ফিলাডেলফিয়ায় তিন দিনব্যাপী মুনা সম্মেলন অনুষ্ঠিত

ফিলাডেলফিয়ায় মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ইসলাম দ্য ব্যালান্সড ওয়ে অব লাইফ’ স্লোগান নিয়ে আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে ৫ থেকে ৭ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুনার ১১তম এ সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকা থেকে ব্যাপকসংখ্যক বাংলাদেশি এ সম্মেলনে যোগ দেয়।
৫ জুলাই শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মুনা কনভেনশন শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত মুসলিম নারী-পুরুষের উপস্থিতিতে সম্মেলন এলাকা মিনি বাংলাদেশে পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শেখ নাদি কিশক। এরপর স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক আরমান চৌধুরী। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু এ নূরুজ্জামান, ওয়াহেদ হক, মোহাম্মদ আর করিম, আয়মান হামাস, জাহিদ বুখারী, সায়িদ এম সায়েদ, নিহাদ আওয়াদ ও সিনেটর শেখ রহমান।
প্রথম দিন আসরের নামাজের পর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ডা. সায়িদ রহমান চৌধুরী, দুনিয়া সুয়েব, ইমাম সিরাজ ওয়াহাজ ও ওস্তাদ ওয়াহাজ তারিন। বলরুমে অনুষ্ঠিত হয় ইয়ুথ সেশন। এতে বক্তব্য রাখেন আকিব আজাদ, শরীফ ফয়জুল্লাহ, আবু সামিহা সিরাজুল ইসলাম, ইমাম হাসান আকবর ও ফারহান আজিজ। মাগরিবের নামাজের পর ‘আল্লাহ আমার রব, এই রবই আমার সব’ শীর্ষক সেশনে বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ইমাম আব্দুর রহমান, মির্জা গালিব, আবুল বাশার ফয়জুল্লাহ, আবুল কালাম আজাদ বাশার, শাইখ আব্দুল কাইয়্যুম ও ইমাম আবু জাফর বেগ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী সাইফুল্লাহ মানসুরের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।
তিন দিনের এ সম্মেলনের নানা কর্মকাণ্ডের মধ্যে ছিল বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার, ইয়ুথ প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এসব আলোচনায় আমেরিকা ছাড়াও বিদেশি ইসলামি চিন্তাবিদেরা অংশ নেন। সম্মেলনের দ্বিতীয় দিন বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সম্মেলনের মূল মঞ্চে ‘ইসলাম: ফ্যামিলি ভ্যালুজ অ্যান্ড রেসপনসিবল প্যারেন্টিং’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এ দিনের কর্মকাণ্ড শুরু হয়। আলোচনায় অংশ নেন ইমাম আসিফ হিরানী, সুজি ইসমাইল, মামুন আল আজমী ও ফারহান আজিজ। একই সময়ে কনভেনশন সেন্টারের বলরুমে অনুষ্ঠিত ইয়ুথ সেশনে বক্তব্য রাখেন মশিউর রহমান, হাফেজ জাকির আহমেদ, ওস্তাদ ওয়াহাজ তারিন ও ইমাম সিরাজ ওয়াহাজ। ‘ভারসাম্যপূর্ণ মানবীয় জীবন: হাদিসের আলোকে’ শীর্ষক সেমিনারে অংশ নেন হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, অধ্যাপক নজরুল ইসলাম, রুহুল আমিন ও শাইখ আব্দুল কাইয়্যুম। ‘চিরদিন মোরা সব মানুষেরে আল্লাহর পথে ডাকব’ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন আহমেদ আবু ওবায়দা, হামিদ হোসাইন আযাদ, আবুল কালাম অযাদ বাশার ও শাইখ আব্দুল কাইয়্যুম। ‘মুসলিম উম্মাহ-এ জাস্টলি ব্যালান্সড নেশন’ শীর্ষক আলোচনায় অংশ নেন ইমাম হাসান আকবর, ইমাম জাহিদ শাকির, দুনিয়া শোয়েব ও আলতাফ হোসাইন। প্যানেল ডিসকাশন পর্বে অংশ নেন ওসামা জামাল, স্টিফেন দোয়ন্স, জাহিদ বুখারী ও ক্যাথি ম্যানলি।
দ্বিতীয় দিন আড়াইটার দিকে মূল মঞ্চে প্রধান আলোচনায় অংশ নেন ইমাম আজাদ জামান, ইমাম আসিফ হিরানী, সুলেইমান হানী ও জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান। একই সময়ে অনুষ্ঠিত ইয়ুথ ব্রাদার্স সেশনে অংশ নেন তামজিদুল ইসলাম, মাজেদ মাহমুদ ও ইমাম শোয়েব ওয়েব। পাশাপাশি বলরুমে অনুষ্ঠিত ইয়ুথ সিস্টার্স সেশনে আলোচনা করেন রোকেয়া রহমান রিনা, সুজি ইসমাইল ও দুনিয়া শোয়েব। আরেক কক্ষে অনুষ্ঠিত হয় কোরআন কমপিটিশন-২০১৯।
বিকেলে মূল মঞ্চে আয়োজিত ‘হু ডু ইউ লাভ মোর?’ শীর্ষক আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. নকিবুর রহমান, মাজেদ মাহমুদ, সুলেইমান হানী ও ওস্তাদ ওয়াহাজ তারিন। বলরুমে অনুষ্ঠিত হয় ‘ব্যালেন্সিং ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ’ শীর্ষক ইয়ুথ সেশন। একই সময়ে অন্য একটি কক্ষে অনুষ্ঠিত হয় ‘ফ্যামিলি অ্যান্ড মেন্টাল হেলথ’ শীর্ষক ওয়ার্কশপ। ছিল ‘পরকালীন সাফল্যের গুণাবলি’ শীর্ষক আলোচনা। এই পর্বের শুরুতে ইসলামি সংগীত পরিবেশন করেন আনিসুর রহমান। আসরের নামাজের পর মূল মঞ্চে অনুষ্ঠিত মূল আলোচনায় বক্তব্য রাখেন ইমাম সুয়েব ওয়েব, ইমাম সিরাজ ওয়াহাজ, ইমাম দেলোয়ার হোসাইন, ইমাম জাইদ শাকির ও ইমাম ওমর সুলাইমান। এ দিনের অন্য কর্মকাণ্ডের মধ্যে ছিল ‘প্যারালাল সেশন ফর মস্ক’, ‘প্যারালাল অ্যারাবিক সেশন’, ‘ইয়ুথ ডিবেট কমপিটিশন’ ও শিশু-কিশোরদের বিশেষ অনুষ্ঠান। এ দিন মুনার তহবিল সংগ্রহ করা হয়। দিনের কর্মসূচি শেষে মুনা ও এর সম্মেলন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তৃতীয় ও শেষ দিনের কর্মসূচির মধ্যে ছিল বিষয়ভিত্তিক আলোচনা, ইয়ুথ সেশন ও সমাপনী অনুষ্ঠান। শেষ দিনের আলোচনা শেষে বেলা সাড়ে ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারহান আজিজ, আবুল বাসার ফাইজুল্লাহসহ শীর্ষ নেতৃবৃন্দ।