্রিটে। প্রশস্ত জায়গা। তাঁর ছিল বিশালাকৃতির দুটি জার্মান শেফার্ড। পাকিস্তান ও ভারতের দুই নেতার নামে ওই দুটিকে তিনি ডাকতেন। দিনের বেলা শিকল দিয়ে নিরাপদ স্থানে ওই দুটিকে রাখতেন। সন্ধ্যায় গ্যারেজ বন্ধের সময় শিকলমুক্ত করে দিতেন। তবে তার আগে তিনি নিশ্চিত হতেন, গ্যারেজের বাইরে সবাই গিয়েছেন কি না। কারণ, জার্মান শেফার্ড দুটি যে কারও জন্য ছিল বিপজ্জনক। একদিন সন্ধ্যার কিছু আগে, গ্যারেজে আমি ও ফরিজ ভাই। ফরিজ ভাই বাসায় ফিরবেন। আমিও উঠলাম। ফরিজ ভাই ভেবেছেন, আমি ফটক পার হয়ে বাইরে এসেছি। তাই তিনি কুকুর দুটিকে শিকলমুক্ত করে দিয়েছেন। আমি তখনো ভেতরে। গেটের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখি পেছন থেকে কে আমাকে জড়িয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে আমি নিশ্চল পাথর। বুঝলাম ভয়াবহতা। চিৎকারও দিতে পারছিলাম না। ততক্ষণে ফরিজ ভাইয়ের চোখ পড়ল, দ্রুত এগিয়ে এসে আমাকে মুক্ত করলেন। এ দৃশ্য মনে পড়লে আজও শিউরে উঠি।
মজার ঘটনা হলো, একবার এক পাকিস্তানি এসে ফরিজ ভাইয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলো। বলল, না, আমাদের নেতার নামে এই জার্মান শেফার্ডকে আপনি ডাকতে পারবেন না। এটা বন্ধ করুন। ফরিজ ভাই উত্তরে বললেন, না, কখনো বন্ধ করব না। তোমার যদি আরও কোনো প্রিয় নাম থাকে, আমাকে দিয়ে যাও, আমি সে নামেও ডাকব।
লেখক: নিউইয়র্কপ্রবাসী সাংবাদিক
ছবি: ফরিজউদ্দিন/সস্ত্রীক ফরিজউদ্দিন