ফার্গুসনে দ্বিতীয় দিনেও মধ্যরাতের কারফিউ
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলিতে দ্বিতীয় দিনের মতো মধ্যরাতের কারফিউ বলবত্ রাখা হয়েছে।
পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার প্রেক্ষাপটে সেন্ট লুইসের ওই শহরতলিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।
সহিংসতার প্রেক্ষাপটে ফার্গুসন শহরতলিতে স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি ছিল। রাজ্যের গভর্নর জে নিক্সন এর আগের দিন জরুরি অবস্থা জারি করে কারফিউয়ের ঘোষণা দেন।
এদিকে নিহত কৃষ্ণাঙ্গ তরুণের মরদেহের কেন্দ্রীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।
ওই কৃষ্ণাঙ্গ তরুণের ভিডিওচিত্র প্রকাশ করায় পুলিশের সমালোচনা করেছেন রাজ্যের গভর্নর জে নিক্সন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় দিনে স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত পাঁচ ঘণ্টা কারফিউ চলবে। পরিস্থিতির প্রেক্ষাপটে এভাবে এক দিন এক দিন করে কারফিউ বাড়ানোর পরিকল্পনা করছেন কর্মকর্তারা।
বিক্ষোভকারীরা দ্বিতীয় দিনের কারফিউ মানবে কি না, তা স্পষ্ট নয়।
এর আগের দিন কারফিউ শুরু হওয়ার পর বিক্ষোভকারীরা তা উপেক্ষা করে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ আগস্ট ফার্গুসনের একটি সড়কে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন (১৮) নামের এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ফুঁসে ওঠে। এর পর থেকে ব্যাপক বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীদের কেউ কেউ সহিংস হয়ে ওঠে ও স্থানীয় দোকানপাটে লুটপাট চালায়।
গত শুক্রবার ফার্গুসনের পুলিশপ্রধান তরুণ মাইকেল ব্রাউনকে গুলি করা পুলিশের নাম প্রকাশ করেন। এ ছাড়া সিসিটিভিতে ধারণ করা একটি ভিডিওচিত্রও প্রকাশ করে পুলিশ। এতে দেখানো হয়, ব্রাউন স্থানীয় একটি দোকান থেকে সিগারেট চুরি করছেন। ভিডিও অনুযায়ী পরে দোকানিকে ভীতিপ্রদর্শনও করেন তিনি। এর কিছুক্ষণ পরই পুলিশের গুলিতে নিহত হন ব্রাউন।
ব্রাউনের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই ভিডিওচিত্র প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত। আইনবহির্ভূত এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওচিত্রটি প্রকাশ করেছে পুলিশ। ভিডিওচিত্র প্রকাশের পর বিক্ষোভকারীরা আরেক দফা ফুঁসে ওঠে। এর জের ধরে শনিবার কারফিউ জারি হয়।