ফিলাডেলফিয়া ম্যারাথনে অংশ নিচ্ছে বেঙ্গল রানার্স ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত বেঙ্গল রানার্স ক্লাব বা বিআরসির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা
সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত বেঙ্গল রানার্স ক্লাব বা বিআরসির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা

বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে স্বাস্থ্যের প্রতি মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। উন্নত দেশগুলোর প্রতিটি শহরে জিমনেসিয়ামে উপচে পড়া ভিড়। জিমে যাওয়ার পাশাপাশি নানা ধরনের শরীর চর্চা করে থাকে মানুষ। নিঃসন্দেহে এই তালিকায় দৌড় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দৈহিক সুস্থতার পাশাপাশি বিষণ্নতা দূর করে মনো জগৎকে প্রফুল্ল রাখতে দৌড় বা শরীর চর্চার ভূমিকা অপরিসীম। তাই দৌড় নিয়ে আয়োজন করা হচ্ছে নানা ইভেন্টের। এ ক্ষেত্রে বাংলাদেশিরাও পিছিয়ে নেই। আমেরিকানদের সঙ্গে পাল্লা দিয়ে নানা দৌড় প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। দৌড়ের অভ্যাসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এখানে অনেকেই কাজ করছে। এর মধ্যে সাউথ জার্সির বেঙ্গল রানার্স ক্লাব অন্যতম।
স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে মূল লক্ষ্য করে দৌড়কে বাংলাদেশিদের ম্যধে জনপ্রিয় করার লক্ষ্যে উত্তর আমেরিকার সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিরা প্রতিষ্ঠা করেন বেঙ্গল রানার্স ক্লাব বা বিআরসি। পেশায় চিকিৎসক মশিউল চৌধুরী ও স্থানীয় বাংলাদেশিদের আগ্রহে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল রানার্স ক্লাব। মশিউল চৌধুরী বলেন, ‘প্রচলিত লাতিন প্রবাদ আছে, সুস্থ দেহে সুন্দর মনের বাস। বেঙ্গল রানার্স ক্লাব এই প্রবাদে বিশ্বাস করে। শরীর চর্চা, হাঁটা, দৌড়ের মাধ্যমে শারীরিক এবং মানসিক দুই ভাবেই ভালো থাকা যায়। আমাদের সেই ভালো থাকার চেষ্টা করাটা জরুরি।’
এই চিকিৎসক বলেন, মূলত ২০১৩ সালে বাংলাদেশে সাভারে তৈরি পোশাক কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের লক্ষ্যে সাউথ জার্সির কুপার নদীর পার্কে প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয় পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার। এই আয়োজনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পায় বিআরসি। সেই থেকে বিআরসি দৌড়ের পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
বিআরসি সদস্যরা প্রতি রোববার সকালে সাউথ জার্সির কুপার নদীর পার্কে মিলিত হয়। তাঁরা নির্মল প্রাকৃতিক পরিবেশে চার থেকে আট মাইল দৌড় বা হাঁটায় অংশ নেয়। এ ছাড়া বিআরসি প্রতি তিন মাস পর পর ফিলাডেলফিয়া শহরের দর্শনীয় স্থানগুলোতে আয়োজন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রানিং ইভেন্টের যাতে শিশুরাও অংশ নেয়। নিয়মিত দৌড়ের পাশাপাশি এই সংগঠনের সদস্যরা প্রতি বছর আমেরিকার শীর্ষস্থানীয় ‘ফিলাডেলফিয়া ম্যারাথন’-এ অংশ নেন। এতে শুধু আমেরিকানরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী অংশ নেন। বিআরসি মনে করে, এই অংশগ্রহণের মাধ্যমে আমেরিকানদের সঙ্গে মিশে আমরা নিজেদের মূলধারার সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে পারি।
