ফার্গুসনের ঘটনায় বন্দুক কিনছেন শ্বেতাঙ্গরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন থেকে অন্যান্য শহরে ছড়িয়ে পড়া কৃষ্ণাঙ্গদের বিক্ষোভের ঘটনায় বন্দুকের বিক্রি বেড়ে গেছে। বিশেষ করে শ্বেতাঙ্গরা বেশি বন্দুক কিনছেন। আগে যেখানে দিনে তিন থেকে পাঁচটি বন্দুক বিক্রি হতো, সেখানে এখন বিক্রি হয় ২০ থেকে ৩০টি। মিজৌরির সেন্ট লুইসের বাইরে সেন্ট পিটার্সের দ্য আলটিমেট ডিফেন্স ফায়ারিং রেঞ্জ ও ট্রেনিং সেন্টার এ কথা জানিয়েছে। 

ওই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তব্যরত পুলিশ কর্মকর্তা পল বাস্টেনের ভাষ্য, বন্দুকের বিক্রি বেশ বেড়েছে। ফার্গুসনের পরিস্থিতি নিয়ে মানুষের মনে একধরনের ভয় কাজ করছে।
এএফপির খবরে জানানো হয়, ফার্গুসনের বাসিন্দাদের মধ্যে অনেকে ভয়ে এখন মিজৌরিতে মূল এলাকায় থাকেন। দুই রাত আগেও তাঁরা চারপাশে গুলিবর্ষণ দেখেছেন। তাই তাঁদের মধ্যে ভয় বেশি।
সাধারণত ৩৪ শতাংশ মার্কিনি বাড়িতে বন্দুক, রাইফেল বা পিস্তল রাখেন। গত জুলাই মাসে পিউ রিসার্চ সেন্টারের পরিচালিত জরিপে জানা যায়, তাঁদের মধ্যে ৪১ শতাংশ শ্বেতাঙ্গ, ১৯ শতাংশ কৃষ্ণাঙ্গ।
ফার্গুসনে বিক্ষোভের পরে বন্দুকের বিক্রি বেড়ে যাওয়ার কারণ জানাতে গিয়ে নিয়মিত ক্রেতা জেভ বলেন, ‘আমরা বিভিন্ন হুমকির মুখে। তাই মানুষ মনে করে আত্মরক্ষার জন্য নিজেদের কাছে অস্ত্র থাকা দরকার।’
ফার্গুসনে বর্ণবাদী আচরণ নিত্যনৈমিত্তিক ব্যাপার!
যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন থেকে কৃষ্ণাঙ্গদের ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য নগরে​ও। নিউইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেসসহ অন্তত ১৭০টি নগরে গত মঙ্গলবার রাজপথে নেমেছে মানুষ। তবে সহিংসতার মাত্রা ও গ্রেপ্তারের সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কম ছিল।
ফার্গুসনে গত ৯ আগস্ট শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন। এ ঘটনায় গঠিত গ্র্যান্ড জুরি গত সোমবার সিদ্ধান্ত দেন, পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন আত্মরক্ষার জন্যই গুলি করার ফলে ব্রাউনের মৃত্যু ঘটেছে। এ কারণে তাঁকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়নি। এই সিদ্ধান্ত প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে ফার্গুসনের মানুষ।