ফাইজারের টিকার সুখবরে যা বললেন বাইডেন

জো বাইডেনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ‘ইতিবাচক সংবাদের’ প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার বলেছে, তাদের টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। এ প্রসঙ্গে এই কথা বলেন বাইডেন। তবে তিনি এও বলেন, করোনাভাইরাসের টিকার অগ্রগতি বৈজ্ঞানিক ভিত্তিতে এবং স্বচ্ছ হতে হবে।

সিএনএনের খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কঠোর পর্যালোচনা করে টিকা অনুমোদনের প্রক্রিয়া পরিচালনা করবে বলে আশা করছি। টিকা অনুমোদনের প্রক্রিয়াটি বৈজ্ঞানিক ভিত্তিতে ও স্বচ্ছ হতে হবে, যাতে মার্কিনরা অনুমোদিত টিকা নিরাপদ ও কার্যকর বলে আস্থা রাখতে পারে।’ এর আগে বাইডেনের নতুন করোনাভাইরাস উপদেষ্টা পরিষদ এ নিয়ে ব্রিফিং করে।

বাইডেন আরও বলেন, অনুমোদনের পরেও একটি টিকা সহজলভ্য হতে অনেক সময় লাগতে পারে।

ফাইজারের ঘোষণাকে উৎসাহব্যঞ্জক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। টুইটে তিনি বলেন, ‘আমরা টিকা নিয়ে এমন উৎসাহব্যঞ্জক খবরকে স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, করোনাভাইরাস দমনে যারা নিরাপদ ও কার্যকর টিকা নিয়ে কাজ করছে, তাদের সবাইকে ডব্লিউএইচও স্যালুট জানায়।

ফাইজার তাদের টিকার কার্যকারিতা নিয়ে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের স্বাস্থ্যবিষয়ক সহকারী সচিব অ্যাডমিরেল ব্র্যাট জেরওয়া বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে এই টিকা এবং অন্য যেসব টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, সেগুলো সবই এই মহামারির বিরুদ্ধে কার্যকর হবে। তবে যত দিন পর্যন্ত এই টিকা সব মানুষের কাছে পৌঁছানো সম্ভব না হয়, তত দিন আমাদের অনেক কাজ করার আছে।’

অনুমোদনের পরেও একটি টিকা সহজলভ্য হতে অনেক সময় লাগতে পারে
জো বাইডেন

ব্র্যাট জেরওয়া সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করা চালিয়ে যেতে বলেছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাসের পরীক্ষাও খুব গুরুত্বপূর্ণ।

টিকা নিয়ে ফাইজার সুখবর দিয়েছে বলে জানান মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। তবে তিনি বলেন, এই টিকা বিতরণে সময় লাগবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জো বাইডেনও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন।