ফার্গুসনে নিরাপত্তা জোরদার, আরও বিক্ষোভের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্গুসনে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। ছবি: রয়টার্স
ফার্গুসনে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে। ছবি: রয়টার্স

কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলিতে বিক্ষোভ চলছেই। আরও ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আধা সামরিক বাহিনীর দুই সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। 
ব্রাউনকে গুলি করে হত্যা করা পুলিশের শ্বেতাঙ্গ সদস্য ড্যারেন উইলসনকে অভিযুক্ত না করার সিদ্ধান্তে স্থানীয় সময় গত সোমবার রাতে ফার্গুসনে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।
মিজৌরি অঙ্গরাজ্যের গভর্নর জে নিক্সন বলেছেন, গতকাল মঙ্গলবার ফার্গুসনের কাছে ন্যাশনাল গার্ডের দুই হাজার দুই শতাধিক সদস্য মোতায়েন করার আদেশ দেওয়া হয়েছে। কয়েক শ সদস্য থাকবেন ফার্গুসনে।
ফার্গুসনে গতকাল দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ানো হয়েছে। গতকাল রাতে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য কয়েকটি অঙ্গরাজ্যেও বিক্ষোভ চলছে।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, এ ধরনের কাজ যাঁরা করেছেন, তাঁরা অপরাধী। তাঁদের বিচারের আওতায় আনা হবে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ সদস্য উইলসন বলেছেন, ‘আমি জানি, আমি সঠিক কাজ করেছি।’
গত ৯ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন ব্রাউন। নিরস্ত্র ব্রাউনকে বিনা প্রয়োজনে গুলি করে হত্যার অভিযোগে তখনই প্রতিবাদ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে।
এ হত্যাকাণ্ডে পুলিশের সদস্য উইলসনকে অভিযুক্ত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছিল স্থানীয় সেন্ট লুইস কাউন্টির গ্র্যান্ড জুরির ওপর। গ্র্যান্ড জুরি তাঁদের সিদ্ধান্তে জানান, উইলসন আত্মরক্ষার্থে গুলি করায় ব্রাউন মারা গেছে। তাই উইলসনকে অভিযুক্ত করা হয়নি। এই সিদ্ধান্তে নতুন করে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে।