ফিকে হয়ে আসছে হলুদ ট্যাক্সির স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্যাক্সি নিয়ে এভাবে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীর অপেক্ষায় থাকতে হচ্ছে হলুদ ট্যাক্সিচালকদের l ছবি: হেলিম উদ্দিন আহমেদ
ট্যাক্সি নিয়ে এভাবে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীর অপেক্ষায় থাকতে হচ্ছে হলুদ ট্যাক্সিচালকদের l ছবি: হেলিম উদ্দিন আহমেদ

হলুদ ট্যাক্সির পেছনে ছুটতে গিয়ে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে নিউইয়র্কে অনেক বাংলাদেশির। নিউইয়র্ক নগরীর ট্যাক্সি মেডালিয়ানের বাজারমূল্য ১০ লাখ ডলার থেকে নেমে মাত্র ২ লাখ ডলারে ঠেকেছে। উবারসহ অন্যান্য প্রযুক্তিনির্ভর ট্যাক্সির দাপটে এখন এই বাংলাদেশিদের পথে বসার উপক্রম। অনেকে দেনার দায়ে দেউলিয়া হয়ে গেছেন। হাজার হাজার প্রবাসী ক্যাবচালক কার্যত বেকার হয়ে পড়েছেন। টিকে থাকার সংগ্রামও ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
নিউইয়র্কের হলুদ ট্যাক্সি এই নগরীর ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। নগর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে এই ট্যাক্সি। আশির দশক থেকেই নিউইয়র্কে বাংলাদেশিরা ট্যাক্সিক্যাবের সঙ্গে যুক্ত হতে থাকেন। অনেকটা স্বাধীন কর্মঘণ্টা এবং কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য ভালো আয়ের সূত্র হিসেবে ক্যাব চালানো জনপ্রিয় হতে থাকে। নগরীর নিয়ন্ত্রণাধীন ‘ট্যাক্সি এবং লিমোজিন’ কমিশন এই হলুদ ট্যাক্সি সর্বতোভাবে নিয়ন্ত্রণ করে আসছে।
হলুদ ট্যাক্সি চলার জন্য ছোট আকারের ধাতব ‘মেডেল’, যা মেডেলিয়ান নামে পরিচিত। এ মেডেলিয়ান নগরীর কড়া নিয়ন্ত্রণে নিলামে বিক্রি করা হয়ে থাকে। নিউইয়র্কে মূলত ইহুদি ধনকুবেররা এখনো এই মেডেলিয়ানের সিংহভাগের মালিক। ব্যয়বহুল এই মেডেলিয়ানের মালিকানা নব্বইয়ের দশক থেকে কিছু কিছু করে ভারতীয় উপমহাদেশের লোকজনের হাতে আসতে থাকে। যাঁরা দিনে ১৭-১৮ ঘণ্টা ক্যাব চালিয়ে নিউইয়র্কে বাড়ি করেছেন, দেশের স্বজনদের দেখভাল করেছেন, তাঁদের একটি অংশ মেডেলিয়ানের মালিকানা গ্রহণ করতে শুরু করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ঘটনার পর মেডেলিয়ানের বাজারমূল্যে কিছুটা ভাটা পড়লে প্রবাসীরা এর মালিকানা গ্রহণ করতে থাকেন। আড়াই থেকে তিন লাখ ডলার দিয়ে মালিকানা গ্রহণ করা মেডেলিয়ানের বাজারমূল্য ২০১৩ সালে ১৩ লাখ ডলার ছুঁয়ে যায়।
এর মধ্যে বাংলাদেশিদের ব্যাপক আগমন ঘটে নিউইয়র্কে। চালক হিসেবে অনেকেই সম্পৃক্ত হতে থাকেন ক্যাব চালানোর সঙ্গে। মাত্র এক দশকের মধ্যে নিউইয়র্কের হলুদ ক্যাবে বাংলাদেশি ক্যাবচালকের সংখ্যা সংখ্যাগরিষ্ঠে পৌঁছায়। মেডেলিয়ান মালিকানা থেকে ড্রাইভিং স্কুল, গাড়ি মেরামতের কারখানা, বিমা অফিসসহ গাড়ি বন্ধকের ব্যবসা নিয়ে হলুদ ট্যাক্সি নিউইয়র্কে বাংলাদেশিদের কর্মযজ্ঞ ও অর্থনৈতিক সাচ্ছল্য লক্ষণীয় হয়ে ওঠে। বাংলাদেশের একাধিক সাবেক সংসদ সদস্য, দেশ থেকে আসা ডাক্তার, আইনজীবী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাবেক কূটনীতিককে নিউইয়র্কে হলুদ ট্যাক্সি চালাতে দেখা গেছে। স্বাধীন পেশা হিসেবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ব্যাপকভাবে জড়িয়ে পড়েন এই পেশায়।
