ফিরে দেখা
পঁচিশ বছর পর ডা. পুনব্রতকে খুঁজে পেলাম পেনসিলভানিয়ার বেলেফন্ট নামক ছোট্ট শহরে। অতিরিক্ত স্বাস্থ্য সচেতনতায় ওজন হারিয়েছেন, সাফল্য আর অভিজ্ঞতার মিশ্র ভাব চেহারায় থাকলেও কৌতুকের অভ্যাসটা যায়নি তাঁর।
-চিনতে পেরেছেন?
-আসলে অনেক রোগী ঠেলেছি তো, মনে পড়ছে না।
-অবশ্যই! ওই যে ঈদের দিন। পুরো হলি ফ্যামিলি হাসপাতালে আপনি একাই ডিউটি দিচ্ছিলেন...কোরবানির ঈদ ছিল ওই দিন...।
-হ্যাঁ, মনে পড়েছে, অ্যাপেন্ডিসাইটিসের শেষ মুহূর্তে আপনি এসেছিলেন। অপারেশন টেবিলে লম্বা পা আঁটছিল না বলে অ্যানেসথেসিয়ার ডাক্তার খুব হেসেছিলেন।
ফিরে গেলাম ৮৯-এর কোরবানি ঈদের দিনে। ব্যথায় কাতরাতে কাতরাতে দুপুরে হাজির হলাম হলি ফ্যামিলি হাসপাতালে। ব্যথাটা কয়েক দিন ধরেই ভোগাচ্ছিল আমাকে। একপর্যায়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হলে আব্বা ঈদের তোয়াক্কা না করেই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে হাসপাতালে নিলেন। সারা হাসপাতালে কোনো ডাক্তার-নার্স নেই। রোগীরা কাগজে সই দিয়ে বাড়ি গেছে ঈদে। সুনসান নীরবতা চারদিকে। শুধু একজন ডাক্তারই আছেন হাসপাতালের দায়িত্বে, সঙ্গে কয়েকজন নার্স।
সন্ধ্যার মুখে আমাকে সার্জারি রুমে নেওয়া হলো। সামান্য একটা সুঁইয়ের খোঁচাকে যমের মতো ভয় পাওয়া এই আমি চুপচাপ শুয়ে আছি অপারেশন টেবিলে। যেন পরাজিত সৈনিক, প্রতিবাদের ভাষা হারিয়েছি তুমুল ব্যথার কাছে। টুংটাং ধাতব যন্ত্রের আওয়াজ পাচ্ছি অদূরে। মাইনাস পাওয়ারের চশমাটা খুলে নেওয়া হয়েছিল বলে তেমন কিছু স্পষ্ট দেখতে পারছিলাম না। কেউ একজন ভীষণ শান্ত মেজাজে গলায় সুর তুলছিলেন, ভারী গলার সুর, বিশাল উঁচু ছাদের ঘরে সেই সুর আটকে পড়ে প্রতিধ্বনিত হয়ে ক্রমশ মূল ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছিল। তিনিই সেই একলা হাসপাতাল পাহারা দেওয়া ডাক্তার! ডা. পুনব্রত রায়। গোলগাল মুখটা নিয়ে কাছে এসে দাঁড়ালেন বলেই হালকা হাসিটা চোখে পড়েছিল। ভারী গলায় বললেন, ‘আপনাকে এখন অজ্ঞান করা হবে।’
এর আগে কখনো এত বড় শারীরিক সংকট নিয়ে হাসপাতালের দ্বারস্থ হইনি, সার্জারি বা অজ্ঞান তো দূরের কথা। আম্মা মাথায় হাত রেখে বলেছিলেন, ‘তুমি কিছুই টের পাবে না।’ কিন্তু আমার মনে হচ্ছিল ওই ধাতব ছুরির ঠান্ডা স্পর্শ আমাকে কেটেকুটে একশা করে দেবে। নাহ, জ্ঞান হারালে চলবে না। জেগে থাকতে হবে যতক্ষণ পারা যায়। সোজা হয়ে ছাদের দিকে তাকালাম। অনেক উঁচু ছাদ। যশোরে দাদাবাড়ির কড়ি-বর্গা দেওয়া ছাদটার মতো। তাতে সার দিয়ে ঝোলানো উজ্জ্বল অনেকগুলো বাতি। সাধারণত সার্জারি রুমে কোনো জানালা থাকে না। বাইরের আলো-বাতাস আর শব্দের অনুমতি নেই ও ঘরে ঢোকার। না হলে হয়তো দেখতাম সেই সন্ধ্যায় বৃষ্টি নামছে হাসপাতালের চত্বরের কাঠগোলাপের পাতা চুঁইয়ে। সেই ঝুম বৃষ্টি না দেখার হাহাকার কিছুক্ষণের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেল। মাথার ওপরের বাতিগুলো থেকে বিচ্ছুরিত আলোও মোহনার মতো মিশে গেল একে অন্যের সঙ্গে। আমার আর টনটনে জ্ঞান নিয়ে জেগে থাকা হলো না।
মেঝের একটু ওপর থেকে ছাদ অবধি বড় জানালার পাশে লোহার বেডে শুয়ে থাকলাম, পাশে প্রহরীর মতো দাঁড়ানো স্যালাইনের ব্যাগ। যেখানেই যাই আপদের মতো আমার সঙ্গে হাঁটতে থাকে। চার দিন পর সেলাই কেটে বাড়ি ফিরলাম, সেই দিন আবার দেখা হলো ডাক্তারের সঙ্গে। আমাকে বললেন, ‘ফিজিকস পড়বেন? ম্যাথস সঙ্গে থাকবে নিশ্চয়? ওখানে প্রফেসর সেলিনাকে আমার কথা বলবেন, একসঙ্গে পড়েছিলাম।’
যৌবন শুরুর সেই প্রথমে ডা. পুনব্রতর প্রতি হৃৎকম্পনের বেতাল অনুভূতি যে ছিল না, তা অস্বীকার করা লঘু পাপ হবে হয়তো। ওই মুহূর্তে জীবন-মৃত্যুর মধ্যে দাঁড়ানো আমাকে হ্যাঁচকা টানে ফিরিয়ে এনেছিলেন তিনি পৃথিবীতে। সেই জন্যই কিনা জানি না, নাকি ওই বয়সে ওটাই ছিল স্বাভাবিক?
মানুষের স্মৃতিগুলো এক অদ্ভুত জিনিস, মগজের ভাঁজে সুরক্ষিত থাকে নাকি মন নামক অদৃশ্য আলমারিতে সাজানো থাকে? আর সেই স্মৃতির ধারক এবং বাহকেরা গুরুদায়িত্ব পালন করে আমৃত্যু। নাকি স্মৃতিগুলোই তাদের কামড়ে ধরে থাকে জোঁকের মতো? কোনটি?