মায়ের উপহারের অর্থ নিয়ে প্রশ্নের মুখে ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জনসমক্ষে আয়কর বিবরণী প্রকাশ করলেন পারিবারিক আর্থিক বিষয়াদি নিয়ে প্রশ্নের মুখে পড়া ডেভিড ক্যামেরন। পানামা পেপারসের নথিতে তাঁর প্রয়াত বাবার কথিত কর ফাঁকির উল্লেখ থাকায় অব্যাহত সমালোচনার মুখে এই হিসাব প্রকাশ করলেন ক্যামেরন।

এদিকে সদ্য প্রকাশ করা গত সাত বছরের আয়কর বিবরণী অনুযায়ী মায়ের কাছ থেকে ক্যামেরনের উপহার পাওয়া ২ লাখ পাউন্ডের জন্য উত্তরাধিকার কর দেওয়া উচিত কি না, তা নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে।

বিবরণীর তথ্য অনুযায়ী, গত ছয় বছরে ডেভিড ক্যামেরনের আয় ছিল ১১ লাখ পাউন্ড এবং এর বিপরীতে তিনি কর দিয়েছেন ৪ লাখ পাউন্ড। বিবরণী বলছে, ২০১০ সালে বাবা ইয়ান ক্যামেরনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি বাবার অর্থ থেকে ৩ লাখ পাউন্ড পান। পরের বছর মা মেরি ক্যামেরনের কাছ থেকে তিনি উপহার হিসেবে পান ২ লাখ পাউন্ড। ব্রিটিশ আইন অনুযায়ী, উপহার দেওয়ার পরবর্তী সাত বছরের মধ্যে দানকারী মায়ের মৃত্যু হলে ক্যামেরনকে ওই অর্থের ৪০ শতাংশ কর দিতে হবে।

বাবা-মায়ের কাছ থেকে পাওয়া মোট ৫ লাখ পাউন্ডের বিষয়ে মন্ত্রীরা বলেছেন, এতে কোনো অনিয়ম ঘটেনি। তবে বিরোধী দল লেবার পার্টির নেতারা বলেছেন, এ বিষয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে।

লেবার দলের প্রধান জেরেমি করবিন বলেছেন, ‘মায়ের কাছ থেকে ক্যামেরনের পাওয়া অর্থ কর আইন লঙ্ঘন করেছে কি না, তা দেখার অবকাশ রয়ে গেছে। এসব প্রশ্নের জবাব ক্যামেরনকেই দিতে হবে।’

যুক্তরাজ্যের কর আইন অনুযায়ী, স্বজনের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে কেউ সোয়া তিন লাখ পাউন্ডের বেশি অর্থসম্পদ পেলে তাঁকে এর ৪০ শতাংশ উত্তরাধিকার কর হিসেবে দিতে হয়।

পানামার আইনি পরামর্শক সংস্থা মোসাক ফনসেকার ফাঁস হওয়া আলোচিত নথি অনুযায়ী, ডেভিড ক্যামেরনের বাবা ইয়ান ক্যামেরন অফশোর ট্রাস্ট ব্লেয়ারমোর হোল্ডিংস ইনকরপোরেটের মালিক ছিলেন। নথি বলছে, এ প্রতিষ্ঠানের মাধ্যমে ইয়ান যুক্তরাজ্যে কর ফাঁকি দিয়ে বিদেশে ৩০ বছর ধরে অর্থ জমা রেখেছিলেন। উত্তরাধিকার সূত্রে ওই তহবিলেরই লভ্যাংশ পেয়েছেন ডেভিড ক্যামেরন।

ফাঁস হয়েছে পুতিনের নির্দেশে: যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই পানামা পেপারস ফাঁস হয়েছে বলে দাবি করেছেন একজন সুপরিচিত মার্কিন বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞের নাম ক্লিফোর্ড গ্যাডি। নব্বইয়ের দশকে তিনি রুশ অর্থ মন্ত্রণালয়ের পরামর্শক হিসেবে কাজ করেছেন। ক্লিফোর্ডের বক্তব্য, নথিতে পুতিনের ঘনিষ্ঠ সহচরদের বিরুদ্ধে বিদেশে বিশাল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ উঠেছে, কিন্তু পুতিন নিজে অর্থ পাচারে জড়িত—এ রকম কোনো প্রমাণ নেই। কাজেই সহচরদের তুলনায় নিজে কতটা দুর্নীতিমুক্ত, তা দেখাতেই পুতিন ওই নথিপত্র ফাঁসে উৎসাহ দিয়ে থাকতে পারেন।