ফার্গুসনে বর্ণবাদী আচরণ নিত্যনৈমিত্তিক ব্যাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বাবা হয়েই যে কথাগুলো শ্যন জ্যাকসনের মাথায় এসেছিল তার একটি হচ্ছে, ছেলেকে ভালো করে পুলিশের সঙ্গে কথা বলা শেখাতে হবে। একটু এদিক-ওদিক হলেই যে তাকে গ্রেপ্তার বা তার চেয়েও খারাপ কিছুর মুখোমুখি হতে পারে!
একজন কৃষ্ণাঙ্গ বাসিন্দার কাছে ফার্গুসন শহরতলির দৈনন্দিন জীবনটা এমনই। পুলিশের বর্ণবাদী আচরণ সেখানকার নিত্যদিনের ঘটনা বলে দাবি স্থানীয়দের।
গত সোমবার বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ৪৫ বছর বয়সী শ্যন জ্যাকসন। তিনি বলেন, ‘ফার্গুসনের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় যেকোনো কৃষ্ণাঙ্গই স্নায়ুর চাপে থাকে। মনে করে, এই বুঝি পুলিশ তাকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামাবে। আপনাকে হত্যাও করা হতে পারে, আবার জেলেও ভরা হতে পারে।’
ফার্গুসন এলাকা কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হলেও সেখানকার পুলিশের কর্মীবাহিনীতে শ্বেতাঙ্গরা সংখ্যায় তুলনামূলকভাবে অনেক বেশি।
জ্যাকসন জানালেন, তিনি কতবার যে পুলিশের হয়রানির শিকার হয়েছেন তার ইয়ত্তা নেই। ফলে তিনি নিজের তরুণ ছেলেকে শিখিয়ে দিয়েছেন, পুলিশ কখনো থামালেই হাত দুটো ওপরে তুলে ফেলতে হবে। দরকারমতো বলতে হবে ‘ইয়েস স্যার, নো স্যার’।
কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের বৈষম্যমূলক আচরণের চিত্র পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যানেও। দেখা গেছে, ২০০৩ থেকে ২০০৯ সালের মধ্যে ‘গ্রেপ্তারসংশ্লিষ্ট’ হত্যাকাণ্ডের যে দুই হাজার ৯৩১টি ঘটনা ঘটেছে, তার শিকারদের ৩২ শতাংশই কৃষ্ণাঙ্গ। অথচ তারা দেশটির মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ। মার্কিন বিচার বিভাগের এক প্রতিবেদন বলছে, কৃষ্ণাঙ্গ ও হিসপানিকরা শ্বেতাঙ্গদের তূলনায় তিন গুণ বেশি পুলিশি তল্লাশির শিকার হয়।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের হিসাবমতে, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ পুরুষদের প্রতি তিনজনের একজনের কারাগারে যাওয়ার অভিজ্ঞতা হতে পারে। আর কৃষ্ণাঙ্গ স্কুলশিক্ষার্থীদের তাদের শ্বেতাঙ্গ সহপাঠীদের চেয়ে অনেক বেশি গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে থাকে।
ফার্গুসনের কৃষ্ণাঙ্গরা বলছে, গত ৯ আগস্ট মাইকেল ব্রাউনের ভাগ্যে যা ঘটেছে, তা ঘটতে পারত তাদের যে কারোরই। ৫৬ বছর বয়সী ড্যারেল আলেক্সান্ডার বলেন, ‘একজন কৃষ্ণাঙ্গ পুরুষ হিসেবে আমি এটা বুঝতে পারি। আমি জানি, তারা আমাকেও গুলি করতে পারত। এটা একেবারেই বর্ণবাদী আচরণ।’
অবসরপ্রাপ্ত নার্স আলেক্সান্ডার নিজেও অনেকবার পুলিশের হয়রানির শিকার হয়েছেন। একবার তাঁকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল কার্যত বিনা কারণে। রাত ১২টার পর তিনি নিজ এলাকায় গাড়ি চালাচ্ছিলেন। পুলিশের নাকি মনে হয়েছিল, তিনি ওই এলাকার বাসিন্দা নন। আলেক্সান্ডার বলেন, ‘এমন অনেক ঘটনাই রয়েছে, যেগুলো শ্বেতাঙ্গ আমেরিকা কখনোই উপলব্ধি করে না। তাই ফার্গুসনের বিক্ষোভের আগুন অস্বাভাবিক কিছু নয়।’
সূত্র: এএফপি