ফার্গুসনে বিক্ষোভ, সেন্ট লুইসে জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে সোমবার এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় অস্ত্র হাতে সতর্ক অবস্থানে পুলিশের এক কর্মকর্তা। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে সোমবার এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় অস্ত্র হাতে সতর্ক অবস্থানে পুলিশের এক কর্মকর্তা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরের রাজপথে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টি ও আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হওয়ার বার্ষিকীতে ফার্গুসনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার সকালে ফার্গুসনের রাজপথে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভ অংশ নেয় প্রায় ২০০ বিক্ষোভকারী। তাদের কারও হাতে ছিল পতাকা। কারও সঙ্গে ঢাকঢোল। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়।
গতকাল সোমবার একদল বিক্ষোভকারী একটি সড়কপথ অবরোধ করে। এ সময় পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে।
উদ্ভূত পরিস্থিতিতে গতকালই মিসৌরির সেন্ট লুইস শহরতলি ও আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করে কর্তৃপক্ষ।
এর আগে গত রোববার রাতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে এক কৃষ্ণাঙ্গ তরুণ গুরুতরভাবে আহত হয়। পরে তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর শহরের পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।
মিসৌরির গভর্নর জে নিক্সন বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গত বছরের ৯ আগস্ট ফার্গুসনে মাইকেল ব্রাউন (১৮) পুলিশের গুলিতে নিহত হন। ব্রাউনকে নিরস্ত্র অবস্থায় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। এ হত্যাকাণ্ডের পর ফার্গুসনসহ পুরো যুক্তরাষ্ট্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। অভিযোগ থেকে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে গ্র্যান্ড জুরি ও মার্কিন বিচার বিভাগ অব্যাহতি দেওয়ায় পরে আরও বিক্ষোভ দেখা দেয়।