ফলিকে উদ্ধারে গোপন অভিযান চালায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত মার্কিন সাংবাদিক জেমস ফলিকে উদ্ধারে গোপন সামরিক মিশন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তা ব্যর্থ হয়। মার্কিন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এদিকে ফলির মুক্তির জন্য আইএস বিপুল পরিমাণ অর্থ দাবি করেছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
সাংবাদিক ফলি ২০১২ সালে সিরিয়ায় অপহরণের শিকার হন। তাঁকে শিরশ্ছেদ করে হত্যার ভিডিওচিত্র গত মঙ্গলবার প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বক্তব্য এল।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার জানায়, যুক্তরাষ্ট্র সিরিয়ায় জিম্মি বেশ কয়েকজন মার্কিন নাগরিককে উদ্ধারে সম্প্রতি একটি অভিযান চালিয়েছিল। এই অভিযানে অন্তর্ভুক্ত ছিল আকাশযান ও স্থল বাহিনী। লোকজনকে বন্দী করা আইএসের একটি বিশেষ নেটওয়ার্ক ছিল ওই অভিযানের লক্ষ্যবস্তু। তবে দুর্ভাগ্যজনকভাবে অভিযানটি সফল হয়নি। কারণ, জিম্মি হওয়া ব্যক্তিরা অভিযানের স্থানে ছিলেন না।
সাংবাদিক ফলিকে উদ্ধারেই ওই মিশন চালানো হয়েছিল কি না, তা স্পষ্ট করেনি পেন্টাগন। তবে ওবামা প্রশাসনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আকাশযান ব্যবহার করে বিশেষ বাহিনীর বেশ কয়েকজন সেনাসদস্যকে সিরিয়ায় নামিয়ে ফলিসহ মার্কিন জিম্মিদের উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। ওই সেনাসদস্যরা আইএস জঙ্গিদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয়েছিল।
ফলিকে শিরশ্ছেদ করে হত্যার ভিডিওতে আইএস বলেছে, তারা ইরাকে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতেই ফলিকে হত্যা করেছে। তবে সাংবাদিক ফলির পরিবার বলেছে, আইএস ফলির মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বেশ কিছু দাবি জানিয়েছিল। তবে দেশটি তা প্রত্যাখ্যান করে। দাবিগুলোর মধ্যে ছিল এক কোটি ২৩ লাখ ডলার অর্থ এবং বন্দিবিনিময়। বিশেষ করে, আইএস ফলির বিনিময়ে আলোচিত পাকিস্তানি নারী আফিয়া সিদ্দিকীর মুক্তি চেয়েছিল। যুক্তরাষ্ট্রের এমআইটি থেকে প্রশিক্ষণ নেওয়া স্নায়ুবিজ্ঞানী আফিয়া বর্তমানে সে দেশের কারাগারে রয়েছেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তাঁকে ২০০৮ সালে আফগানিস্তান থেকে আটক করে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফলির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সিরিয়া ও ইরাকের অংশবিশেষ দখল করে খিলাফত ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএসকে ‘ক্যানসার’ আখ্যায়িত করে ওবামা আরও বলেন, এই গোষ্ঠীর মতাদর্শ ‘দেউলিয়া’ হয়ে পড়েছে।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ওই ভিডিওর নিন্দা জানিয়েছে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক সংগঠন দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বলেছে, তারা আইএসের হাতে এখনো আটক থাকা সব সাংবাদিককে নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। ইন্টারপোলের প্রধান রোনাল্ড নোবেল গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ফলিকে হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, আইএসের হুমকি রুখতে বৈশ্বিক পদক্ষেপ নিতে হবে।
বিমান হামলা: ইরাকে হামলা অব্যাহত থাকলে জিম্মি আরেক মার্কিন সাংবাদিককে হত্যা করা হবে বলে আইএস জঙ্গিরা হুমকি দেওয়া সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল পর্যন্ত দুই দিনে গুরুত্বপূর্ণ মসুল বাঁধের কাছে জঙ্গি অবস্থানে ১৪ দফা বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে ইরাকে আইএসবিরোধী আন্তর্জাতিক তৎপরতায় অংশ নিতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরি।