ফরিদ-আলী পরিষদ বিপুল ভোটে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৯৪ জন ভোটার
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৯৪ জন ভোটার

প্রবাসের অন্যতম ও পুরোনো আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের প্রথম নির্বাচনে ফরিদ-আলী পরিষদ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ২৫ আগস্ট জ্যামাইকার একটি ভেন্যুতে অনুষ্ঠিত নির্বাচনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মির্জা ফরিদ উদ্দিন ও মো. আলী হোসেন।

নির্বাচনে ৫৯৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৫০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফরিদ উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ এম করিম পান ৮৫ ভোট। আর সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন পান ৫৩৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়সল হক দোলন পান ৬১ ভোট।

নির্বাচিত ফরিদ-আলী প্যানেলের দুই শীর্ষ নেতা
নির্বাচিত ফরিদ-আলী প্যানেলের দুই শীর্ষ নেতা

একইভাবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন মোহাম্মদ এ মান্নান, সহসভাপতি মোস্তফা জামাল ও মশিউর রহমান তুহিন, সহসাধারণ সম্পাদক আব্দুল মতিন সিকদার, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, প্রচার সম্পাদক সৈয়দা সাবরিন পম্পি, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক গোপা পাল ও সাংস্কৃতিক সম্পাদক ফারহানা আমান। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে মো. জে আলম, নিতাই দাস, রোজিনা আকতার, সবুজ মিয়া ও এস এম কে ইকবাল নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পরই সাংগঠনিক সম্পাদক পদে আবু নাফে খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, এবারের নির্বাচন উপলক্ষে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য সতেরো শতাধিক সদস্যের আবেদন পত্র জমা পড়েছিল। যাচাই বাছাই শেষে ৩৪ জন আজীবন সদস্যসহ ১ হাজার ৬৯৪ ভোটার চূড়ান্তভাবে নিবন্ধন করেছিল নির্বাচন কমিশন।

২৫ আগস্ট অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯ সদস্যবিশিষ্ট প্যানেলের ১৮টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ফরিদ-আলী প্যানেলের বিপরীতে ছিল করিম-দোলন প্যানেল। ভোট গণনার পর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ সময় সংগঠনের কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার আসাদুল বারী আসাদ, নির্বাচন কমিশনার ডা. শামীম আহমেদ, শামছুল আলম লিটন ও দর্পণ কবীর। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নির্মল পাল, মতিউর রহমান ও মোহাম্মদ মজিবর। সব শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিজয়ী কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।