মশিউল বলেন, এই ইভেন্টে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে সারা বছর ধরে দৌড়বিদদের নিয়মিত কঠোর অনুশীলন তাঁদের মানসিক শক্তিকে দৃঢ় করে। দীর্ঘ ২৬ দশমিক ২, ১৩ দশমকি ১ বা ৮ মাইল ট্র্যাকে থেকে ফিনিশ লাইনে পৌঁছানোর লক্ষ্যে স্থির থাকার অভ্যাস যেমন আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, তেমনি বাড়িয়ে দেয় সহিষ্ণুতা যা জীবনের অন্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। বেঙ্গল রানার্স ক্লাবের আরেকটি লক্ষ্য ম্যারাথনকে কেন্দ্র করে সেবামূলক কাজে সহায়তায় তহবিল সংগ্রহ করে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়া।
ক্লাবের প্রতিষ্ঠাতা জানান, ‘বেঙ্গল রানার্স ক্লাবের সদস্যরা দৌড়ে অংশগ্রহণের মধ্যমে জনহিতকর কাজে অর্থ সংগ্রহ করে। বেঙ্গল রানার্স ক্লাব ফিলাডেলফিয়া ম্যারাথনে অংশগ্রহণকে ঘিরে ২০১৩ সালে সাভারে পোশাক কর্মীদের, ২০১৪ সালে বাংলাদেশে একজন ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসা, ২০১৫ সালে আমেরিকান ক্যানসার সোসাইটি এবং ২০১৬ সালে অটিজম ফাউন্ডেশন বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহ করেছিল।
প্রতি বছরের মতো এবারও ১৮ নভেম্বরে অনুষ্ঠেয় ফিলাডেলফিয়া ম্যারাথনে ক্লাবটির ১২ জন সদস্য অংশ নিচ্ছেন। এর মধ্যে হাফ ম্যারাথন পর্বে ছয়জন ও আট কিলোমিটার দৌড়ে ছয়জন অংশ নেবে। এবার বিআরসি অর্থ সংগ্রহ করছে এমবি ৩ ফাউন্ডেশনের জন্য। সাউথ জার্সি ভিত্তিক এই অলাভজনক সংগঠন বাংলাদেশে শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রথমবারের মতো এবার বেঙ্গল রানার্স ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশি মেয়েরা ম্যারাথনে আট কিলোমিটার পর্বে অংশ নেবে। যে উদ্দেশ্য নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল, তা যেন একটু একটু করে সমাজে ছড়িয়ে পড়েছে, মেয়েদের অংশগ্রহণই তার বড় প্রমাণ। বেঙ্গল রানার্স ক্লাবের জন্য এটি একটি বড় মাইলফলক। আমেরিকার ভেতরে-বাইরে যে কেউ বিআরসির প্রতিনিধিত্ব করতে পারেন। যে কেউ ক্লাবের হয়ে যেকোনো ম্যারাথনে অংশ নিতে পারেন। যাঁরা প্রথমবারের মতো অংশ নিয়ে ফিনিশ লাইন ক্রস করে বিআরসি তাদের নিবন্ধন ফি স্পনসর করে।
বিআরসি মূলত ফেসবুক পেজের মাধ্যমে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। সেই সঙ্গে সবার মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী বাংলাদেশিদের দৌড়ের সাফল্যের গল্পও ছড়িয়ে দেয়, অন্যদের অনুপ্রাণিত করে। ফেসবুক সদস্যপদ সবার জন্য উন্মুক্ত। দীর্ঘ পাঁচ বছর অনেকটা নিভৃতে দৌড়ের মাধ্যমে বাংলাদেশিদের এগিয়ে নেওয়ার যে আন্দোলন তাঁরা পরিচালনা করছে তা সব বাংলাদেশির মধ্যে ছড়িয়ে পড়ুক, তাদের এই পথ চলা হয়ে উঠুক দীর্ঘ থেকে দীর্ঘতর, কোলাহলমুখর এবং উৎসাহব্যঞ্জক—এটাই হোক সবার কাম্য।