ফিউনারেল হোমে এখনো ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে সব কর্মকাণ্ড আবার পুরোদমে শুরু করার জন্য নেওয়া নানা পরিকল্পনার ডামাডোলের মধ্যে নগরের ফিউনারেল হোমগুলো করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রতিদিন শোকাহত শত শত পরিবার ফিউনারেল হোমে এসে ভিড় জমাচ্ছেন।
হারলেমের ইন্টারন্যাশনাল ফিউনারেল চ্যাপলে কর্মরত শেলী সেইজের সামনে রাখা টেবিলে শত শত মৃত্যু সংক্রান্ত ফাইলের স্তূপ জমে আছে এবং টেবিলে রাখা টেলিফোন বেজেই চলছে। সেইজ দিনের অধিকাংশ সময় টেলিফোনে স্বজনদের সঙ্গে আলাপ করে কাটান যাদের প্রিয়জন করোনার ছোবলে হারিয়ে গেছে।
এলিসা নভরেজ নামের এক কর্মচারী জানান, তিনি প্রতিদিন বাড়ি যাওয়ার আগে ভালো করে গোসল করে জীবাণুনাশক লাইসল দিয়ে জীবাণুমুক্ত করে যান। আরেক কর্মচারী জেনি অ্যাডামস জীবাণুর আক্রমণের ভয়ে নিজের সন্তানকে তার দাদির কাছে রেখে এসেছেন।
জেনি বলেন, সত্যি এখন বড় বাজে সময় চলছে। স্বাভাবিক সময়ে শেষকৃত্যের সব আনুষ্ঠানিকতার আগে ভিডিও করা হতো, যা এখন সম্ভব নয় বলে অনেক স্বজন ব্যথাতুর। প্রত্যেকটি মৃতদেহকে আমরা যথোপযুক্ত সম্মান ও সমান মর্যাদা দিয়ে সব আনুষ্ঠানিকতা শেষ করি। কারণ, যে যেভাবেই মারা যান না কেন, তার শেষ সম্মান দেওয়ার বেলয় আমরা কোনো কার্পণ্য করছি না।
এসব কথা বলার সময় পরিশ্রান্ত নভরেজকে বেশ শোকাহত দেখাচ্ছিল।