ফিরে আসে শৈশব স্মৃতি
আমাদের বাসার খুব কাছাকাছি শাহজালালের মাজার শরিফ। তখন ঘরে হুজুর রেখে আরবি পড়ার প্রচলন ছিল না। বড় ভাইসহ পরবর্তী ছোট তিন ভাইবোন সবাই মিলে দরগার মসজিদে আরবি পড়তে যেতাম। কলোনির মসজিদ রেখে দরগা মসজিদে পড়ার কারণ ছিল শিন্নি খাওয়ার সুযোগ। সেই শিন্নি খাওয়াও যে কত বিচিত্র ছিল এখন মনে হলে হাসতে থাকি।
এ ছাড়া আকর্ষণ করত দরগার কবুতর, পুকুরের গজার মাছ, জমজমের পানি এবং সেখানকার সোনালি মাছ। মাটির ব্যাংকে না ফেলে বড় বড় পাতিলে কেন মানুষ টাকা ফেলে? এটাও বুঝতে পারতাম না। অবাক বিস্ময় নিয়ে সে টাকা-পয়সা দেখতাম। গোনার বৃথা চেষ্টা করে যেতাম। কিন্তু যে এক দুই তিন ভালো মতো গুনতে শেখেনি, তার অঙ্ক কী আর মেলে!
দরগার সবকিছুই অবাক করত। ফকিরদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে হাত পেতে শিন্নি নেওয়াটা ছিল বিশ্ব জয়ের মতো। খাদেমদের যারা আমাদের চিনতেন, মসজিদের ছাত্র বলে তাঁরা বকা দিতে কুণ্ঠিত হতেন না। আবার কেউ কেউ মুসাফিরের চেয়েও বেশি দিতেন। গরম সে তুষা শিন্নির স্বাদ ছিল অমৃতের মতো।
দরগা মসজিদ হলো পুরুষেরা যেখানে ওপরে নামাজ পড়েন, তার নিচের ঘরসহ। আমরা নিচেই পড়তাম। কায়দা বা সুরা পড়ার পর বিভিন্ন দলে গোল করে আমাদের দাঁড়াতে হতো। অস্পষ্টভাবে মনে পড়ে, আমরা একটু বাইরের দিকে নিম গাছের নিচে দাঁড়াতাম এবং কোরাস গানের মতো দোয়া মুখস্থ করতাম।
দরগার সবকিছুই অবাক করত। ফকিরদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে হাত পেতে শিন্নি নেওয়াটা ছিল বিশ্ব জয়ের মতো। খাদেমদের যারা আমাদের চিনতেন, মসজিদের ছাত্র বলে তাঁরা বকা দিতে কুণ্ঠিত হতেন না। আবার কেউ কেউ মুসাফিরের চেয়েও বেশি দিতেন। গরম সে তুষা শিন্নির স্বাদ ছিল অমৃতের মতো।
মসজিদ থেকে বের হয়ে বামে মোড় নিলে একটা রেস্তোরাঁ ছিল। সেখানে সামনেই পরোটা ভাজা হতো। বড় গরম তাওয়াতে এক সঙ্গে অনেকগুলো গোল গোল পরোটা। শব্দ ভেসে আসত এই টেবিলে দুইটা পরোটা, দুই কাপ চা। সকালে এমনিতেই খালি পেট, তার মধ্যে পরোটা আর তুষা শিন্নির ঘ্রাণে আরও যেন বেশি খিদা লাগত। বাচ্চাদের মতো কাঙাল হয়ে দাঁড়িয়ে দেখেছি ভেতরে খাওয়া খাদ্যের উৎসব। নানা রকম ফরসা পাঞ্জাবি পরা ক্রেতাদের ভিড়। সে জগৎ থেকে ফিরে আসতাম যখন আমাদের বড় ভাই এসে ধমক দিতেন বা মাথায় একটা চাটি মারতেন।
পরোটা শিন্নির লোভ সামলে আসতে আসতে পাওয়া যেত একটা প্রাইমারি স্কুল। আমি তখনো স্কুলে যাই না তাই বোর্ডে নাম পড়তে পারি না। শুনেছি এটাকে গরু স্কুল বলে এবং তার চেয়ে বড় কথা এই গরু স্কুলে আমার বড় বোন পড়তেন। বড় আপা খুব ফিটফাট একজন রমণী আমার চোখে। উনি গরু স্কুলে কেন পড়লেন তা আমার শিশু মনে কিছুতেই আসত না? আমি ধরেই নিয়েছিলাম, এই স্কুলে গরুরা পড়ে এবং তখন কথায় কথায় বড়রা ব্যবহার করতেন এর চেয়ে তো গরু ভালো পড়বে। বড় হয়ে একদিন মেজো আপার কাছ থেকে জেনেছিলাম, দরগা প্রাথমিক বিদ্যালয়কে কেন গরু স্কুল বলা হতো? তখন স্কুল ঘরের চাল ছিল, বেড়া ছিল না। বৃষ্টি পড়লেই মাঠে চরা গরুগুলো এখানে এসে আশ্রয় নিত। আমার শিশুমনের এহেন বেড়াজালের অনেক স্মৃতি হঠাৎ মনে আসার কারণ হলো নিউইয়র্কের বন্য কবুতর।
মাঝে মাঝে আমি আর আমার ভাই মামুন আমরা দুজন আরবি পড়া শেষ করে দরগার ভেতরের দিকে চলে যেতাম। দুজনই তখনো স্কুল শুরু করিনি, বয়স চার বা পাঁচ। ছুটি হওয়ার পর আমরা দরগার মাছ দেখতে যেতাম। বা ঘরে যখন কেউ নেই আমরা ফড়িং ধরার জন্য বেরিয়ে পড়তাম। একটা এলাকায় কবুতরদের খাওয়া দেওয়া হয়। কবুতর আসে। এগুলোকে শাহজালালের জালালি কবুতর কেন বলা হয় তাও জানতাম না। সেই কবুতরকে কত লোক ধান কিনে খাওয়ায়! আমি কেন একটু ধান কিনতে পারতাম না? শিশু মনের এমন সব জটিল প্রশ্ন আমাকে কত ভাবে যে ক্ষতবিক্ষত করেছে!
আমি প্রায়ই কবুতরের পেছন পেছন হাঁটতাম একটু ধরার আশায়। শাহজালালের কবুতর ধরাও পাপ, ছোঁয়ায় পাপ। এসব কবুতরের মাংস খেলে রক্তবমি করে মানুষ মরে যায়। এমন সব বিচিত্র ভয়ংকর গল্পের লেখক ছিলেন আমার বড় ভাই বা সেজো আপা। এখন যখন ঝাঁক ঝাঁক কবুতর উড়ে আসে, আমার মাঝে মাঝে শাহজালালের সেই ধরতে না পারা কবুতরগুলোর কথা মনে হয়। মানুষের মনোজগৎ রহস্যে ঘেরা। অনেক কিছুই কেন যে হয় আমরা জানি না? সে কী আমাদের শিশু মনের ক্যানভাসে আঁকা ছবির রূপান্তর? নাকি অন্য কিছু আমরা জানি না? নিউইয়র্কের অজস্র কবুতরের মাঝে যেন আমার ছোটবেলার সেই ছবি লুকানো। এখন ১০ পয়সা বা চার আনার অভাব নেই ধান কেনার জন্য, সে শৈশবও নেই কিন্তু সে আনন্দ যেন আমাকে ছুঁয়ে আছে পরম মমতায়।