ফার্গুসন শহরের প্রধান নির্বাহীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন উপশহরের প্রধান নির্বাহী। কেন্দ্রীয় সরকারের বিচার বিভাগ শহরটির পুলিশ এবং বিচারব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসি ও রয়টার্সের।
ফার্গুসন শহরের প্রশাসন জানায়, গত মঙ্গলবার পৌর পরিষদ প্রধান নির্বাহী জন শোর পদত্যাগ সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। গত বুধবার প্রকাশিত বিচার বিভাগের প্রতিবেদনে শহরটির প্রশাসনের যে কয়জনের তীব্র সমালোচনা করা হয়, শো তাঁদের মধ্যে অন্যতম।
এর আগে গত সোমবার ওই প্রতিবেদনের একই ধরনের অভিযোগের ভিত্তিতে শহরের পৌর বিচারকও পদত্যাগ করেন।
কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনে বলা হয়, শহরটির পুলিশ এবং বিচারব্যবস্থা ব্যাপকভাবে বর্ণবাদী।