ফিলাডেলফিয়ায় প্রভাব বাড়ছে বাংলাদেশিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিনা আহমেদ ও মোহাম্মদ হারিস

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশি মার্কিনের বসবাস নিউইয়র্কে। তবে নিউইয়র্ক নয়, বাংলাদেশি মার্কিনদের অহংকারের নগর হয়ে উঠছে পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান ঘটছে যোগ্যতার সঙ্গে। গত কয়েক বছরে বাংলাদেশি মার্কিনরা প্রভাবশালী জনগোষ্ঠী হয়ে উঠছেন সেখানে।

নিউইয়র্ক থেকে গাড়িতে তিন ঘণ্টার ড্রাইভিং দূরত্বের নগরে বাংলাদেশিদের আবাস উল্লেখযোগ্য হারে বেড়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এই নগরের রাজনীতিতে বাংলাদেশিরা এরই মধ্যেই উল্লেখযোগ্য হয়ে উঠেছেন। পরিস্থিতি এখন এমন, বাংলাদেশি কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ালেও জয় পাচ্ছেন। যোগ্যতার সঙ্গেই তাঁরা এগিয়ে যাচ্ছেন।

সর্বশেষ পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ নির্বাচিত হয়েছেন। মূল নির্বাচনে জয়ী হলে ২৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজ্য পর্যায়ের একটি সম্মানজনক পদে নির্বাচিত হবেন।

ফিলাডেলফিয়ার স্থানীয় গণমাধ্যম এনকোয়ারার জানিয়েছে, গত জুনে নিনা যখন প্রার্থী হিসেবে নির্বাচিত হন, তখন তার বিপক্ষে অবস্থান নিয়েও দমানো যায়নি। বাংলাদেশি অভিবাসীরা কীভাবে ফিলাডেলফিয়ার রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন, প্রতিবেদনটিতে তার বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে মোহাম্মদ হারিসের কথা বলা হয়েছে।

২০১৮ সালে হারিস ডেমোক্রেটিক পার্টি পজিশনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েও অনুমতি পাননি। সিক্সথ ওয়ার্ডের ডেমোক্রেটিক লিডার পিট উইলসন তাঁকে বলেন, তাঁর আসনে যে নারী আছেন, তিনি ভালোই করছেন। উইলসনের ভাষায়, হারিস বাংলাদেশি কমিউনিটির হওয়ায় ভরসা রাখার মতো প্রার্থী নন! হারিস এরপর একাই জিতে আসেন।

সেই সময়ের কথা স্মরণ করে হারিস বলেন, ‘মানুষ অবাক হয়েছিল।’ ওই বছর হারিসের পাশাপাশি কমিউনিটিতে আরও তিনজন বাংলাদেশি জয় পান। এখন তারা প্রবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন।

ফিলাডেলফিয়া এমন একটি নগর যেখানে ‘বাইরের’ বিদ্রোহীরা প্রায়ই প্রতিষ্ঠিতদের হারিয়ে দেন। ফিলাডেলফিয়া এনকোয়ারার বলছে, এই ধারাবাহিকতা বাংলাদেশিরা রীতিমতো অন্য উচ্চতায় নিয়ে গেছে।

১৯৮৬ সালের দিকে চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রে আসা হারিস রাজনীতিতে নামেন স্বদেশিদের কথা ভেবে। স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা এই প্রবাসী এখনো নিজের অতীতকে ভুলতে পারেন না।

২০১৮ সালের জরিপ অনুযায়ী, ফিলাডেলফিয়ায় মাত্র ১ হাজার ৭৩৫ জন বাংলাদেশি বসবাস করতেন। প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়। এই নগর ও আশপাশে মোট জনসংখ্যা ১৫ লাখের বেশি। সংখ্যায় কম হয়েও স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিরা যেভাবে প্রভাব বিস্তার করছেন, তা দেখে প্রতিষ্ঠিতরা বলছেন, ‘বাংলাদেশিদের নিয়ে আরও ভাবতে হবে।’

‘পুরোনো ও ক্ষয়ে যাওয়া অবকাঠামো কাজ না করলে, আমাদের সময়ের সঙ্গে নতুন কিছু ভাবতে হবে’—মন্তব্য করে ফিলাডেলফিয়ার অভিবাসী রাজনৈতিক সমর্থন কর্মকমিটির চেয়ারম্যান সিওভেন লিয়নস। তিনি বলছেন, ‘অভিবাসীদের গুরুত্ব না দিলে সামনে এমন আরও পরিবর্তন আমরা দেখতে পাব।’