ফিলাডেলফিয়ায় বাংলাদেশ প্যারেড ও মেলা

ফিলাডেলফিয়া আপার ডারবিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ প্যারেড ও মেলা ২০১৯। প্রতি বছরের মতো বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভানিয়ার আয়োজনে ৮ সেপ্টেম্বর পালিত হয় জমজমাট এই উৎসব। উৎসবে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি উপস্থিত ছিল।
দুপুর দেড়টায় মেলবোর্ন খামার বাড়ি গ্রোসারির পার্কিং লট থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শনার্থীদের বিমোহিত করে। শোভাযাত্রায় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা দর্শনার্থীরা হর্ষধ্বনি তোলে, তারা আমেরিকার জাতীয় পতাকা উড়িয়ে উৎসাহ দেয়। শোভাযাত্রাটি এক মাইল পথ পেরিয়ে শেষ হয় ৬৯ স্ট্রিট প্লে গ্রাউন্ড মেলা প্রাঙ্গণে।
শোভাযাত্রায় অংশ নেন—চিফ মার্শাল মেয়র থমাস মিকোজ্জি, মার্শাল ডা. ইব্রুল চৌধুরী, প্রধান অতিথি শাহ নেওয়াজ, বিশেষ অতিথি অ্যাটর্নি আলি গাবি, আলি ইমাম, কাজী আজম, নিশান রাহিম, রানো নেওয়াজ, খাদিজা চৌধুরী, নিনা আহমদ প্রমুখ। সংগঠনের সদস্যদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি এ বি এম বাহাউদ্দিন আলতামাস।
হায়দার আলীর কোরআন তিলাওয়াত ও অন্যান্য ধর্মীয় বাণী পাঠের মাধ্যমের অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ ফিলাডেলফিয়াতে বসবাসরত প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন দেখে মুগ্ধ হন। এ সময় তিনি এলাকাবাসী ও সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টেলিভিশন উপস্থাপক নাজমুল আহছান বুলবুল।
মেলায় সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এস আই টুটুল ও কনকচাঁপা সংগীত পরিবেশন করেন। এ ছাড়া প্রবাসী শিল্পীদের মধ্যে ছিলেন রানো নেওয়াজ, শাহ মাহবুব, সাবরিনা, নীলা, মনসুর চৌধুরী, নাদিরা মজুমদার, কাজল, শীলা, নিঝুম, কথা, জলি, স্বপন দাশ প্রমুখ।