২০১৩ সাল থেকে হলুদ ক্যাবের এই স্বপ্নযাত্রা ফিকে হতে শুরু করে। প্রযুক্তিনির্ভর ক্যাব ‘উবার’ তাদের যাত্রা শুরু করে। অ্যাপসনির্ভর উবারের পথ ধরে আরও কিছু প্রতিষ্ঠান এমন ট্যাক্সি বাণিজ্য শুরু করলে প্রথমে নিউইয়র্ক নগরীতে তা প্রতিরোধ করা হয়। একপর্যায়ে আইনের ফাঁক গলে উবার নিউইয়র্ক নগরীতে যাত্রা শুরু করে। তখনকার মেয়র মাইকেল ব্লুমবার্গ উবারসহ অ্যাপসনির্ভর ট্যাক্সি বাণিজ্যকে নগরীতে বাণিজ্য করার ঢালাও অনুমোদন প্রদান করেন। অনেক মেডেলিয়ান মালিক ও ক্যাবচালকেরা এখনো তৎকালীন মেয়র মাইকেল ব্লুমবার্গকে বর্তমান অবস্থার জন্য দায়ী করেন। নিউইয়র্ক নগরীতে ১৩ হাজারের কিছু বেশি হলুদ ট্যাক্সি আছে। বিভিন্ন তথ্যমতে, উবারের গাড়ির সংখ্যা নিউইয়র্কে ৬৫ হাজার। এর মধ্যে গ্রিন ক্যাব, লিমো সার্ভিসসহ অন্যান্য ট্যাক্সি সার্ভিস অনেকটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। নগর কর্তৃপক্ষ বা টিএলসি তাদের নিয়ন্ত্রণ করে মিলিয়ন মিলিয়ন ডলারের আয় করছে। ক্যাবচালকদের এই দুর্দশার পরও অনেকটাই বিকারহীন নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ।
হাজার হাজার গাড়ি গ্যারেজে পড়ে আছে চালকের অভাবে। যাত্রীর অপেক্ষায় বিমানবন্দরে ও নগরীর বড় বড় হোটেলের সামনে দীর্ঘ লাইন হলুদ ট্যাক্সির। যাঁরা প্রবাসজীবনের ২০-২৫ বছর কাটিয়েছেন ক্যাব চালিয়ে, তাঁদের এখন অন্য কোনো পেশায় ফেরার অবকাশ কম। মানিক উদ্দিন নামে এক ক্যাবচালক জানালেন, যাত্রীর জন্য এখন চার ঘণ্টা পর্যন্ত লাইন দিতে হয়। তিনি বলেন, এর মধ্যে নানা হোটেল ও বিমানবন্দরে ডেসপাসে নিয়োজিত লোকজনের স্বজনপ্রীতির অভিযোগ আছে। অনেকে লাইনে থেকেও বঞ্চিত হন। হোটেলের ডোরম্যানরা ফোন করে বা আগাম খবর দিয়ে লাইনের বাইরে থেকে উবার, লিমো নিয়ে আসেন।
জেএফকে বিমানবন্দরে দীর্ঘ তিন ঘণ্টা যাত্রীর অপেক্ষায় লাইনে দাঁড়ানো জ্যামাইকান অভিবাসী গ্যারি। ২২ বছর বয়স থেকে হলুদ ক্যাব চালান। জানালেন, একসময় সাধারণ দিনেও সব ব্যয় সামাল দিয়ে ১০ ঘণ্টা কাজ করে ৩০০ থেকে ৪০০ ডলার আয় হতো। গ্যারি জানালেন, এখন ১৪ ঘণ্টা কাজ করে ১০০ ডলার আয় করতে হিমশিম খেতে হচ্ছে।
জেএফকেতে ক্যাব নিয়ে দাঁড়িয়ে থাকা শাহ মিজান জানালেন, ক্যাব চালিয়ে মেডেলিয়ানের মালিক হয়েছিলেন। মিলিয়ন ডলারের মেডেলিয়ানের বাজারমূল্য এখন তলানিতে ঠেকেছে। তাঁর সঙ্গে কথা বলেই জানা গেল, অনেকেই মেডেলিয়ান কিনে এখন দেউলিয়া হয়ে পড়েছেন। উচ্চমূল্যের সময় এসব মেডেলিয়ানের বিপরীতে ব্যাংক ঋণ দিয়েছে। অনেকেই বাজারমূল্যের ৮০ শতাংশ ঋণ উঠিয়ে অন্য কাজে অর্থ ব্যয় করেছেন। সন্তানকে কলেজে পাঠিয়েছেন, বাড়ি করেছেন, দেশে স্বজনদের সামাল দিয়েছেন। এখন মেডেলিয়ানের বাজারমূল্য অনেক কম। কিন্তু ব্যাংকগুলো ঋণ শোধের ব্যাপারে ছাড় দিচ্ছে না। অনেকেই আদালতে দেউলিয়ার জন্য আবেদন করছেন। কেউ কেউ মেডেলিয়ান নগর কর্তৃপক্ষের কাছে ফেরত দিচ্ছেন ঋণের বোঝা কাঁধে নিয়েও।
টিএলসি সূত্রে জানা গেছে, অর্ধশতাধিক মেডেলিয়ান এখন নিলামের অপেক্ষায়। আরও হাজার খানেকের অবস্থা একই। মেডেলিয়ান ব্যবসার সঙ্গে জড়িত ব্রোকারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁরা জানেন না এই অবস্থার কোনো সুরাহা আছে কি না। তাঁরা বলছেন, অন্য ব্যবসার মতো এই ব্যবসা ও পেশায় এখন ধস নেমেছে। যেকোনো ব্যবসা ও পেশায় সময়ের সঙ্গে সঙ্গে এমন হতে পারে।
লাগার্ডিয়া এয়ারপোর্টের লাইনে দুই ঘণ্টা ধরে দাঁড়ানো আবদুল কুদ্দুস জানালেন, শুধু হলুদ ক্যাব নয়; উবার, গ্রিন ক্যাবসহ নানা কারণে ব্যবসা এখন ধসে পড়েছে। নিউইয়র্কে বাংলাদেশিসহ অভিবাসীদের প্রিয় এই পেশায় টিকে থাকার সংগ্রাম করছেন জড়িত ব্যক্তিরা।