যুক্তরাষ্ট্রের মিজৌরির ফার্গুসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্ণবাদী আচরণ করেছেন বলে প্রতিবেদন প্রকাশের পর মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, ফার্গুসনের নেতাদের এ ব্যাপারে ‘তাৎক্ষণিক ও ব্যাপক’ ব্যবস্থা নিতে হবে। খবর এএফপির।
গত বছরের আগস্টে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া হলে নাগরিক অধিকার-সংক্রান্ত এই অনুসন্ধান শুরু করা হয়। বিচার বিভাগের অনুসন্ধানে পাওয়া আইনের অপব্যবহারের নমুনাকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করা হয়।
মাইকেল ব্রাউনকে গুলি করা পুলিশ কর্মকর্তা উইলসনকে ফৌজদারি মামলার না নেওয়ার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্তের ফলের সঙ্গে এ সিদ্ধান্ত খাপ খায় না। তিনি বলেন, উইলসনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে আরো তদন্ত হবে।
এদিকে তদন্তে পুলিশের বর্ণবাদমূলক ই-মেইল প্রকাশিত হওয়ার পর পুলিশের এক সদস্যকে চাকরিচ্যুত এবং দুজনকে বহিষ্কার করা হয়।